পবিত্র কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে এমন এক মহামানবের ওপর নাজিল হয়েছে, যিনি ছিলেন উম্মি; যাঁর কোনো অক্ষরজ্ঞান ছিল না। এটিই প্রমাণ করে, এ গ্রন্থের চমকপ্রদ আলংকারিক ভাষা ও শৈলী কোনো নিরক্ষর মানুষের ব্যক্তিগত ভাষা হতে পারে না। এই মহাগ্রন্থের অলৌকিকতা বিশেষ করে এর সাহিত্য ও ভাষাশৈলীতে নিহিত। কোরআনকে গণ্য করা হয় মহানবী (সা.)-এর শ্রেষ্ঠতম মাজেজা হিসেবে।
উন্নত ভাষা ও সাহিত্যশৈলীর উৎকর্ষে আকৃষ্ট হয়ে তৎকালীন আরবের কাফির মুশরিকরা পবিত্র কোরআনকে কখনো কাব্য, আবার কখনো জাদু বলে আখ্যায়িত করত। আল-কোরআনের অনিন্দ্য সুন্দর ভাষা ও সাহিত্যশৈলীর উৎকর্ষের কারণেই এটি প্রাণবন্ত ও চিত্তস্পর্শী। প্রতিটি শব্দ ও বাণীর আবেদন মানবজীবনে চিরকালীন ও সর্বব্যাপী। কোরআনের সাহিত্য মান এতই ঊর্ধ্বে যে এর কোনো শব্দের বিকল্প হিসেবে অন্য শব্দ ব্যবহার করা যায় না।
কোরআন যখন নাজিল হয়, আরবে তখন খ্যাতিমান কবি-সাহিত্যিকের অভাব ছিল না। এতদসত্ত্বেও আল্লাহ যখন কোরআনের অনুরূপ একটি সুরা বা আয়াত রচনার চ্যালেঞ্জ ঘোষণা করলেন, তখন তারা অপারগতা প্রকাশ করে বলতে বাধ্য হয়েছিল—‘লাইসা হাজা মিন কালামিল বাশার।’ অর্থাৎ, এটা কোনো মানব রচিত বাণী নয়। এর ভাষা, রচনাশৈলী ও বিন্যাস পদ্ধতি অত্যন্ত উঁচু মানের এবং পুরো কোরআনে তা সমভাবে বিস্তৃত।
কোরআনে শিক্ষণীয় বহু গল্পের অবতারণা করা হয়েছে, যা উন্নত মানের শিল্পসুষমায় ভরা। এই গল্পগুলো নিছক কল্পনাপ্রসূত কথাসাহিত্য নয়, বরং মানবজীবনের ইতিহাসে ঘটে যাওয়া বাস্তবতা। গল্পের মাধ্যমে আল্লাহর অস্তিত্বের প্রমাণ, নবী-রাসুলদের নবুওয়াতির প্রমাণ এবং আখিরাতের অবশ্যম্ভাবিতার প্রমাণপঞ্জি চমৎকার আঙ্গিক ও শৈলীতে উপস্থাপন করা হয়েছে। কোরআনের গল্পগুলোতে আরবের প্রচলিত রূপকথা বা কল্প-মিশ্রিত পৌরাণিক কাহিনির ধারা অনুপস্থিত। এর গল্প বলার শৈল্পিক এবং বিস্ময়কর ছন্দময়তা অনুভবকারীকে সহজেই আকৃষ্ট করে। যেমন সুরা ইউসুফে হজরত ইউসুফ (আ.)-এর জীবনের পুরো গল্পটি একটি অক্ষুণ্ন ধারায় বর্ণনা করা হয়েছে।

কোরবানি একটি পবিত্র ইবাদত, যার মূল ভিত্তি হলো নিয়ত এবং তাকওয়া। বর্তমান সময়ে কেনাবেচাকে স্বচ্ছ ও সহজ করতে অনেক খামারি জীবন্ত পশুর ওজন মেপে প্রতি কেজির একটি দাম নির্ধারণ করে দেন।
২ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৬ ঘণ্টা আগে
কোরবানি আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য মাধ্যম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ইরশাদ করেছেন—‘আল্লাহর কাছে পৌঁছায় না ওগুলোর (কোরবানির পশুর) মাংস ও রক্ত; বরং তাঁর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া।’ (সুরা হজ: ৩৭)
১৫ ঘণ্টা আগে
রাগ মানুষের একটি আচরণগত দিক। এর মন্দ প্রভাবই বেশি। রাগী মানুষকে কেউ ভালোবাসে না। এ কারণে রাসুল (সা.) তাঁর উম্মতকে রাগ করতে নিষেধ করেছেন এবং রাগ সংবরণকারীকে শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে