Ajker Patrika

গ্রীষ্মে শিশুর ব্যক্তিগত পরিচ্ছন্নতা

ফিচার ডেস্ক
গ্রীষ্মে শিশুর ব্যক্তিগত পরিচ্ছন্নতা
ছবি: পেক্সেলস

পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা মেনে চললে ঋতুভিত্তিক রোগের ভয় অনেকটা কমে যায়। যেসব শিশু সবে স্কুলে যেতে শুরু করেছে, তাদের পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষা দেওয়া জরুরি। এরই মধ্যে অনেক গরম পড়েছে। তা হয়তো আরও বাড়বে। তাই শিশুরা স্কুলে ও বাড়িতে যেন ব্যক্তিগত পরিচ্ছন্নতার ব্যাপারটি মেনে চলে, সেদিকে নজর দেওয়া জরুরি।

হাত ধোয়া

খাওয়ার আগে, ওয়াশরুম ব্যবহারের পর কিংবা খেলাধুলা এবং কোনো কাজ করার পর হাত ধুতে হবে ২০ সেকেন্ড সময় ধরে, ভালো মানের হ্যান্ডওয়াশ দিয়ে। কারণ, বাড়ি বা স্কুলে শিশুদের বিভিন্ন জিনিস ধরার প্রবণতা বেশি। ফলে কোথা থেকে কী ধুলো-ময়লা লাগছে, আপনি টেরও পাচ্ছেন না। তাই ভালো করে হাত ধুয়ে নেওয়া জরুরি।

মুখে হাত না দেওয়া

অনেক শিশুর এই বদভ্যাস রয়েছে। মুখে হাত দেওয়ার ফলে পেটে ধুলো, ময়লা চলে গিয়ে পেটের অসুখ হওয়ার আশঙ্কা বেশি। তাই শিশুকে এই বিষয়ে সচেতন করুন।

দাঁত দিয়ে নখ না কাটা

এই অভ্যাসও অনেকের মধ্যে দেখা যায়। হাত পরিষ্কার থাকলেও নখে অনেক সময় ময়লা জমে। শিশুর হাত ও পায়ের নখ পরিষ্কার করে কেটে রাখতে হবে নিয়মিত।

দিনে দুবার ব্রাশ করা

এটাও শুরু থেকে শিশুকে বোঝাতে হবে। তাকে বোঝান, সকালে ব্রাশ করা যতটা জরুরি, রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করাটা ঠিক ততটাই দরকারি।

ছবি: পেক্সেলস
ছবি: পেক্সেলস

নিয়মিত গোসল করা

পরিচ্ছন্ন থাকতে গেলে দিনে একবার গোসল করতে হবে। না হলে শরীরে ময়লা কিংবা ঘাম জমে শিশু অসুস্থ হয়ে পড়তে পারে। তাই গ্রীষ্মকালে স্বাভাবিক তাপমাত্রার পানিতে প্রয়োজনে দুবার গোসল করাতে পারেন। সে ক্ষেত্রে খুব বেশি সময় নেওয়া যাবে না। গোসলের সময় শিশুর ত্বকের উপযোগী সাবান ব্যবহার করুন।

নিয়মিত পোশাক বদলানো

শিশু যেন গোসলের পর আগের পোশাক ছেড়ে পরিষ্কার জামাকাপড় পরে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। প্রতিদিন তার কাপড়চোপড় সাবানে কেচে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিতে হবে।

বিছানা পরিষ্কার রাখুন

শিশু যে বিছানায় ঘুমায়, সেটির বেডশিট কয়েক দিন পরপর বদলে দিতে হবে। সঙ্গে বালিশের কভারও বদলানো জরুরি। বালিশ ও তোশক মাসে একবার রোদে দিতে হবে। এতে সেগুলোও স্বাস্থ্যকর থাকবে।

সূত্র: হেলথ ডিরেক্ট ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত