Ajker Patrika

উনষাটেও তরুণ সালমা হায়েক

ফিচার ডেস্ক, ঢাকা 
উনষাটেও তরুণ সালমা হায়েক
হলিউডের ‘সবচেয়ে আবেদনময়ী সেলিব্রিটি’র তকমা আছে সালমা হায়েকের ঝুড়িতে। ছবি: ইনস্টাগ্রাম

হলিউডের ‘সবচেয়ে আবেদনময়ী সেলিব্রিটি’র তকমা আছে তাঁর ঝুড়িতে। শুধু অভিনয় নয়। মডেলিং, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও নবজাতকের টিটেনাস টিকার অর্থায়নে প্রচারাভিযান, এইডস বিষয়ে সচেতনতা তৈরিসহ বিভিন্ন দাতব্য কাজের সঙ্গেও যুক্ত তিনি। যুক্ত ব্যবসার সঙ্গে। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও প্রযোজক হিসেবেও কাজ করছেন তিনি। তাই শুধু ‘অভিনেত্রী’ বললে সালমা হায়েকের আসল পরিচয় পাওয়া যায় না। অথচ মেক্সিকো থেকে হলিউডে এসে নিজের অবস্থান তৈরি করতে তাঁকে পেরোতে হয়েছে বিস্তর বন্ধুর পথ।

‘ডেসপ্যারাডো’, ‘ফ্রম ডাস্ক টিল ডন’, ‘ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট’, ‘ফ্রিদা’, ‘গ্রোন আপস’ কিংবা ‘পুস ইন বুটস’-এর মতো সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তিনি দর্শকের কাছে পরিচিত হয়ে উঠেছেন। তাঁর ক্যারিয়ারের বিখ্যাত চলচ্চিত্রগুলোর একটি ‘ফ্রিদা’। সেই চলচ্চিত্রে কিংবদন্তি মেক্সিকান চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এই কাজের জন্য অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পান সালমা। এর পাশাপাশি তাঁর তিনি বাফটা ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস পেয়েছিলেন।

'ডেসপেরাডো' চলচ্চিত্রে সালমা হায়েক। ছবি: আইএমডিবি
'ডেসপেরাডো' চলচ্চিত্রে সালমা হায়েক। ছবি: আইএমডিবি

এ বছর সালমা হায়েক অভিনীত সিনেমা ‘উইদাউট ব্লাড’ নামের একটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যচর্চা, ফ্যাশন—সব মিলিয়ে উনষাটে এসেও বয়সকে হার মানানো সালমা হায়েকের জীবনযাপন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বয়সের পারদ বাড়লেও তাঁর সৌন্দর্য, আত্মবিশ্বাস ও প্রাণবন্ত উপস্থিতিতে তারুণ্যের ছাপ এখনো স্পষ্ট। ত্বকের যত্ন, স্বাস্থ্যকর জীবনযাপন, শরীরচর্চা, পর্যাপ্ত বিশ্রাম ও হাইড্রেশনের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের ওপর আস্থা তাঁর তারুণ্যময় উপস্থিতির অন্যতম দিক বলে মনে করেন অনেকে। মেকআপের আড়ালে নিজেকে লুকিয়ে রাখার বদলে নিজের স্বাভাবিক সৌন্দর্য প্রকাশ করতেই বেশি স্বচ্ছন্দবোধ করেন সালমা হায়েক। তাই তিনি মেনে চলেন স্কিন কেয়ার রুটিন। চলুন, জেনে নেওয়া যাক—

সকালে ক্লিনজার ছাড়া মুখ পরিষ্কার

সালমা হায়েকের স্কিন কেয়ার রুটিনের অবাক করা বিষয় হলো, তিনি সকালে ক্লিনজার ছাড়া মুখ পরিষ্কার করেন। এটি তিনি পেয়েছেন ঐতিহ্যবাহী লাতিন সৌন্দর্যচর্চার ধারা থেকে। লাতিন আমেরিকার সৌন্দর্যচর্চা মূলত প্রাকৃতিকভাবে পাওয়া বিভিন্ন উপাদান এবং প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা পারিবারিক ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এখানকার নারীরা, যাঁদের স্থানীয়ভাবে ‘আবুয়েলিতা’ বা নানি-দাদি বলা হয়, কৃত্রিম কেমিক্যালের চেয়ে রান্নাঘর বা বাগানের ভেষজ উপাদানের ওপর বেশি ভরসা করেন। তাঁরা রাতে ভালোভাবে মুখ পরিষ্কার করার পর সকালে আবার ক্লিনজার ব্যবহার করেন না মুখের ত্বক পরিষ্কার করার জন্য। সালমা হায়েক বিষয়টি মেনে চলেন।

ঐতিহ্যবাহী লাতিন সৌন্দর্যচর্চার ধারা অনুসরণ করেন সালমা হায়েক। ছবি: ইনস্টাগ্রাম
ঐতিহ্যবাহী লাতিন সৌন্দর্যচর্চার ধারা অনুসরণ করেন সালমা হায়েক। ছবি: ইনস্টাগ্রাম

রোজ ওয়াটারের ব্যবহার

ত্বক সতেজ করতে সালমা হায়েক নিয়মিত রোজ ওয়াটার ব্যবহার করেন। মুখে রোজ ওয়াটার স্প্রে করে তিনি ত্বক সতেজ রাখার চেষ্টা করেন।

ময়শ্চারাইজার ব্যবহারে গুরুত্ব দেন

রোজ ওয়াটারের পর সালমা ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করেন। হাইড্রেশন তাঁর স্কিন কেয়ার রুটিনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাঁর পছন্দের পণ্যগুলোর একটি হলো অ্যান্টি-এজিং ময়শ্চারাইজার। পাশাপাশি বিভিন্ন সেরাম ও ফেশিয়াল ব্যবহার করেন। তাঁর পছন্দের স্কিন কেয়ারে জোজোবা তেল, ভিটামিন ই, ল্যাভেন্ডার অয়েলের মতো উপাদান রয়েছে। ত্বকযত্নে অতিরিক্ত প্রসাধনীর বদলে ময়শ্চার ধরে রাখা এবং ত্বক সুস্থ রাখার দিকে বেশি নজর দেন সালমা।

মেকআপ তুলতে নারকেল তেলের ব্যবহার

সালমার স্কিন কেয়ার রুটিনের আরেকটি ঘরোয়া উপাদান হলো নারকেল তেল। রাতে মেকআপ পরিষ্কার করার সময় তিনি এটি ব্যবহার করেন বলে জানা যায়। তাঁর মতে, নারকেল তেল মেকআপ ভাঙতে সাহায্য করে এবং ত্বক শুষ্ক করে না। এরপর গোলাপজল ব্যবহার করে অতিরিক্ত তেল পরিষ্কার করার কথাও জানিয়েছেন তিনি।

ঘরোয়া উপাদানে তৈরি ক্লিনজার

সালমার স্কিন কেয়ারে ঘরোয়া পদ্ধতির ব্যবহার রয়েছে। তিনি ওটমিল, পানি বা কাঠবাদাম, দুধ ও মধু দিয়ে নিজের ফেশিয়াল ক্লিনজার তৈরি করেন। এই মিশ্রণ কিছুক্ষণ ভিজিয়ে রেখে ত্বকে ব্যবহার করেন তিনি। তাঁর মতে, এটি ত্বক নরম রাখতে সহায়ক। এই অভ্যাস ল্যাটিন নারীদের ঐতিহ্যবাহী সৌন্দর্যচর্চার অংশ, যেখানে রান্নাঘরের সহজলভ্য উপাদান দিয়েই ত্বক ও চুলের যত্ন নেওয়া হয়। সালমা হায়েক দামি প্রসাধনীর পাশাপাশি ঘরোয়া উপাদানও নিয়মিত ব্যবহার করেন।

ল্যাটিন আমেরিকার সৌন্দর্য এই উনষাট বছরেও ভর করে আছে সালমা হায়েকের শরীরে। প্রথাগত চর্চায় সেটিই ধরে রেখেছেন এই বিউটি কুইন।

সূত্র: ট্রুলি বিউটি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত