Ajker Patrika

ধনেপাতা সতেজ রাখার ঘরোয়া উপায়

ফিচার ডেস্ক
ধনেপাতা সতেজ রাখার ঘরোয়া উপায়
ধনে পাতায় পানির পরিমাণ অনেক বেশি থাকায় বাতাস, তাপমাত্রা ও আর্দ্রতার সামান্য হেরফেরে এটি দ্রুত পচে বা শুকিয়ে যায়। তবে সঠিক উপায়ে সংরক্ষণ করলে এই অপচয় সহজেই রোধ করা সম্ভব। ছবি: পেক্সেলস

যেকোনো সবজি, মাছ কিংবা ডালের রান্নায় নামানোর আগে একটুখানি তাজা ধনেপাতাকুচি ছড়িয়ে দিলে খাবারে একধরনের সুগন্ধ ও ভিন্ন স্বাদ যোগ হয়। বর্ষার এই সময় ধনেপাতার সুবাস সেই স্বাদকে এক অনন্য মাত্র দেয়। কিন্তু ধনেপাতার সবচেয়ে বড় সমস্যা হলো, এটি খুব দ্রুত নষ্ট হয়ে যায়। বাজার থেকে সতেজ এক আঁটি ধনেপাতা কিনে আনার পর অর্ধেক ব্যবহার করতে না করতেই দেখা যায়, পাতাগুলো কালো ও নরম হয়ে গেছে। কিংবা কাণ্ডগুলো পচে যায় দ্রুত। ধনেপাতা মূলত একটি অত্যন্ত নাজুক ভেষজ উপাদান। এতে পানির পরিমাণ অনেক বেশি থাকায় বাতাস, তাপমাত্রা ও আর্দ্রতার সামান্য হেরফেরে এটি দ্রুত পচে বা শুকিয়ে যায়। তবে সঠিক উপায়ে সংরক্ষণ করলে এই অপচয় সহজে রোধ করা সম্ভব।

জার বা কাচের পাত্র পদ্ধতি

ফ্রিজে ধনেপাতা দীর্ঘদিন তাজা রাখার সবচেয়ে সেরা এবং সহজ উপায় এটি। প্রথমে ধনেপাতার কাণ্ডের একদম নিচের অংশটি সামান্য কেটে নিন। এবার একটি কাচের জার বা গ্লাসে কিছুটা পানি নিয়ে ধনেপাতার আঁটিটি ফুলের তোড়ার মতো করে ডুবিয়ে রাখুন। এরপর একটি প্লাস্টিক ব্যাগ বা জিপলক ব্যাগ দিয়ে পাতার অংশটি আলগাভাবে ঢেকে ফ্রিজে রেখে দিন। তবে ২-৩ দিন পরপর জারের পানি অবশ্যই বদলে দিন। এই উপায়ে ধনেপাতা ১০ দিন বা তারও বেশি সময় সতেজ থাকবে।

পেপার টাওয়েল ট্রিক

ফ্রিজে জারের মতো বড় পাত্র রাখার জায়গা কম থাকলে এই পদ্ধতি বেছে নিতে পারেন। ধনেপাতাগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিন এবং বাতাসে বা আলতো করে চেপে সম্পূর্ণ শুকিয়ে নিন। এবার একটি শুকনো পেপার টাওয়েলের ওপর পাতাগুলো ছড়িয়ে দিয়ে আলতো করে মুড়িয়ে একটি জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিন। পেপার টাওয়েল ধনেপাতার অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয় এবং পচন রোধ করে। এভাবে ধনেপাতা এক সপ্তাহ বা তার বেশি সময় ভালো থাকে।

ফ্রিজিং বা বরফ কিউব পদ্ধতি

এক সপ্তাহের মধ্যে ব্যবহার করা সম্ভব না হলে দীর্ঘদিনের জন্য ধনেপাতা ফ্রিজারে সংরক্ষণ করতে পারেন। এর জন্য ধনেপাতাগুলো কুচি করে কেটে নিন। এবার আইস কিউব ট্রের খোপগুলোতে ধনেপাতাকুচি দিয়ে সামান্য পানি বা তেল যোগ করে ফ্রিজারে জমতে দিন। বরফ হয়ে গেলে কিউবগুলো বের করে একটি জিপলক ব্যাগে ভরে আবার ফ্রিজারে রেখে দিন। ডাল, স্যুপ বা যেকোনো রান্না করা তরকারিতে সরাসরি একটি কিউব ছেড়ে দিয়ে নেড়ে নিলেই হবে। তবে এই জমে যাওয়া ধনেপাতা সালাদ বা রান্নার ওপর ছড়ানোর জন্য ব্যবহার করবেন না। কারণ, ফ্রিজিংয়ের ফলে এর মচমচে ভাব নষ্ট হয়ে যায়।

ফ্রিজে ধনেপাতা দীর্ঘদিন তাজা রাখার সবচেয়ে সেরা এবং সহজ উপায় জার বা কাচের পাত্র পদ্ধতি। প্রথমে ছবি: সংগৃহীত
ফ্রিজে ধনেপাতা দীর্ঘদিন তাজা রাখার সবচেয়ে সেরা এবং সহজ উপায় জার বা কাচের পাত্র পদ্ধতি। প্রথমে ছবি: সংগৃহীত

শুকিয়ে সংরক্ষণ করা

সবশেষে ধনেপাতা নষ্ট হওয়া থেকে বাঁচানোর আরেকটি উপায় হলো এটি শুকিয়ে নেওয়া। ধনেপাতার আঁটিটি কোনো শুকনো ও বাতাস চলাচল করে এমন স্থানে উল্টো করে ঝুলিয়ে রাখুন অথবা ডিহাইড্রেটর ব্যবহার করুন। সম্পূর্ণ শুকিয়ে গেলে পাতাগুলো গুঁড়া করে একটি জারে সংরক্ষণ করুন। শুকনো ধনেপাতায় তাজা পাতার মতো কড়া ফ্লেভার না থাকলেও এটি বিভিন্ন মসলার মিশ্রণে বা দীর্ঘ সময় ধরে রান্না করা খাবারে দারুণ কাজ করে।

ধনেপাতা ঢলে পড়লে চাঙা করার উপায়

যদি দেখেন ধনেপাতাগুলো শুধু কিছুটা নেতিয়ে পড়েছে কিন্তু পচে যায়নি, তবে একটি পাত্রে বরফ মিশ্রিত ঠান্ডা পানি নিয়ে তাতে পাতাগুলো ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এতে পাতাগুলো আবার চাঙা ও সতেজ হয়ে উঠবে। তবে পাতা যদি হলুদ হয়ে যায়, আঠালো বা পিচ্ছিল টেক্সচার চলে আসে কিংবা কালচে দাগ ও দুর্গন্ধ ছড়ায়, তবে বুঝতে হবে, এটি নষ্ট হয়ে গেছে।

সূত্র: স্পাইস ক্রেভিং

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত