Ajker Patrika

যেসব কারণে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবেন, দেনমোহরের বিষয়ে আইন যা বলছে

সুলতান মাহমুদ, ঢাকা
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২০: ১১
যেসব কারণে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবেন, দেনমোহরের বিষয়ে আইন যা বলছে
প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

স্বামী যেমন স্ত্রীকে তালাক দিতে পারেন, স্ত্রীও তেমনই যুক্তিসংগত কারণে স্বামীকে তালাক দিতে পারেন। স্বামীকে তালাক দেওয়ার ক্ষমতা প্রচলিত আইনে স্ত্রীর রয়েছে। মুসলিম আইনে স্ত্রীর তালাকের অধিকারকে তালাক-ই-তৌফিজ বলা হয়। এ ক্ষমতা প্রয়োগ করে স্ত্রী পারিবারিক আদালতে না গিয়েই সরাসরি বিবাহবিচ্ছেদ ঘটাতে পারেন।

মূলত তালাক দেওয়ার বিষয়টি নির্ভর করে বিয়ের সময় সম্পন্ন করা কাবিননামার ১৮ নম্বর কলামটি পূরণের মাধ্যমে। এ কলামে স্বামী তাঁর স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা প্রদান করেন। এ ক্ষমতা শর্তযুক্ত কিংবা শর্তহীন হতে পারে। এ কলামে লেখা থাকে, স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা স্বামী প্রদান করেছেন কি না এবং করে থাকলে কী কী শর্তে। তখন কাজি এর পাশে লিখবেন, ‘হ্যাঁ, দিয়েছেন’।

যদি বিয়ের সময় কাবিননামার ১৮ নম্বর কলামে স্ত্রীর তালাকের অধিকার উল্লেখ না থাকে, সে ক্ষেত্রে কি তালাক দিতে পারবেন না? সে ক্ষেত্রেও স্ত্রী তালাক দিতে পারবেন। তখন ১৯৩৯ সালের মুসলিম বিয়েবিচ্ছেদ আইনে বর্ণিত নিয়ম অনুসরণ করতে হবে। সেই আইনে কোন কোন কারণে একজন স্ত্রী আদালতে বিয়েবিচ্ছেদের আবেদন করতে পারবেন, তা অত্যন্ত সুস্পষ্টভাবে বলা হয়েছে। এ ক্ষেত্রে স্ত্রীকে পারিবারিক আদালতে উপযুক্ত কারণ দেখিয়ে তালাকের জন্য আবেদন করতে হবে। আদালতের ডিক্রিমূলে তখন স্ত্রীর তালাক কার্যকর হবে।

আইন অনুযায়ী স্ত্রী যেসব কারণে আদালতে তালাক চাইতে পারেন, সেগুলো হলো-

১. চার বছর পর্যন্ত স্বামী নিরুদ্দেশ থাকলে।

২. স্ত্রীর খোরপোষ স্বামী দুই বছর দিতে ব্যর্থ হলে।

৩. স্বামীর সাত বছর কিংবা তার চেয়ে বেশি কারাদণ্ড হলে।

৪. স্বামী কোনো যুক্তিসংগত কারণ ব্যতীত তিন বছর ধরে দাম্পত্য দায়িত্ব পালনে ব্যর্থ হলে।

৫. বিয়ের সময় পুরুষত্বহীন থাকলে এবং তা মামলা দায়ের করা পর্যন্ত বজায় থাকলে।

৬. স্বামী দুই বছর ধরে পাগল থাকলে অথবা কুষ্ঠ রোগ বা মারাত্মক যৌন রোগে আক্রান্ত থাকলে।

৭. বিবাহ অস্বীকার করলে। কোনো মেয়ের বাবা বা অভিভাবক যদি ১৮ বছর বয়স হওয়ার আগে মেয়ের বিয়ে দেন, তাহলে মেয়েটি ১৯ বছর হওয়ার আগে বিয়ে অস্বীকার করে বিয়ে ভেঙে দিতে পারে। তবে যদি মেয়েটির স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক (সহবাস) স্থাপিত না হয়ে থাকে, তখনই বিয়ে অস্বীকার করে সে আদালতে বিচ্ছেদের ডিক্রি চাইতে পারে।

৮. স্বামী ১৯৬১ সনের মুসলিম পারিবারিক আইনের বিধান লঙ্ঘন করে একাধিক স্ত্রী গ্রহণ করলে।

৯. স্বামী নিষ্ঠুর ব্যবহার করলে।

ওপরের যেকোনো এক বা একাধিক কারণে স্ত্রী আদালতে বিয়েবিচ্ছেদের আবেদন করতে পারেন। অভিযোগ প্রমাণ করতে পারলে আদালত বিয়েবিচ্ছেদের ডিক্রি দিতে পারেন। ডিক্রি দেওয়ার সাত দিনের মধ্যে একটি সত্যায়িত কপি আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট চেয়ারম্যানের কাছে পাঠাতে হবে। চেয়ারম্যান নোটিশকে তালাকসংক্রান্ত নোটিশ হিসেবে গণ্য করে আইনানুযায়ী পদক্ষেপ নেবেন এবং চেয়ারম্যান যেদিন নোটিশ পাবেন, সেদিন থেকে ঠিক ৯০ দিন পর তালাক চূড়ান্তভাবে কার্যকর হবে।

স্ত্রী তালাক দিলেও কি মোহরানা পাবেন?

স্ত্রী তালাক দিলেও মোহরানার টাকা তাঁকে দিতে হবে এবং তালাক কার্যকর না হওয়া পর্যন্ত তাঁকে ভরণপোষণ করতে হবে। তবে দাম্পত্য মিলন না ঘটলে স্ত্রী মোহরানার অর্ধেকের অধিকারী।

১৯৩৯ আইনের ৫ ধারায় স্পষ্টভাবে বলা আছে, এই আইনের কোনো কিছুই কোনো বিবাহিত নারীর বিয়েবিচ্ছেদের ফলে মুসলিম আইনানুসারে তাঁর দেনমোহর বা এর কোনো অংশের ওপর কোনো অধিকারকেই প্রভাবিত করবে না।

লেখক: সাংবাদিক ও আইনজীবী

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত