Ajker Patrika

ঘর সাজানোর নতুন উপায় জেনে নিন

ফিচার ডেস্ক, ঢাকা 
ঘর সাজানোর নতুন উপায় জেনে নিন
এ বছরের ইন্টেরিয়র ট্রেন্ড অনুযায়ী, ঘর শুধু সুন্দর দেখানোই নয়, বরং সেটি যেন প্রতিদিনের ক্লান্তি দূর করে মন সতেজ রাখে, সেই উপায়েই সাজানো হচ্ছে। ছবি: পেক্সেলস

সামাজিক যোগাযোগমাধ্যমে হোম ট্যুর বা হোম ডেকোরেশন-সম্পর্কিত রিলস দেখতেই কি বেশি ভালোবাসেন? ঘর সাজাতে যাঁরা পছন্দ করেন, তাঁরা ট্রেন্ডে কী রয়েছে, তা-ও রাখেন নখদর্পণে। ঘর সাজানোর আধুনিক বা নতুন পদ্ধতিতে এখন কৃত্রিম জাঁকজমকের চেয়ে মানসিক প্রশান্তি, স্থায়িত্ব এবং কার্যকারিতাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এ বছরের ইন্টেরিয়র ট্রেন্ড অনুযায়ী, ঘর শুধু সুন্দর দেখানোই নয়, বরং সেটি যেন প্রতিদিনের ক্লান্তি দূর করে মন সতেজ রাখে, সেই উপায়েই সাজানো হচ্ছে। ঘর সাজানোর আধুনিক উপায়গুলো সম্পর্কে জেনে নিন।

প্রকৃতির ছোঁয়া রাখতে বায়োফিলিক ডিজাইন

বর্তমানে ঘরের ভেতরে কৃত্রিম জিনিসের চেয়ে প্রাকৃতিক উপাদানের ব্যবহার বেশি জনপ্রিয় হয়ে উঠছে। একে ইন্টেরিয়র ডিজাইনের ভাষায় বায়োফিলিক ডিজাইন বলা হয়। ঘরের কোণে মনস্টেরা, স্নেক প্ল্যান্ট বা মানি প্ল্যান্টের মতো গাছ রাখা হচ্ছে খুব যত্ন করে, যা বাতাস শুদ্ধ করার পাশাপাশি ঘরে প্রাণবন্ত ভাব আনে। এ ছাড়া ঘরের জানালা বড় রেখে প্রাকৃতিক আলো আসার ব্যবস্থা করা হচ্ছে। আসবাবে প্লাস্টিকের বদলে কাঠ, বেত, বাঁশ, মাটির শোপিস এবং পাটের তৈরি কার্পেটও ব্যবহার করা হচ্ছে এখন।

হালকা নকশা বা নকশাবিহীন আসবাব প্রাধান্য পায় মিনিমালিজম ঘরানায়। ছবি: পেক্সেলস
হালকা নকশা বা নকশাবিহীন আসবাব প্রাধান্য পায় মিনিমালিজম ঘরানায়। ছবি: পেক্সেলস

মিনিমালিজম এবং ওয়ার্ম নিউট্রাল রঙের ব্যবহার

ব্যস্ততার মাঝে ঘর গুছিয়ে রাখার সময় বের করাটা বেশ কঠিন। ফলে প্রচুর জিনিসপত্র দিয়ে ঘর সাজানোর পরিবর্তে এখন অনেকের কাছে মিনিমালিস্ট হোম ডেকর থিম বেশ ট্রেন্ডি হয়ে উঠেছে। এ ট্রেন্ডে অতিরিক্ত জিনিসপত্র দিয়ে ঘর ভরিয়ে না রেখে ফাঁকা ও পরিচ্ছন্ন রাখা হয়। দেয়ালের রং হিসেবে এখন একদম সাদা রঙের চেয়ে সফট কোরাল, মিউটেড গ্রিন, অফ হোয়াইট বা হালকা মাটির রং বেশি পছন্দ করা হচ্ছে। এগুলো ঘরে একটি উষ্ণ ও শান্ত পরিবেশ তৈরি করে। পুরো দেয়ালে ওয়ালপেপার না লাগিয়ে যেকোনো একটি দেয়ালে টেক্সচার পেইন্ট বা সুন্দর ক্যালিগ্রাফি ফ্রেম আর্ট ঝুলিয়ে ফোকাস পয়েন্ট তৈরি করা হচ্ছে। ঘরের আসবাব যতটা কম ও ব্যবহার উপযোগী রাখা যায়, সেভাবেই কেনাকাটা করা হয় এখন। পাশাপাশি খুব হালকা নকশা বা নকশাবিহীন আসবাব প্রাধান্য পায় এই ঘরানায়। এতে ধুলা-ময়লা পরিষ্কার করার কাজটিও হয় সহজে।

স্মার্ট লাইটিং

আধুনিক ঘর সাজানোর একটি বড় অংশজুড়ে রয়েছে আলো বা স্মার্ট লাইটিং। শুধু একটি টিউবলাইট জ্বালিয়ে রাখার দিন এখন শেষ। ঘরের কর্নারে ল্যাম্পশেড এবং স্মার্ট এলইডি স্ট্রিপ লাইট ব্যবহার করা হচ্ছে। ড্রেসিং টেবিলের ওপর, ওয়ার্ডরোবের ভেতর, বইয়ের তাকে স্টিকারের মতো লাগানোর জন্য চার্জেবল বিভিন্ন ধরনের লাইট পাওয়া যায় এখন। এসব লাইটের রং বদল করা যায় ইচ্ছেমতো। ঘরে ড্রামাটিক আবহ আনতে এখন অনেকে এসব লাইট ব্যবহার করছেন।

মাল্টিফাংশনাল বা স্মার্ট ফার্নিচার

আজকাল ঘরের জায়গা বাঁচাতে মাল্টিফাংশনাল আসবাব ব্যবহার করা হচ্ছে। যেমন এমন সোফা, যা প্রয়োজন অনুযায়ী ভাঁজ খুলে বিছানা তৈরি করে নেওয়া যায়, নিচে ড্রয়ারযুক্ত খাট অথবা দেয়ালের সঙ্গে ভাঁজ করে রাখা যায় এমন ডাইনিং টেবিল। এর ফলে ঘর দেখতে অনেক বড় এবং আধুনিক লাগে। ছোট ঘরের জায়গাও বাঁচে এবং একাধিক আসবাব কেনার খরচও বেঁচে যায়।

সূত্র: হাউস বিউটিফুল, হাইপডোম ও অন্যান্য

ছবি: পেক্সেলস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত