বন্ধু চল রোদ্দুরে
মন কেমন মাঠ জুড়ে
খেলব আজ ওই ঘাসে
তোর টিমে তোর পাশে…
অনুপম রায়ের গাওয়া এই গানটা শুনলেই বন্ধুদের জন্য মন কেমন করে ওঠে। আমরা যত বড়ই হই না কেন, ঘুরেফিরে ভাবনাহীন শৈশব আর কৈশোরেই ফিরে যেতে চাই। আর সেই সোনালি সময়টার বড় অংশজুড়ে থাকে ছোট্টবেলার খেলার সাথি, বন্ধুরা।
জীবনের নানা অধ্যায়ে, বিভিন্ন বয়সে, ভিন্ন কর্মকাণ্ডে বারবারই সামনে আসে বন্ধুত্ব। মন খারাপ কিংবা ভালো, দুঃখ ভাগ কিংবা সুখ উদ্যাপনে কিংবা দুর্দিনে পরিবারের পর নিঃস্বার্থভাবে পাশে থাকতে পারে এই বন্ধু নামক মানুষটি।
সত্যি বলতে বন্ধুদের জন্য আলাদা কোনো দিনক্ষণ হয় না। তবুও একটু বিশেষভাবে বন্ধুতা উদ্যাপন উপভোগ্যই বটে। আর এ জন্য একটি বিশেষ দিনও রয়েছে। যা ফ্রেন্ডশিপ ডে বা বন্ধু দিবস হিসেবে পরিচিত। জাতিসংঘ ঘোষিত সেই দিনটি ৩০ জুলাই।
যদিও বন্ধু দিবস পৃথিবীর একেক অঞ্চলে একেক দিনে উদ্যাপিত হয়। আমেরিকা মহাদেশের অনেক দেশে ফেব্রুয়ারিতে উদ্যাপন করা হয় বন্ধু দিবস। এশিয়ার অনেক দেশে আবার আগস্ট মাসের প্রথম রোববার বন্ধু দিবস। বাংলাদেশেও বন্ধুত্বের এই দিনটি উদ্যাপন করা হয় আগস্টের প্রথম রোববার। বন্ধু দিবসে ফুল, কার্ড, রিস্ট ব্যান্ড ইত্যাদি উপহার দিয়ে বন্ধুদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করা হয়। অনেকে আবার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে, পরস্পরের সঙ্গে সময় কাটান।
বন্ধু দিবসের শুরুটা ১৯২০-এর দশকে, কার্ড কোম্পানি হলমার্কের হাত ধরে। হলমার্ক কার্ডস ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা জয়েস হল বন্ধু দিবসের গোড়াপত্তন করেছিলেন। ওই সময় এই দিবস চালুর পেছনে একটা ব্যবসায়িক উদ্দেশ্যও খুঁজে পাওয়া যায়। শুরুর পর অনেক বছর শুধু কার্ড আদান-প্রদানের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ই ছিল বন্ধু দিবসের মূল আয়োজন। সেই ঐতিহ্য এখনো আছে।
১৯৫৮ সালে বন্ধু দিবস উদ্যাপনের ক্ষেত্রে একটি আনুষ্ঠানিক সংগঠনের জন্ম হয়। র্যামন আরতেমিও ব্রাচো নামের এক ব্যক্তি প্যারাগুয়েতে গড়ে তোলেন ‘দ্য ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড’ নামের একটি ফাউন্ডেশন। গঠনের পর থেকেই এই ফাউন্ডেশন বন্ধু দিবসের একটি বৈশ্বিক স্বীকৃতি আদায়ের চেষ্টা চালাতে থাকে। র্যামন ও তাঁর সতীর্থরা চেয়েছিলেন বন্ধুত্বের শক্তিকে উদ্যাপন করতে। এর মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার সংস্কৃতি সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য ছিল তাঁদের। ওই সময় এই ফাউন্ডেশন ‘ফ্রেন্ডশিপ উইক’ আয়োজন করত। সেই বিশেষ সপ্তাহটি শেষ হতো ৩০ জুলাই।
অবশেষে দীর্ঘ ৫৩ বছরের চেষ্টার পর ২০১১ সালে জাতিসংঘ প্রতি বছরের ৩০ জুলাইকে আন্তর্জাতিক বন্ধু দিবস (ইন্টারন্যাশনাল ডে অব ফ্রেন্ডশিপ) হিসেবে ঘোষণা দেয়। এভাবেই বন্ধুত্ব উদ্যাপনের আয়োজন পায় আন্তর্জাতিক স্বীকৃতি।
এ তো গেল আন্তর্জাতিক বন্ধু দিবসের ইতিহাস। এবার না হয় বন্ধু দিবস ঘিরে নিজের পরিকল্পনা সাজানো যাক। সময় থাকলে বন্ধুরা মিলে বেরিয়ে পড়তে পারেন কাছেপিঠে কোথাও। কিংবা পছন্দের কোনো উপহার দিয়ে চমকে দিলেন প্রিয় বন্ধুকে। যাপিত জীবনের নানা ব্যস্ততার মধ্যেও দিনটি কাটান একটু অন্যভাবে। উদ্যাপন করুন বন্ধুত্ব। অকারণ হাসি আর আনন্দে কাটুক সবার বন্ধু দিবস।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, জাতিসংঘ, নিউইয়র্ক টাইমস

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাতাসে আর্দ্রতা ও ব্যাকটেরিয়ার প্রকোপ বেড়ে যায়। অতিরিক্ত আর্দ্রতার কারণে ত্বক সারাক্ষণ চিটচিটে থাকে, যার ফলে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের আক্রমণ বাড়ে। ফলে ত্বকে চুলকানি, ঘামাচি, দাদ বা বডি অ্যাকনের মতো সমস্যা দেখা দেয়।
১৪ ঘণ্টা আগে
যতই ন্য়ুড শেডের লিপস্টিক ব্যবহার করুন, বোঝা যাবেই যে ঠোঁটে লিপস্টিক ছুঁইয়েছেন। যাঁরা ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করতে চান না, তবে চেহারায় একটা তরতাজা ভাব আনতে চান, তাঁদের কাছে লিপ টিন্ট খুব জনপ্রিয় হয়ে উঠেছে।
১৬ ঘণ্টা আগে
এডিএইচডি শব্দটা আমরা প্রায়ই শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে দেখি। কিন্তু অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা এডিএইচডি কেবল শিশুদের নয়, বড়দেরও হতে পারে। অনেক সময় অবহেলা বা না জানার কারণে প্রাপ্তবয়স্কদের এডিএইচডি নজরের বাইরে থেকে যায়। এটি ব্যক্তির নিজের জন্য তো ক্ষতিকরই, বৈবাহিক বা প্রেমের
১৮ ঘণ্টা আগে
ব্যস্ত জীবনযাত্রায় ঝটপট রান্না সারতে গিয়ে ফ্রিজ খুলে সোজাসুজি কড়াই বা ওভেনে খাবার চাপিয়ে দেওয়া অনেকের নিত্যদিনের অভ্যাস। বিশেষ করে ডিপ ফ্রিজে রাখা খাবার আমাদের সময় যেমন বাঁচায়, তেমনি খাবারের অপচয়ও রোধ করে। কিন্তু সব খাবার ফ্রিজ থেকে বের করেই সরাসরি রান্না করা যায় না।
২০ ঘণ্টা আগে