যুগ যুগ ধরে আফ্রিকা মহাদেশ থেকে পবিত্র মক্কার উদ্দেশে হজ পালনের জন্য ছুটে আসেন হজযাত্রীরা। হজের সফর যেন ত্যাগ, ধৈর্য ও অদম্য বিশ্বাসের এক জীবন্ত প্রতীক। দুর্গম পথ, প্রতিকূল আবহাওয়া আর সীমাহীন অনিশ্চয়তাকে সঙ্গী করে আফ্রিকান হাজিরা যেভাবে বছরের পর বছর বায়তুল্লাহর জিয়ারতে এসেছেন, তা বিশ্ব ইতিহাসের এক অনন্য অধ্যায়।
প্রাচীনকাল থেকেই বিশাল এই মহাদেশের আনাচকানাচ থেকে কাফেলাগুলো মক্কার পথে রওনা হতো। হেঁটে কিংবা পশুর পিঠে চড়ে এই সফর সম্পন্ন করতে সময় লাগত দীর্ঘ কয়েক মাস, কখনো-বা কয়েক বছর। এই যাত্রাপথ এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে অনেক হাজি গন্তব্যে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়তেন। রাস্তার ধারে বালুকাময় প্রান্তরে তাঁদের দাফন করা হতো। নিজ দেশের আত্মীয়স্বজনের সঙ্গে জীবনের শেষ দেখাটাও হতো না। কবরের চিহ্ন পর্যন্ত থাকত না জিয়ারতের জন্য। তবু আল্লাহর ঘরের টানে এই কাফেলা কখনো থামেনি।
আফ্রিকার প্রাচীন হজ পথ
পশ্চিম আফ্রিকার হাজিদের জন্য সবচেয়ে প্রাচীন ও পরিচিত একটি পথের নাম ছিল দারবুল আরবাইন। এই পথটি উত্তর নাইজেরিয়া ও দক্ষিণ নাইজারের হাউসা এলাকা হয়ে লোহিতসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। দীর্ঘ এই পথে কেবল আধ্যাত্মিকতাই নয়, অর্থনীতিরও একটি বড় ভূমিকা ছিল। আফ্রিকান পণ্যের পসরা নিয়ে এই বিশাল কাফেলাগুলো যখন মরুভূমি পাড়ি দিত, তখন যাত্রাপথের বিভিন্ন বিরতিস্থলগুলো একেকটি জমজমাট বাণিজ্যকেন্দ্রে পরিণত হতো।
আজ আধুনিক যানবাহনের যুগে সেই প্রাচীন পথগুলো হয়তো আগের মতো ব্যবহৃত হয় না, কিন্তু আফ্রিকান সাহিত্য ও লোকগাথায় সেই সফরের স্মৃতি আজও অমলিন। বিশেষ করে সুদান ও নাইজেরিয়ার সাহিত্যে সেই দুর্গম সফরের আবেগঘন বর্ণনা ও কবিতা আজও মানুষকে আপ্লুত করে। মানুষ বিমোহিত হয় পূর্বপুরুষদের হজযাত্রার সাহসের গল্প শুনে।
বিপৎসংকুল যাত্রা ও জীবনের ঝুঁকি
অতীতের সেই হজের সফর ছিল ডাকাতের আক্রমণ, মহামারি আর বন্য পশুর ভয়াল থাবায় ঘেরা। শারীরিক ও মানসিক কষ্টের সীমা ছিল না। কথিত আছে, অনেক হাজি সফরের অনিশ্চয়তার কথা ভেবে রওনা হওয়ার আগে নিজ স্ত্রীকে তালাক দিয়ে আসতেন, যাতে তিনি ফিরে না এলে সন্তানদের ভবিষ্যৎ ও স্ত্রীর জীবন অনিশ্চিত হয়ে না পড়ে। যেন প্রাণের স্ত্রী অন্য কোনো সঙ্গী নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে পারেন।
কখনো-বা যাত্রাপথে টাকা ফুরিয়ে গেলে কোনো এক জনপদে তাঁরা বছরের পর বছর কাজ করতেন, টাকা জমাতেন এবং পুনরায় মক্কার পথে যাত্রা শুরু করতেন। এই যাত্রার ফলে এক বিচিত্র জনতাত্ত্বিক পরিবর্তনও দেখা গেছে। সুদান, চাদ বা ক্যামেরুন থেকে আসা হাজার হাজার হাজি সফরের ক্লান্তিতে বা ভালো লাগার টানে বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। আজকের সুদান বা সৌদি আরবের সামাজিক বুননে পশ্চিম আফ্রিকার এই মানুষের উপস্থিতি মূলত সেই প্রাচীন হজ সফরেরই দান।
আফ্রিকান সমাজে হাজিদের মর্যাদা
আফ্রিকান মুসলিম সমাজে একজন হাজির মর্যাদা আকাশচুম্বী। সফর শেষে যখন একজন হাজি নিজ গ্রামে ফিরে আসেন, তাঁকে অশেষ শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে বরণ করে নেওয়া হয়। হাজি উপাধিটি তাঁর নামের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। এমনকি হজ থেকে ফিরে আসার পর হাজিদের বাড়ির সদর দরজায় কোরআনের আয়াত ও দোয়া খোদাই করে রাখা হয়, যা এই আধ্যাত্মিক সফরের সাক্ষ্য বহন করে এবং সমাজে তাঁর নতুন মর্যাদাকে তুলে ধরে।
আধুনিক যুগে আফ্রিকার হজ
পরিবহনব্যবস্থার আধুনিকায়নের ফলে আফ্রিকার হজের চিত্র এখন আমূল বদলে গেছে। মাসের সফর এখন ঘণ্টার ব্যাপার। উদাহরণস্বরূপ, ২০২৫ সালের হজের জন্য গিনি সরকার যে অভাবনীয় ব্যবস্থাপনা গ্রহণ করেছিল, তা প্রশংসার দাবি রাখে। ১১ মে ২০২৫ থেকে গিনির হাজিদের প্রথম দল কনাক্রি বিমানবন্দর থেকে মক্কার উদ্দেশে রওনা হয়। গিনি সরকার এবার হাজিদের জন্য বিশেষ ভর্তুকি এবং ই-ব্যান্ড সরবরাহ করে। এই ব্যান্ডের মাধ্যমে হাজিদের স্বাস্থ্যগত অবস্থা ও অবস্থান পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে যাঁরা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, তাঁদের জন্য এটি একটি বড় সুরক্ষা। এ ছাড়া প্রতিটি কাফেলার সঙ্গে দক্ষ চিকিৎসক ও প্রশাসনিক টিম পাঠানো হয়, যাতে হজের প্রতিটি রুকন হাজিরা নির্ভুলভাবে পালন করতে পারেন।
প্রযুক্তির অগ্রযাত্রায় হজের সফর সহজতর হলেও আফ্রিকার হাজিদের সেই প্রাচীন ত্যাগের ইতিহাস আজও ইসলামি ঐতিহ্যের অংশ হয়ে আছে। আফ্রিকার ধূসর মরুভূমি থেকে মক্কার তপ্ত বালুকাময় প্রান্তরে মিশে যাওয়া সেই লাখো মুমিনের পদচিহ্ন আজও সাক্ষ্য দেয় যে ইমানের কোনো নির্দিষ্ট সীমানা নেই। জিলকদ আর জিলহজের চাঁদে যখন আকাশ আলোকিত হয়, তখন আফ্রিকার প্রতিটি প্রান্ত থেকে বায়তুল্লাহর দিকে ছুটে চলা মুমিনদের কণ্ঠে ধ্বনিত হয় সেই চিরন্তন ধ্বনি ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’।

ইসলামের বিভিন্ন হুকুম-আহকাম পালনের ক্ষেত্রে আমরা প্রায়ই ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল ও মুস্তাহাব পরিভাষাগুলোর মুখোমুখি হই। সাধারণ দৃষ্টিতে ফরজ ও ওয়াজিব উভয়টি পালন করা অবশ্য-করণীয় মনে হলেও, ফিকহি দৃষ্টিকোণ থেকে এদের দলিল ও আমলি মর্যাদায় সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য রয়েছে।
১ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৫ ঘণ্টা আগে
আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের সাম্প্রতিক নির্দেশনা অনুসারে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) তত্ত্বাবধানে দিনব্যাপী এক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের আঞ্চলিক শিক্ষা বোর্ড ‘ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর’-এর...
১৭ ঘণ্টা আগে
বইটিতে মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে। ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তপ্ত সামরিক পরিস্থিতির কারণে সফর বিলম্বিত হওয়ার অভিজ্ঞতা এতে বর্ণিত হয়েছে। এ ছাড়া সফরের পথে কাতারে ১২ ঘণ্টার অবস্থানকালীন পর্যবেক্ষণ থেকে মধ্যপ্রাচ্যের অর্থনীতি, ২০২৫ সালের...
১৭ ঘণ্টা আগে