ছুটিতে বেড়াতে গেলে আমরা পরিচিত দর্শনীয় স্থানগুলোকেই প্রথম সারিতে রাখি। কখনো কি ভেবেছেন এমন কোনো জায়গায় যাওয়ার কথা, যা বৈজ্ঞানিকভাবেই মন ভালো রাখতে বা খুশির অনুভূতি বাড়াতে সাহায্য করে? ঠিক এই ভাবনা থেকেই বুকরিট্রিটস ডট কম প্রকাশ করেছে নতুন হলিডে হ্যাপিনেস ইনডেক্স। শরীরের ‘ফিল-গুড’ হরমোনের সঙ্গে যুক্ত পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ৪৭টি গন্তব্য বিশ্লেষণ করা হয়েছে। এখানে প্রতিটি সূচককে সমান গুরুত্ব দিয়ে ১০০-এর মধ্যে নম্বর দেওয়া হয়েছে।
সূচকগুলো হলো, সূর্যালোক, ঘুমের মান, স্বাস্থ্যকর খাবার, প্রকৃতিতে সময় কাটানো এবং হাঁটার উপযোগিতা। এই মানদণ্ডে বিশ্বের সবচেয়ে সুখী ছুটির গন্তব্য হিসেবে শীর্ষে উঠে এসেছে পর্তুগালের রাজধানী লিসবন। এবার মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন লিসবন সবার আগে? সূচকের শহরগুলোর মধ্যে স্বাস্থ্যকর খাবারের রেস্তোরাঁর অনুপাতে লিসবন দ্বিতীয় অবস্থানে। সেখানে প্রায় ১০ শতাংশ রেস্তোরাঁ স্বাস্থ্যকর হিসেবে শ্রেণিবদ্ধ। এগুলো প্যারিস, টোকিও ও নিউইয়র্কের মতো পরিচিত ফুড ক্যাপিটালকেও পেছনে ফেলেছে। পাহাড়ি ভূপ্রকৃতি সত্ত্বেও শহরটি বেশ হাঁটার উপযোগী। প্রাসা দো কোমের্সিও থেকে বেলেম টাওয়ারের মতো প্রধান দর্শনীয় স্থানগুলোর বেশির ভাগই হেঁটে কয়েক ঘণ্টার দূরত্বে অবস্থিত। এর সঙ্গে যোগ হয়েছে মাথাপিছু ৪৯ বর্গমিটার সবুজ এলাকা (মাদ্রিদের তুলনায় প্রায় চার গুণ), কোস্তা দা কাপারিকা ও ক্যাসকাইস সমুদ্রসৈকতের সহজ নাগাল এবং বছরে প্রায় ২ হাজার ৮২৮ ঘণ্টা সূর্যালোক।
শীর্ষ পাঁচে লিসবনের পরেই রয়েছে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। টানা আট বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের তকমা পাওয়া এই শহর সবুজ এলাকা ও কম শব্দদূষণে দারুণ শক্তিশালী। তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে রয়েছে মাথাপিছু সবচেয়ে বেশি সবুজ এলাকা এবং বছরে প্রায় ২ হাজার ৯৩০ ঘণ্টা সূর্যালোক। গ্রিসের রাজধানী এথেন্স আছে চতুর্থ স্থানে। তার কারণ সবচেয়ে বেশি হাঁটার উপযোগী শহর এবং স্বাস্থ্যকর রেস্তোরাঁর অনুপাতে যৌথভাবে শীর্ষে আছে এই শহর। আর পঞ্চম স্থানে থাকা স্কটল্যান্ডের এডিনবরা পার্ক, ঘুমের মান ও হাঁটার সুবিধার কারণে সেরা দশে জায়গা করে নেওয়া যুক্তরাজ্যের একমাত্র শহর। সেরা দশের বাকি পাঁচটি গন্তব্য হলো যথাক্রমে মাদ্রিদ, ভিয়েনা, বুদাপেস্ট, অসলো ও ভিলনিয়াস। সব মিলিয়ে, ছুটির পরিকল্পনায় কেবল তালিকাভুক্ত স্থানের ভিড় না বাড়িয়ে রোদ, প্রকৃতি, হাঁটা ও ভালো ঘুমের মতো উপাদানগুলোকে গুরুত্ব দিলে ভ্রমণ হয়ে উঠতে পারে সত্যিকার অর্থেই প্রশান্তিদায়ক।
সূত্র: টাইম আউট










