সাবেকি ধাঁচে শাড়ি পরে উৎসবের দিনগুলোয় যেভাবে সেজেছিলেন স্বস্তিকা মুখার্জি

তাঁকে বলা হয় ‘বিউটি উইদ ব্রেইন’। বলা হচ্ছে, ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের জনপ্রিয় নাম স্বস্তিকা মুখার্জির কথা। বয়স বাড়লেও যেন রূপের ঝলকানির কমতি নেই এতটুকু। কঠিন ব্যক্তিত্বের অধিকারী এই সেলিব্রিটির অসাধারণ সব লুক দেখার জন্য বরাবরই ভক্তরা ইনস্টাগ্রামে স্ক্রল করে যান। মেকআপসহ বা মেকআপ ছাড়া; সব সময়ই যেন লাস্যময়ী এ তারকা। একেবারে মিনিমাল মেকআপে থাকতেই ভালোবাসেন স্বস্তিকা। তাঁর ভাষ্য়, ‘তুমি যদি ব্যাগে লিপস্টিক ও আইলাইনার রাখতে ভুলে যাও, তাতে ক্ষতি নেই। তবে মেকআপ ছাড়াই থেকো, নিজের ত্বক নিয়েই তো সুন্দর অনুভব করা যায়।’ চলতি বছর দুর্গাপূজায় একবারে সাবেকি সাজে সবাইকে মুগ্ধ করেছেন পশ্চিমবঙ্গের এই তারকা। সাবেকি ধাঁচে পরা শাড়ি ও ম্যাচিং জুয়েলারিতে যেন তাঁকে মনে হচ্ছিল, পাশের বাড়ির ছাদে রোজ দেখতে পাওয়া মেয়েটির মতো। দেখতে চান তাঁর সাজগুলো কেমন ছিল? দেখে নিন ঝটপট–

অষ্টমীতে স্বস্তিকা মুখার্জি পরেছিলেন রক্তজবা রঙের শাড়ি। শাড়িতে রোজগোল্ড সুতো দিয়ে এমব্রয়েডারি করা ছিল। এর সঙ্গে ছিল ম্যাচিং ডিজাইনার ব্লাউজ। কপালে লাল টিপ, স্মোকি আই মেকআপ ও নাকে নথসহ স্বস্তিকা নিজেই যেন হয়ে নিয়েছিলেন দুর্গার আরেক রূপ।

সোনালি রঙের শাড়ির সঙ্গে বেগুনিরঙা ব্লাউজ। শাড়ির পাইপিংয়েও বেগুনি রঙের উপস্থিতি রয়েছে। নাকে মারাঠি নথ ও চুলে ফুলের মালা। এভাবেই তিনি তৈরি হয়েছিলেন নবমীর মণ্ডপ হুপিংয়ে। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে লিখেছিলেন, ‘গোল্ড প্রিন্টের শাড়ি পরে গড়িয়াহাটের মোড়ে আসতে পারি ঠিক সন্ধ্যা ৬টায়।’ নবমীতে যে লাল রঙের পোশাক পরতে নেই—সে কথাও তিনি এই পোস্টে উল্লেখ করেন। সঙ্গে জুড়ে দেন কোন রঙের পোশাকগুলো ট্রেন্ডে রয়েছে। সেগুলো হলো–সোনালি, বেগুনি, আইভরি ও রুবি।

ষষ্ঠীতে স্বস্তিকা পরেছিলেন সাবেকি ধাঁচে পরা রানি গোলাপি রঙের শাড়ির সঙ্গে নীল কনট্রাস্ট ব্লাউজ। কপালে ব্লাউজের রঙের সঙ্গে মিলিয়ে নীল টিপ পরেছিলেন। পুরো মুখ ছেয়ে ছিল গোলাপি আভায়। টাইমলাইন স্ক্রল করে দেখতেই কতজনের মুখে ‘আরে বাহ্!’ ধ্বনি ফুটেছে তার হিসেব নেই—এ জানা কথা। এটাই তাঁর পূজার প্রথম সাজ। সবাইকে শুভচ্ছা জানিয়ে ছবিটি পোস্ট করেছিলেন তিনি।









