শীতকালে ফরজ গোসলের সময় যে ৬ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন

শীতের সকালে বা ঠান্ডা আবহাওয়ায় স্বাভাবিক গোসলের পাশাপাশি ফরজ গোসল করা অনেকের জন্যই বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ঠান্ডা পানির ভয়ে বা তাড়াহুড়োর কারণে শীতকালে অনেক সময় গোসলের ফরজ বিধান কিংবা শরীরের কোনো অংশ ভেজানোর ক্ষেত্রে গাফিলতি হয়ে যায়। অথচ একজন মুমিনের নামাজসহ বেশকিছু ইবাদত শুদ্ধ হওয়ার প্রথম শর্ত হলো পবিত্রতা।
পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা অপবিত্র অবস্থায় গোসলের মাধ্যমে শরীর পবিত্র করার নির্দেশ দিয়েছেন (সুরা মায়িদাহ: ৬) এবং রাসুলুল্লাহ (সা.) পবিত্রতাকে ইমানের অংশ বলেছেন। তাই শীতের তীব্রতা বা ব্যস্ততা যা-ই থাকুক না কেন, ফরজ গোসলের আবশ্যকীয় নিয়ম ও সতর্কতাগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি। শীতকালে ফরজ গোসলের ফরজ বিধান, সুন্নত পদ্ধতি এবং জরুরি সতর্কতাগুলো নিচে তুলে ধরা হলো:
ফরজ গোসলের মূল স্তম্ভ তিনটি
শীত বা গ্রীষ্ম—যেকোনো মৌসুমেই ফরজ গোসল শুদ্ধ হওয়ার জন্য নিচের তিনটি ফরজ কাজ যথাযথভাবে সম্পন্ন করা আবশ্যক। এর কোনো একটি বাদ পড়লে গোসল হবে না এবং ব্যক্তি অপবিত্রই থেকে যাবেন:
- মুখ ভরে কুলি করা: ভালোভাবে মুখ ভরে পানি নিয়ে গড়গড়াসহকারে কুলি করা। (রোজাদার না হলে গড়গড়া করবে।)
- নাকে পানি পৌঁছানো: নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো।
- পুরো শরীর ভেজানো: মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত দেহের প্রতিটি অংশে পানি পৌঁছানো।
সুন্নাহসম্মত উপায়ে ফরজ গোসল
ঠান্ডার কারণে দ্রুত গোসল সারতে গিয়ে যেন সুন্নাহর গুরুত্বপূর্ণ ধাপগুলো বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখা উচিত। হাদিসের আলোকে রাসুলুল্লাহ (সা.)-এর গোসলের আদর্শ পদ্ধতি হলো:
- ক. প্রথমে দুই হাত ধুয়ে নেওয়া এবং প্রয়োজনে প্রস্রাব করা (যাতে বীর্য বা অপবিত্রতা পুরোপুরি বের হয়ে যায়)।
- খ. এরপর গোপন অঙ্গ ভালোভাবে পরিষ্কার করে নেওয়া।
- গ. নামাজের অজুর মতো পূর্ণাঙ্গ অজু করা; তবে গোসলের স্থানে পানি জমে থাকলে সবার শেষে পা ধোয়ার কাজটি করা যেতে পারে।
- ঘ. এরপর প্রথমে মাথায় তিনবার পানি ঢালা, তারপর প্রথমে শরীরের ডান অংশে এবং পরে বাঁ অংশে পানি ঢেলে পুরো শরীর ভালোভাবে ধৌত করা।
শীতকালে ফরজ গোসলে যেসব বিষয়ে বিশেষ সতর্কতা জরুরি
শীতকালে ঠান্ডা পানির কারণে শরীর কুঁচকে থাকা বা তাড়াহুড়োর প্রবণতায় শরীরের কোনো অংশ শুকনো থেকে যাওয়ার ঝুঁকি থাকে। অথচ শরীরের সামান্য পরিমাণ জায়গাও শুকনো থাকলে ফরজ গোসল শুদ্ধ হয় না। তাই নিচের বিষয়গুলোতে বিশেষ নজর দেওয়া প্রয়োজন:
- ১. শরীরের ভাঁজ ও গহ্বর: নাভির ভেতর, কানের ছিদ্র ও ভাঁজ, বগল এবং হাত-পায়ের আঙুলের ফাঁকগুলোতে পানি পৌঁছানো নিশ্চিত করতে হবে। প্রয়োজনে হাত দিয়ে ঘষে পানি পৌঁছাতে হবে।
- ২. অলংকার ও গয়না: হাতে আংটি, ঘড়ি কিংবা নারীদের ক্ষেত্রে নাকফুল বা কানের দুল থাকলে সেগুলো নাড়িয়ে ভেতরে পানি পৌঁছাতে হবে; অন্যথায় ওই জায়গা শুকনা থাকলে গোসল হবে না।
- ৩. চুল ও দাড়ি: পুরুষদের দাড়ি, গোঁফ ও মাথার চুলের গোড়ায় যেন পানি পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে।
- ৪. নারীদের চুলের বিধান: নারীদের চুল যদি বেণি বা খোঁপা করা থাকে এবং তা না খুলেই চুলের গোড়ায় পানি পৌঁছানো সম্ভব হয়, তবে বেণি খোলা জরুরি নয়; তবে চুল খোলা থাকলে সম্পূর্ণ চুল ভেজানো ফরজ।
- ৫. প্রতিবন্ধক দ্রব্য: নখে নেলপালিশ, শরীরে সুপার গ্লু বা রং লেগে থাকলে তা তুলে পানি পৌঁছানো নিশ্চিত করতে হবে। কারণ, এগুলো চামড়ায় পানি পৌঁছাতে বাধা দেয়।
- ৬. দাঁতের ক্যাপ বা ফিলিং: দাঁতে স্থায়ী ক্যাপ বা স্থায়ীভাবে লাগানো কিছু থাকলে যা খোলা ক্ষতিকর, তা খোলার প্রয়োজন নেই; কিন্তু সহজে খোলা যায় এমন কিছু থাকলে খুলে নিচে পানি পৌঁছাতে হবে।
শীতকালে ঠান্ডা পানিতে কষ্ট হলে সাধ্যমতো কুসুম গরম পানি ব্যবহার করা যেতে পারে। আর পবিত্রতা অর্জনের মূল শর্তগুলো যথাযথভাবে পালিত হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।
শীতের আবহাওয়া ও ঠান্ডা পানির কারণে গোসলে আলসেমি বা তাড়াহুড়ো আসা স্বাভাবিক হলেও পবিত্রতার প্রশ্নে কোনোভাবেই আপস করার সুযোগ নেই। শরীরের একটি চুল পরিমাণ জায়গাও শুকনো থাকলে গোসল পূর্ণাঙ্গ হয় না—তাই ধীরস্থিরভাবে, মনোযোগসহকারে ফরজ ও সুন্নত আদায় করে পবিত্রতা অর্জন করা প্রতিটি মুমিনের দায়িত্ব।
লেখক: ইসলামবিষয়ক গবেষক









