Ajker Patrika

ক্যারিয়ার নিয়ে সুন্দর পিচাইয়ের পরামর্শ

ক্যারিয়ার ডেস্ক
ক্যারিয়ার নিয়ে সুন্দর পিচাইয়ের পরামর্শ
সুন্দর পিচাই

তরুণদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন অ্যালফাবেট ইনকরপোরেশন ও এর সহযোগী প্রতিষ্ঠান গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। তাঁর মতে, নিজের চেয়ে বেশি দক্ষ ও মেধাবী মানুষের সঙ্গে কাজ করা এবং ইচ্ছাকৃতভাবে নিজেকে অস্বস্তিকর পরিস্থিতিতে রাখা উচিত। কারণ, স্বস্তির জায়গায় থেকে মানুষ যতটা শেখে, চ্যালেঞ্জিং পরিবেশে তার চেয়ে বেশি শেখার সুযোগ তৈরি হয়।

৫৩ বছর বয়সী পিচাই গুগলে দুই দশকের বেশি সময় কাটিয়েছেন। ক্রোম, জিমেইল ও ম্যাপসের মতো জনপ্রিয় পণ্যের সঙ্গে তাঁর কাজের সম্পর্ক রয়েছে। ২০১৫ সালে তিনি গুগলের সিইও হন এবং ২০১৯ সালে অ্যালফাবেটের সিইওর দায়িত্ব নেন। বর্তমানে অ্যালফাবেটের বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলারের বেশি। ফোরচুনের হিসাবে তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ১ দশমিক ৬ বিলিয়ন ডলার।

নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে পিচাই বলেন, তাঁর সাফল্যের পেছনে ‘অনেকটা ভাগ্য’ও কাজ করেছে। তবে তরুণেরা ভবিষ্যতে নেতৃত্বের পর্যায়ে যেতে চাইলে কী করা উচিত? এমন প্রশ্নের উত্তরে তিনি আত্মবিশ্বাস, নেটওয়ার্কিং বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের কথা না বলে নিজের চেয়ে ভালো মানুষদের সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন।

পিচাই বলেন, জীবনের বিভিন্ন সময়ে তিনি এমন মানুষের সঙ্গে কাজ করেছেন, যাঁদের নিজের চেয়ে বেশি দক্ষ মনে হয়েছে। ইচ্ছা করেই তিনি এমন পরিস্থিতি খুঁজেছেন, যেখানে নিজের সামর্থ্যকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তাঁর বিশ্বাস, অস্বস্তিকর পরিস্থিতিই অনেক সময় মানুষকে নিজের সামর্থ্য সম্পর্কে নতুন করে জানতে সাহায্য করে।

চেন্নাই থেকে গুগলের শীর্ষে

পিচাইয়ের এই মানসিকতার শিকড় তাঁর শৈশবেই। ভারতের চেন্নাইয়ে বেড়ে ওঠা পিচাইয়ের বাবা ছিলেন বৈদ্যুতিক প্রকৌশলী এবং মা স্টেনোগ্রাফার। তাঁর পরিবারে শিক্ষাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে দেখা হতো। শৈশবে একটি রোটারি ফোনের সংযোগ পেতে তাঁকে প্রায় পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছিল। পরে প্রথমবার কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতাও তাঁর জীবনে বড় প্রভাব ফেলে। সেই অভিজ্ঞতাই প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে তাঁর আগ্রহ বাড়ায়। পরে আমেরিকার শ্রেণিকক্ষে ক্রোমবুক পৌঁছে দেওয়ার উদ্যোগেও এই অভিজ্ঞতার প্রভাব ছিল।

১৯৯৩ সালে উচ্চশিক্ষার জন্য ভারত ছাড়েন পিচাই। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ম্যাটেরিয়ালস সায়েন্সে স্নাতকোত্তর করেন। এরপর কিছুদিন সেমিকন্ডাক্টর শিল্পে কাজ করে হোয়ার্টন স্কুল থেকে এমবিএ করেন। পরে পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসি অ্যান্ড কোম্পানিতে কাজ করার পর ২০০৪ সালে গুগলে যোগ দেন পণ্য ব্যবস্থাপক হিসেবে।

গুগলে যোগ দেওয়ার সময় তিনি খুব বেশি পরিচিত ছিলেন না। তবে এক দশকের মধ্যেই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতাদের নজরে আসেন। ২০১৫ সালে গুগলের সিইও এবং ২০১৯ সালে নবগঠিত মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সিইও হন তিনি।

স্বস্তির বদলে চ্যালেঞ্জ বেছে নিন

তরুণ পেশাজীবীদের জন্য প্রচলিত ক্যারিয়ার পরামর্শে সাধারণত আত্মবিশ্বাস বাড়ানো, নিজের শক্তির জায়গা চেনা এবং যেখানে নিজের দক্ষতা সবচেয়ে বেশি কাজে লাগবে—সেখানে কাজ করার কথা বলা হয়। পিচাইয়ের পরামর্শ কিছুটা ভিন্ন। তিনি বরং এমন জায়গায় যাওয়ার কথা বলেন, যেখানে নিজের দক্ষতা অন্যদের তুলনায় কম মনে হতে পারে। সেই অস্বস্তিকে সমস্যা হিসেবে না দেখে শেখার সুযোগ হিসেবে নেওয়াই তাঁর পরামর্শ।

এ বিষয়ে পিচাই একা নন। আইবিএমের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জিনি রোমেটিও প্রায় একই ধরনের কথা বলেছেন। তাঁর মতে, উন্নতি ও স্বস্তি একসঙ্গে চলে না। পিচাইও শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন আলোচনায় বলেছেন, শেখার পথে নিরাপত্তাহীনতা বা অনিশ্চয়তা থাকা স্বাভাবিক। ব্যর্থতাকেও ক্ষত হিসেবে না দেখে শেখার অংশ হিসেবে গ্রহণ করা উচিত।

অস্বস্তি থেকেই শেখার সুযোগ

এই পরামর্শের সবচেয়ে কঠিন দিক হলো, প্রতিদিন ইচ্ছা করে কঠিন পরিস্থিতি বেছে নেওয়া। এমন বৈঠকে বসা, যেখানে অন্যরা আপনার চেয়ে বেশি জানে, কিংবা এমন দলে কাজ করা, যেখানে নিজের দক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়—বেশির ভাগ মানুষই তা এড়িয়ে চলতে চান। সুযোগ থাকলে মানুষ সাধারণত সেই জায়গাই বেছে নেন, যেখানে তিনি আগে থেকেই ভালো করতে পারেন।

কিন্তু পিচাইয়ের মতে, এই প্রবণতাই অনেক সময় ক্যারিয়ারের অগ্রগতিকে সীমিত করে। নিজের দক্ষতার সীমা যেখানে চ্যালেঞ্জের মুখে পড়ে, সেখানেই শেখার সুযোগ বেশি। তরুণ পেশাজীবীদের জন্য তাঁর বার্তা স্পষ্ট—সব সময় আরামদায়ক জায়গা খুঁজে না নিয়ে মাঝেমধ্যে এমন জায়গায় যেতে হবে, যেখানে নিজেকে অন্যদের তুলনায় কম দক্ষ মনে হয়। কারণ, সেই অস্বস্তিই হয়তো নতুন কিছু শেখার এবং নিজের সামর্থ্যকে নতুনভাবে আবিষ্কার করার সবচেয়ে বড় সুযোগ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত