
ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে অনেকে কর্মস্থলে ফিরেছেন। কেউ কেউ ফিরবেন আরও কয়েক দিন বাদে। দীর্ঘ অবসরের পর আবার রোজ সকালে হন্তদন্ত হয়ে অফিসের পথে পা বাড়ানো। আবার একগাদা ফাইলে মুখ গুঁজে বসে থাকার দিন শুরু হলেও কিছুতেই আপনার শরীর ও মন বুঝতে পারছে না, ছুটি আসলেই শেষ। উৎসবে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পর হঠাৎ করে অফিসের ব্যস্ত রুটিনে ফিরে আসা সহজ নয়। প্রথম কয়েক দিন মনোযোগ ফিরে পেতে বেগ পেতে হতে পারে। দুপুরে ভাতঘুমের জন্য শরীরও নেতিয়ে পড়া স্বাভাবিক। তবে কিছু কার্যকর অভ্যাস আপনাকে দ্রুত কর্মের ছন্দে ফিরতে সাহায্য করতে পারে। জেনে নিন ঝটপট—
ছুটিতে থাকাকালীন ডেস্কে নিশ্চয় ধুলো জমেছে। শেষ কর্মদিবসে ডেস্কের ওপর কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে চলে গিয়েছিলেন হয়তো। আর ইনডোর প্ল্যান্ট? সেগুলোতেও পানি দেওয়া প্রয়োজন। এই ছোট ছোট কাজ সেরে ফেলুন। অগোছালো ডেস্ক বা কাজের জায়গা মনোযোগ নষ্ট করতে পারে। কাজ শুরু করার আগে নিজের ডেস্ক ও প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে নিন। পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ থাকলে কাজেও মন বসে।
কর্মস্থলে ফিরেই বিভ্রান্ত বা অস্থির হবেন না। জমে থাকা কাজগুলোর একটা তালিকা তৈরি করুন। কোন কাজটি জরুরি, কোনটি পরে করা যাবে, তা নির্ধারণ করুন। এভাবে কোন দিন কোন কাজটা করবেন, সেটাও টুকে নিন। এভাবে একেকটি কাজ শেষ করুন এবং তালিকায় টিক মার্ক দিন। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে চাপ কম অনুভূত হবে, সময় বাঁচবে এবং কাজে গতিও বাড়বে।
ছুটির পর একসঙ্গে অনেক কাজ করতে হবে—এটা ভেবে ভয় পাওয়ার কিছু নেই। যেহেতু নতুন মাস শুরু হয়েছে, তাই এই মাসের সব কাজের একটা তালিকা তৈরি করুন। প্রতিদিন নির্দিষ্ট কিছু কাজ সেরে ফেলুন। একটি কাজ শেষ হলে পরবর্তী কাজে হাত দিন। এতে কাজের প্রতি আগ্রহ বজায় থাকবে এবং মনোযোগও বাড়বে।
বহুদিন পর অফিসে এসে সহকর্মীদের সঙ্গে একটু-আধটু গল্প হবে, এটাই স্বাভাবিক। তবে অফিসে ঢুকেই গল্পে মজে যাবেন না। এসেই সহজ কোনো কাজ দিয়ে দিন শুরু করুন। কাজের সময় সামাজিক যোগাযোগমাধ্যম, অপ্রয়োজনীয় ফোনকলে সময় নষ্ট করবেন না। লাঞ্চ ব্রেক বা বিকেলের চা পর্বে গল্প করুন, ফোনে কথা বলুন বা ৫ মিনিটের জন্য সোশ্যাল মিডিয়া চেক করুন। এতে রিফ্রেশমেন্টও হবে, আবার কাজও থেমে থাকবে না।
ঈদের ছুটিতে অনেকের ঘুমের রুটিন বদলে যায়। কর্মস্থলে ফেরার আগে নিয়মিত ঘুমের অভ্যাসে ফিরে আসতে পারলে ভালো। পর্যাপ্ত ঘুম মস্তিষ্ক সতেজ রাখে এবং কাজে মনোযোগ বাড়ায়। তাই রাতে পর্যাপ্ত ঘুম হচ্ছে কি না, সেদিকেও নজর দেওয়া জরুরি।
চোখের পলকে ছুটি শেষ হয়ে গেল, এতে মন খারাপ হতে পারে। তাতে হতাশ হবেন না; বরং ধীরে ধীরে কাজ গুছিয়ে আনুন আর পরবর্তী ছুটিতে কোথায় যাবেন ও কী করবেন, সেই পরিকল্পনা করুন। সঠিক পরিকল্পনা, নিয়মিত রুটিন এবং ইতিবাচক মানসিকতা থাকলে অল্প সময়ের মধ্যে আপনি আগের কর্মের ছন্দে ফিরে যেতে পারবেন।
সূত্র: এইচআর ইজিলি, মাইন্ড ও অন্যান্য
ছবি: পেক্সেলস

এ সময়টায় যদিও সবার বাড়িতে গরু বা খাসির মাংস থাকে; কিন্তু এসব লাল মাংস খান না, এমন অতিথি হঠাৎ বাড়িতে এলে রান্না করতে পারেন মুরগির মাংসের কোর্মা। তার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। মুরগির মাংস বড় টুকরো করে কেটে ধুয়ে নিন। টক দই, আদা, রসুন, মরিচ ও ধনেবাটা দিয়ে মেখে ঘণ্টাখানেক...
১ ঘণ্টা আগে
ঈদের টানা ছুটি কাটিয়ে এবার কাজকর্মে ফেরার পালা। একই সঙ্গে ঈদের খাওয়াদাওয়ার ফলে খানিক ভারী হয়ে যাওয়া শরীরকে আগের জায়গায় নিয়ে যাওয়ার বিষয়ও বটে। উৎসবে বেশি খাওয়া হবে, তা নিয়ে অপরাধবোধে না ভুগে বরং ধীরেসুস্থে স্বাস্থ্যকর জীবনে ফেরার চেষ্টা করুন।
১ দিন আগে
একদিকে সূর্যের তেজ, অন্যদিকে পড়ার চাপ—দুটোই চলছে। গরমে সন্তানকে সুস্থ রাখতে বাড়তি যত্ন নিতে হবে। এই গরমে শিশুদের যেমন পরিচ্ছন্নতা মেনে চলার জন্য বোঝাতে হবে, তেমনি ডায়েট এবং দৈনন্দিন জীবনযাপনও করে তুলতে হবে আবহাওয়া উপযোগী।
১ দিন আগে
কোরবানির ঈদ শেষ। মাংস কাটাকাটি, মসলা তৈরি, রান্না, পরিবেশন, পরিচ্ছন্নতার ব্যাপক চাপ আর গরম—এই সবকিছু মিলিয়ে ত্বকের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে নিশ্চয়। এবার নজর দিন নির্জীব হয়ে যাওয়া ত্বকের দিকে।
১ দিন আগে