
পোষা প্রাণীদের দেশের বাইরে নিতে ‘পেট পাসপোর্ট’ বা ভেটেরিনারি চিকিৎসকের দেওয়া স্বাস্থ্য সনদ নেওয়ার নিয়ম আগে থেকেই রয়েছে। এবার এক অদ্ভুত নিয়ম প্রণয়ন করতে যাচ্ছে ইতালির উত্তরাঞ্চলের শহর বোলজানো। ২০২৬ সাল থেকে কুকুরের জন্যও ভ্রমণ কর দিতে হবে। এমন সিদ্ধান্ত ইতিমধ্যে বিতর্কের জন্ম দিয়েছে।
কুকুরের জন্য দৈনিক ভ্রমণ কর
পর্যটকেরা যদি কুকুর নিয়ে বোলজানোতে যান, তাহলে প্রতিদিন প্রতি কুকুরের জন্য ১ দশমিক ৫০ ইউরো কর দিতে হবে। শুধু পর্যটকই নন, স্থানীয় বাসিন্দাদের জন্যও নতুন কর চালু হচ্ছে। প্রতি কুকুরের জন্য স্থানীয় বাসিন্দাদের বছরে ১০০ ইউরো কর দিতে হবে। স্থানীয় প্রশাসনের দাবি, এই অর্থ দিয়ে শহরের রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যাবে এবং কুকুর ও তাদের মালিকদের জন্য বিশেষ পার্ক তৈরি করা সম্ভব হবে।

ডিএনএ রেজিস্ট্রেশনের নিয়ম
বোলজানো এর আগে কুকুরের মালিকদের জন্য একটি বিতর্কিত নিয়ম চালু করেছিল। সে নিয়মে কুকুরের ডিএনএ রেজিস্ট্রি করা ছিল বাধ্যতামূলক। বলা হয়েছিল, তাতে রাস্তার কোথাও যদি কুকুরের মল পড়ে থাকে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে তা শনাক্ত করা হবে। এভাবে দায়িত্বহীন মালিককে জরিমানা করা হবে। বর্তমানে এমন অপরাধে জরিমানা সর্বোচ্চ ৬০০ ইউরো পর্যন্ত। যেসব মালিক ইতিমধ্যে কুকুরের ডিএনএ রেজিস্ট্রেশন করেছেন, তাঁরা নতুন কর থেকে দুই বছরের জন্য ছাড় পাবেন।
কেন এ পদক্ষেপ
বোলজানো ডলোমাইট পর্বতমালার প্রবেশদ্বার হিসেবে পরিচিত জনপ্রিয় পর্যটন শহর। পর্যটকের ভিড়ে বছর বছর শহরের পরিবেশ ও অবকাঠামোর ওপর চাপ বাড়ছে। স্থানীয় প্রশাসকেরা মনে করছে, রাস্তাঘাট পরিষ্কার রাখা এবং পর্যটক ও বাসিন্দাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতে কুকুরের মালিকদের কাছ থেকে বাড়তি অর্থ নেওয়া ন্যায্য। প্রাদেশিক কাউন্সিলর লুইস ওয়ালখার এ প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি বলেন, এটিই হতে পারে সঠিক ব্যবস্থা। কারণ, রাস্তায় কুকুরের বর্জ্যই একমাত্র বড় সমস্যা। পুরো শহরের বাসিন্দাদের অর্থ দিয়ে কেন রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে? এর দায়ভার শুধু কুকুরের মালিকদেরই। তাই এই কর শুধু তাঁদেরই দিতে হবে।
তীব্র সমালোচনা
তবে সবাই এ সিদ্ধান্তে খুশি নয়। ইতালির প্রাণী সুরক্ষা সংগঠন ইএনপিএর সভাপতি কার্লা রোচি এটিকে একেবারেই অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, কুকুরের মালিকদের ওপর বাড়তি কর চাপানো আসলে সমস্যার সমাধান নয়। এতে পর্যটকদের আরও নিরুৎসাহিত করা হচ্ছে। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত ঠিক হচ্ছে না। কুকুরের ওপর কর বসানো মানে পশুকে করদাতা বানানোর মতো হাস্যকর পদক্ষেপ। প্রাণী পোষা কোনো বিলাসিতা নয়, তারাও পরিবারের অংশ। এ ধরনের নিয়ম মানুষকে পোষা প্রাণী নিয়ে ভ্রমণ থেকে নিরুৎসাহিত করবে। এমনকি প্রাণী পোষা কমে যাওয়ার ঝুঁকিও বাড়াবে।
ইএনপিএর মতে, ডিএনএ প্রকল্প প্রায় ব্যর্থ হওয়ার পরেও প্রশাসন সচেতনতা ও নাগরিক শিক্ষার বদলে আবারও অদ্ভুত পদক্ষেপ নিয়েছে।
ওভার ট্যুরিজম ও প্রাণীর কর
বিশ্বজুড়ে পর্যটন শহরগুলোয় ওভার ট্যুরিজম বড় সমস্যা হয়ে উঠেছে। অনেক জায়গায় এখন পর্যটকদের আলাদা ট্যাক্স দিতে হয়, যাতে শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবকাঠামো রক্ষা করা যায়। তবে কুকুরের ওপর কর ধার্য করা নতুন এক নজির। এটি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক উসকে দিয়েছে। সমালোচকদের মতে, পর্যটননির্ভর শহরে এ ধরনের নিয়ম একদিকে পরিবারবান্ধব ভ্রমণের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে, অন্যদিকে পশুপাখিকে অতিরিক্ত বোঝা হিসেবে তুলে ধরবে।
বোলজানো শহরের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ইউরোপে এক নতুন নজির তৈরি করেছে। স্থানীয় প্রশাসন মনে করছে, বাড়তি কর শহর পরিষ্কার রাখার খরচ সামলাবে এবং পর্যটকদের জন্য অবকাঠামো উন্নত করবে। কিন্তু সমালোচকদের মতে, এটি মূল সমস্যার সমাধান নয়। এ কর প্রাণীপ্রেমী পরিবার ও পর্যটকদের জন্য অযথা বোঝা হয়ে দাঁড়াবে। এমনকি এতে প্রাণী পরিত্যাগের মতো ভয়ংকর প্রবণতাও বাড়তে পারে। এখন দেখার বিষয়, আসলেই এই কর শহর পরিচ্ছন্ন রাখবে, নাকি শুধু বিতর্ক আর অসন্তোষই বাড়াবে।
সূত্র: সিএনএন

একটা সুন্দর সকালের ওপর নির্ভর করছে আপনার সারা দিনের কর্মক্ষমতা আর মেজাজ। তাই সকালটা শুরু হওয়া উচিত একেবারে ধীর গতিতে, কোনো তাড়াহুড়া না করে ঠান্ডা ভাবে। এ জন্য সকালে কিছু নির্দিষ্ট কাজ করা জরুরি। আর কিছু কাজ কোনো ভাবেই সকালে করা ঠিক নয়। এই পরিবর্তনগুলো শুরু করতে পারেন পূজার ছুটি থেকে। এতে বদলগুলো...
১৩ ঘণ্টা আগে
গরদ শাড়ি হলো হাতে বোনা ঐতিহ্যবাহী ও খাঁটি সিল্ক বা রেশমের শাড়ি। ‘গরদ’ শব্দটির অর্থ হলো সাদা বা খাঁটি। এর জমিন সম্পূর্ণ সাদা বা অফ-হোয়াইট রঙের হয়ে থাকে এবং পাড় ও আঁচল তুলনামূলক সাধারণ হয়। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী হলেও গরদের শাড়ি এ দেশেও পরার চল আছে। উৎসব শেষে সঠিক নিয়মে সংরক্ষণ করলে গরদের...
১৬ ঘণ্টা আগে
পোশাকের সৌন্দর্য অনেকটা নির্ভর করে তার নকশার ওপর; বিশেষ করে গলার নকশা মুখ, ঘাড় ও কাঁধের সৌন্দর্যকে আলাদা করে ফুটিয়ে তোলে। তাই পছন্দের পোশাক পরলেই সাজ সম্পূর্ণ হয় না, তার সঙ্গে মানানসই গয়না বেছে নেওয়া বেশ জরুরি। একই হার এক পোশাকে যতটা আকর্ষণীয় দেখায়, অন্য পোশাকে সেটি হয়তো ততটা মানানসই না-ও হতে...
১৯ ঘণ্টা আগে
পর্যটকদের পকেট কাটা হচ্ছে ইতালিতে! শুনে অবাক না হয়ে পারা যায় না। কিন্তু স্থানীয় অধিবাসীরাই বলছেন, বিষয়টি সত্য। খাবার সব সময় শুধু পেট ভরানোর বিষয় নয়। এটি মানুষের স্বাদস্মৃতির বাহন। এটি মনের গহিনে জমে থাকা এক চিরন্তন নস্টালজিয়া ও না-মেটা আক্ষেপ। মানুষের এই সর্বজনীন নস্টালজিয়া ও আবেগকে পুঁজি করে...
২১ ঘণ্টা আগে