Ajker Patrika

পাওয়ার ন্যাপ: দুপুরের ছোট্ট এক ঘুমে মিলবে দুর্দান্ত শক্তি

ফিচার ডেস্ক
পাওয়ার ন্যাপ: দুপুরের ছোট্ট এক ঘুমে মিলবে দুর্দান্ত শক্তি
বেলা ১টা থেকে ৩টা বা ৪টার মধ্যে পাওয়ার ন্যাপ নেওয়া সবচেয়ে ভালো। ছবি: পেক্সেলস

দুপুরের খাবারের পরপরই চোখের পাতা ভারী হয়ে আসে; যাকে আমরা বলি ভাতঘুম। এই সময় ক্লান্তি লাগা বেশ স্বাভাবিক বিষয়। অনেকে মনে করেন, কর্মব্যস্ত দিনের মাঝে একটু ঘুমিয়ে নিলে রাতের ঘুম নষ্ট হবে কিংবা আলসেমি আঁকড়ে ধরবে। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে একদম ভিন্নকথা। কাজের ফাঁকে বা দুপুরে অল্প সময়ের জন্য চোখ বুজে নেওয়া বা পাওয়ার ন্যাপ অলসতা নয়। এটি শরীর ও মস্তিষ্ক নিমেষে রিচার্জ বা চাঙা করে তোলার এক বৈজ্ঞানিক উপায়। স্পেনের ঐতিহ্যবাহী ‘সিয়েস্তা’ বা জাপানের অফিস সংস্কৃতির ‘হিরুনে’—সবখানেই এই দুপুরের ঘুমের প্রচলন রয়েছে। এমনকি টেক জায়ান্ট গুগল, স্যামসাং ও ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলোও কর্মীদের কাজের ফাঁকে একটু ঘুমিয়ে নেওয়ার জন্য বিশেষ ন্যাপ পডের ব্যবস্থা রেখেছে।

কেন নেবেন পাওয়ার ন্যাপ

স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্কদের জন্য দিনে ঘুমানো বাধ্যতামূলক না হলেও দৈনন্দিন কাজের ক্লান্তি কাটাতে এটি দুর্দান্ত কাজ করে। এটি শুধু দুপুরের পর শরীরের স্বাভাবিক শক্তির ঘাটতি পূরণ করে না, বরং মেজাজ ভালো রাখে। এমনকি কাজের মনোযোগ ও কর্মক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। যাঁরা রাতে পড়াশোনা বা কাজের কারণে কম ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা আগে থেকে পাওয়ার ন্যাপ নিয়ে শরীর প্রস্তুত রাখতে পারেন। তবে মনে রাখবেন, পাওয়ার ন্যাপ রাতের স্বাভাবিক আট ঘণ্টার ঘুমের বিকল্প নয়। রাতের ঘুম ঠিক রেখে দুপুরে ২০ মিনিটের একটি পাওয়ার ন্যাপ আপনাকে সারা দিন রাখবে প্রাণবন্ত, চাঙা ও কর্মক্ষম।

পাওয়ার ন্যাপের উপকারিতা

স্মৃতিশক্তি ও শেখার দক্ষতা বৃদ্ধি: দুপুরের অল্প ঘুম নতুন শেখা তথ্য বা তথ্যসূত্রগুলো মস্তিষ্কে স্থায়ীভাবে ধরে রাখতে সাহায্য করে। এটি মোটর স্কিল, শুনতে পাওয়ার ক্ষমতা ও ভাষার দক্ষতা হারিয়ে যাওয়া থেকে রক্ষা করে।

মস্তিষ্কের সুরক্ষা ও আয়ু বৃদ্ধি: গবেষণায় দেখা গেছে, যাঁরা সপ্তাহে একাধিকবার নিয়মিত দিনে সংক্ষিপ্ত ঘুম দেন, তাঁদের মস্তিষ্কের আয়তন অন্যদের তুলনায় বেশি থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক সংকুচিত হওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া থাকে, তা ধীর হয়ে যায়। নিয়মিত পাওয়ার ন্যাপের অভ্যাস মস্তিষ্কের বয়স ৩ থেকে ৬ বছর পর্যন্ত কমিয়ে দিতে পারে।

হৃদ্‌যন্ত্রের যত্ন ও মানসিক চাপ মুক্তি: দুপুরের একটু বিশ্রাম বা ঘুম শরীরে মানসিক চাপের হরমোন কমায়। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা হৃদ্‌যন্ত্রের সুস্থতার জন্য বেশ ভালো।

নতুন চিন্তার বিকাশ ও কাজের গতি: একটানা একই কাজ করলে দুপুরের দিকে কাজের দক্ষতা কমতে থাকে। একটি ছোট পাওয়ার ন্যাপ আপনার কাজের ধারাবাহিকতা ফিরিয়ে আনবে। এমনকি আরইএম পর্যায়ের ঘুম মস্তিষ্কের সৃজনশীল অংশকে সক্রিয় করে নতুন নতুন আইডিয়া খুঁজে পেতে সাহায্য করে।

ক্যাফেইনের চেয়ে কার্যকর: ক্লান্তিতে কফির কাপে চুমুক দেওয়ার চেয়ে পাওয়ার ন্যাপ নেওয়া বেশি কার্যকর। এটি কফির চেয়ে ভালোভাবে স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা বাড়ায়।

একটানা একই কাজ করলে দুপুরের দিকে কাজের দক্ষতা কমতে থাকে। একটি ছোট পাওয়ার ন্যাপ আপনার কাজের ধারাবাহিকতা ফিরিয়ে আনে। ছবি: পেক্সেলস
একটানা একই কাজ করলে দুপুরের দিকে কাজের দক্ষতা কমতে থাকে। একটি ছোট পাওয়ার ন্যাপ আপনার কাজের ধারাবাহিকতা ফিরিয়ে আনে। ছবি: পেক্সেলস

পাওয়ার ন্যাপ কতক্ষণ হওয়া উচিত

পাওয়ার ন্যাপের মূল রহস্য লুকিয়ে আছে এর সময়সীমার ওপর। আদর্শ সময় হলো ১৫ থেকে ২০ মিনিট। এই স্বল্প সময়ের বিশ্রামে শরীর গভীর ঘুমে তলিয়ে যায় না, ফলে ঘুম ভাঙার পর কোনো ঝিমুনিভাব থাকে না এবং শরীর তৎক্ষণাৎ সতেজ হয়ে ওঠে। তবে ৪৫ মিনিটের মতো মাঝারি দৈর্ঘ্যের ঘুম এড়িয়ে চলাই ভালো। কারণ, এই সময়ে শরীর গভীর ঘুমে চলে যায়, আর তখন হঠাৎ ঘুম ভাঙলে মাথা ভারী লাগা ও ঝিমুনিভাব তৈরি হতে পারে, যাকে স্লিপ ইনার্শিয়া বলা হয়। আপনার হাতে সময় বেশি থাকলে এবং খুব ক্লান্ত থাকলে ৬০ থেকে ৯০ মিনিটের দীর্ঘ ন্যাপ নিতে পারেন। এটি শরীরকে পুরো একটি ঘুমচক্র সম্পন্ন করতে সাহায্য করে।

কখন এবং কীভাবে নেবেন

- বেলা ১টা থেকে ৩টা বা ৪টার মধ্যে পাওয়ার ন্যাপ নেওয়া সবচেয়ে ভালো। বিকেল ৪টার পর বা সন্ধ্যার কাছাকাছি সময়ে ঘুমালে রাতের ঘুমে ব্যাঘাত ঘটতে পারে।

- ন্যাপ নেওয়ার জন্য একটি শান্ত, ঠান্ডা ও অন্ধকার জায়গা বেছে নিন। প্রয়োজনে চোখে মাস্ক বা কানে এয়ারপ্লাগ ব্যবহার করতে পারেন।

- ঘুম যাতে ২০ মিনিটের বেশি না হয়, তাই অবশ্যই অ্যালার্ম দিয়ে রাখুন।

- ন্যাপ নেওয়ার ঠিক আগে সামান্য ক্যাফেইন পান করে নিতে পারেন। যেহেতু ক্যাফেইন শরীরে কাজ শুরু করতে কিছুটা সময় নেয়, তাই ২০ মিনিট পর যখন আপনার ঘুম ভাঙবে, তখন ক্যাফেইনের প্রভাবে আপনি দ্বিগুণ চাঙা অনুভব করবেন।

সূত্র: বিবিসি, স্লিপ ফাউন্ডেশন, ওয়েবমেড

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত