Ajker Patrika

রাত ৯টার পর যেসব কাজ করবেন না

ফিচার ডেস্ক
রাত ৯টার পর যেসব কাজ করবেন না
রাতে ভারী খাবার খেলে রক্তে শর্করা ও চর্বির পরিমাণ দ্রুত বেড়ে যায়। তাই ঘুমানোর ২-৩ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করা উচিত। ছবি: পেক্সেলস

বিশ্বের প্রায় ৪২ শতাংশ মানুষ রাতে তীব্র মানসিক উদ্বেগ বা অ্যাংজাইটির কারণে ঘুমাতে পারেন না। ঘুমাতে যাওয়ার আগের কিছু ভুল অভ্যাস আমাদের স্নায়ুতন্ত্র উত্তেজিত করে রাখে। এই উত্তেজনা ঘুমের ক্ষতি করে এবং হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়। হৃদ্‌রোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কর্মব্যস্ততা শেষের পরের কয়েক ঘণ্টা আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাতের বেলা শরীর নিজ থেকে ভেতরের ক্ষতগুলো মেরামত করে। কিন্তু ভুল জীবনযাত্রার কারণে শরীর মেরামতের বদলে উল্টো চাপে পড়ে যায়। তাই বিশেষজ্ঞরা রাত ৯টার পর কিছু অভ্যাস বর্জনের কথা বলেন। যেগুলো মূলত হৃদ্‌রোগ ও মানসিক উদ্বেগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

জেনে নিন, রাত ৯টার পর যেসব কাজ এড়িয়ে চলতে হবে—

রাতে ভারী খাবার বা দেরিতে খাওয়া

আমাদের শরীরের বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম একটি নির্দিষ্ট ঘড়ি অর্থাৎ সার্কাডিয়ান রিদম মেনে চলে। সন্ধ্যার পর শরীর ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়। ফলে রাতে ভারী খাবার খেলে রক্তে শর্করা ও চর্বির পরিমাণ দ্রুত বেড়ে যায়। দেরিতে খাওয়া রক্তচাপ বাড়ায় এবং ধমনির মারাত্মক ক্ষতি করে। রাতের বেলা হজম প্রক্রিয়া চালু থাকলে শরীর তার স্বাভাবিক নিরাময়ের কাজ করতে পারে না। তাই ঘুমানোর ২-৩ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করা উচিত।

কড়া বা তীব্র আলোর ব্যবহার

সূর্যাস্তের পর ঘরের কড়া আলো বা এলইডি লাইটের নীল আলো আমাদের শরীরে ‘মেলাটোনিন’ হরমোন তৈরিতে বাধা দেয়। এই মেলাটোনিন শুধু ভালো ঘুমের জন্যই নয়, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হার্ট সুস্থ রাখতেও জরুরি। রাতে ঘরের সিলিংয়ের কড়া আলো বন্ধ করে চোখের সমান্তরালে থাকা মৃদু আলো বা ডিমলাইট ব্যবহার করুন।

উত্তেজনাপূর্ণ সিনেমা বা খবর দেখা

বিছানায় শুয়ে উত্তেজনাকর থ্রিলার সিনেমা, রাজনৈতিক বিতর্ক, সোশ্যাল মিডিয়ার নেতিবাচক খবর বা রিল স্ক্রল করা বন্ধ করুন। আপনার অবচেতন মন বোঝে না যে এগুলো কেবল শো বা বিনোদন। এগুলো দেখার সময় শরীর ‘কর্টিসল’ নামে স্ট্রেস হরমোন নিঃসরণ করে, যা হার্ট রেট এবং রক্তচাপ বাড়িয়ে দেয়। হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের মতে, ঘুমের আগে স্ট্রেস হরমোনের নিঃসরণ বাড়া বিপজ্জনক।

সন্ধ্যার পর ক্যাফেইন গ্রহণ

অনেকে মনে করেন, রাতে একটু কফি খেলে শরীর শিথিল হয় এবং ঘুম ভালো হয়। চিকিৎসাবিজ্ঞান বলছে সম্পূর্ণ উল্টো কথা। ক্যাফেইন শরীরে প্রায় ৬ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। দুপুরের পর কফি বা চা পান করলে তা মাঝরাত পর্যন্ত আপনার স্নায়ুকে জাগিয়ে রাখে। অন্যদিকে অ্যালকোহল সাময়িক ঘুম আনলেও তা গভীর ঘুমের মারাত্মক ক্ষতি করে এবং রাতে হার্ট রেট বাড়িয়ে দেয়, যা হৃদ্‌রোগের ঝুঁকি বহু গুণ বাড়িয়ে তোলে।

রাতে ভারী ব্যায়াম

ব্যায়াম হার্টের জন্য দারুণ উপকারী। কিন্তু তার সময় জানা জরুরি। রাত ৮টা বা ৯টার পর ভারী বা কড়া ব্যায়াম করলে শরীরে কর্টিসল হরমোন দীর্ঘ সময় ধরে উচ্চ মাত্রায় থাকে। এতে শরীর শান্ত হওয়ার সুযোগ পায় না এবং রাতের স্বাভাবিক হার্ট রেট ব্যাহত হয়। শরীর শান্ত করার জন্য ঘুমানোর আগে অন্তত কয়েক ঘণ্টার একটা বিরতি দেওয়া প্রয়োজন।

রাতে সঙ্গীর সঙ্গে বা পরিবারের কারও সঙ্গে কোনো তর্কাতর্কি বা জটিল বিষয়ে আলোচনা শুরু করবেন না। ছবি: পেক্সেলস
রাতে সঙ্গীর সঙ্গে বা পরিবারের কারও সঙ্গে কোনো তর্কাতর্কি বা জটিল বিষয়ে আলোচনা শুরু করবেন না। ছবি: পেক্সেলস

রাতে ঝগড়া বা আবেগপূর্ণ আলোচনা

রাগ এবং মানসিক চাপ হৃদ্‌যন্ত্রের জন্য সরাসরি বিষের মতো কাজ করে। রাতে সঙ্গীর সঙ্গে বা পরিবারের কারও সঙ্গে কোনো তর্কাতর্কি বা জটিল বিষয়ে আলোচনা শুরু করবেন না। তীব্র ক্ষোভ বা মানসিক অশান্তি হৃৎপিণ্ডের ছন্দ নষ্ট করে এবং ঝুঁকিপূর্ণ মানুষের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। সব আলোচনারই গুরুত্ব আছে, তবে অনেক আলোচনার জন্য রাত ১০টা সঠিক নয়। একে পরের দিনের জন্য তুলে রাখুন।

অফিসে ই-মেইল বা মেসেজ চেক করা

ঘুমানোর ঠিক আগে অফিসের মেসেজ বা ই-মেইলের উত্তর দিলে আপনার মস্তিষ্ক আবারও প্রবলেম সলভিং বা সমস্যা সমাধানের মোডে চলে যাবে। এর ফলে হৃৎস্পন্দন বেড়ে যায় এবং ঘুম আসাই অসম্ভব হয়ে পড়ে। তাই ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে অফিসের গ্যাজেটগুলোয় ‘ডু নট ডিস্টার্ব’ মোড চালু করে রাখুন।

সুস্থ ও শান্ত রাতের জন্য করণীয়

  • প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস করুন।
  • ঘুমানোর অন্তত দুই-তিন ঘণ্টা আগে সব ধরনের স্ক্রিন থেকে দূরে থাকুন।
  • বই পড়া, ডায়েরি লেখা, হালকা স্ট্রেচিং বা গভীর শ্বাসের ব্যায়ামের মাধ্যমে মন শান্ত করুন।
  • কোনো বিশেষ ওষুধের কারণে ঘুম না হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটির সময় পরিবর্তন করুন।

সূত্র: ভেরি ওয়েল মাইন্ড, সিএনবিসি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত