Ajker Patrika

জোহরের নামাজ কত রাকাত? সঠিক নিয়ম ও নিয়ত জানুন

তাসনিফ আবীদ
জোহরের নামাজ কত রাকাত? সঠিক নিয়ম ও নিয়ত জানুন
নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: সংগৃহীত

দৈনন্দিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে দিনের দ্বিতীয় ওয়াক্ত হলো জোহরের নামাজ বা صلاة الظهر। মধ্যাহ্নের কর্মব্যস্ততার মাঝে জোহরের নামাজ মানুষের মনে আত্মিক প্রশান্তি ও আল্লাহর নৈকট্য পৌঁছে দেয়। সঠিক নিয়মে নামাজ আদায় করা অত্যন্ত জরুরি। কারণ, নিয়ম না জেনে নামাজ পড়লে তা সঠিকভাবে আদায় হয় না।

জোহরের নামাজ কত রাকাত?

জোহরের নামাজে আবশ্যিক (ফরজ ও সুন্নতে মুআক্কাদা) মোট ১০ রাকাত। তবে এর সঙ্গে নফল যুক্ত করলে মোট ১২ রাকাত হয়।

রাকাতগুলোর বিন্যাস নিম্নরূপ:

  • ১. প্রথম ৪ রাকাত: সুন্নতে মুআক্কাদা
  • ২. পরের ৪ রাকাত: ফরজ
  • ৩. পরের ২ রাকাত: সুন্নতে মুআক্কাদা
  • ৪. শেষ ২ রাকাত: নফল

অর্থাৎ চার রাকাত সুন্নত, চার রাকাত ফরজ এবং দুই রাকাত সুন্নত—এই ১০ রাকাত হলো জোহরের মূল ও আবশ্যক অংশ। এরপর কেউ চাইলে অতিরিক্ত ২ রাকাত নফল আদায় করতে পারেন।

জোহরের নামাজের সময়

  1. ওয়াক্ত শুরু: দ্বিপ্রহরের পর সূর্য যখন পশ্চিমাকাশে সামান্য ঢলে পড়ে, তখন জোহরের সময় শুরু হয়। সহজ কথায়, ঠিক মাথার ওপরের সূর্য একটু হেলে পড়ার সময় বস্তুর যে সবচেয়ে ছোট ছায়া থাকে, তাকে ‘ছায়ায় আসলি’ বলে। এই ছায়ায় আসলি বৃদ্ধি পেতে শুরু করলেই জোহরের সময় শুরু হয়।
  2. উত্তম সময়: ছায়ায় আসলি বাদে কোনো বস্তুর ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত জোহর পড়া মুস্তাহাব বা উত্তম।
  3. ওয়াক্ত শেষ: ছায়ায় আসলি ব্যতীত মূল বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে (আসরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত)।

জোহরের নামাজের নিয়ম ও নিয়ত

নামাজের নিয়ম সাধারণ চার রাকাত নামাজের মতোই। নিয়ত মূলত মনের সংকল্প, তবে মুখে বলাও জায়েজ।

১. প্রথম ৪ রাকাত সুন্নতে মুআক্কাদা

বাংলা নিয়ত: ‘আমি কেবলামুখী হয়ে আল্লাহর জন্য জোহরের চার রাকাত সুন্নত নামাজ আদায়ের নিয়ত করছি—আল্লাহু আকবার।’

পড়ার নিয়ম: চার রাকাতের প্রতিটি রাকাতেই সুরা ফাতিহার পর অন্য কোনো সুরা মিলাতে হবে। দ্বিতীয় রাকাতে তাশাহহুদ (আত্তাহিয়্যাতু) পড়ে উঠে দাঁড়িয়ে তৃতীয় ও চতুর্থ রাকাতেও সুরা মিলাতে হবে।

২.৪ রাকাত ফরজ

একাকী পড়ার বাংলা নিয়ত: ‘আমি কেবলামুখী হয়ে আল্লাহর জন্য জোহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করছি—আল্লাহু আকবার।’

ইমামের পেছনে পড়ার নিয়ত: ‘আমি কেবলামুখী হয়ে এই ইমামের পেছনে জোহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করছি—আল্লাহু আকবার।’

পড়ার নিয়ম: প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার পর অন্য সুরা মিলাতে হবে। দ্বিতীয় রাকাতে বৈঠকে শুধু ‘আত্তাহিয়্যাতু’ পড়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতে হবে। তৃতীয় ও চতুথ রাকাতে কেবল সুরা ফাতিহা পড়তে হবে (অন্য সুরা মেলানো যাবে না)।

৩.২ রাকাত সুন্নতে মুআক্কাদা

বাংলা নিয়ত: ‘আমি কেবলামুখী হয়ে আল্লাহর জন্য জোহরের দুই রাকাত সুন্নত নামাজ আদায়ের নিয়ত করছি—আল্লাহু আকবার।’

পড়ার নিয়ম: সাধারণ দুই রাকাত বিশিষ্ট সুন্নতের নিয়মে উভয় রাকাতেই সুরা ফাতিহার পর অন্য সুরা মিলিয়ে রুকু-সেজদা ও শেষ বৈঠক করে সালাম ফেরাতে হবে।

৪.২ রাকাত নফল

বাংলা নিয়ত: ‘আমি কেবলামুখী হয়ে আল্লাহর জন্য দুই রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি—আল্লাহু আকবার।’

পড়ার নিয়ম: সাধারণ দুই রাকাত নামাজের নিয়মে আদায় করতে হয়।

জোহরের নামাজের কিছু বিশেষ বিধান

  1. জামাতের গুরুত্ব: ফরজ চার রাকাত জামাতে আদায় করা উত্তম। জামাতে নামাজ আদায় করলে একাকী পড়ার চেয়ে ২৭ গুণ বেশি সওয়াব পাওয়া যায় এবং মুসলিমদের মধ্যে সামাজিক বন্ধন ও ঐক্য সুদৃঢ় হয়।
  2. মুসাফিরের কসর: সফরে থাকলে (প্রায় ৭৭ কিমি বা তার বেশি দূরত্বের ভ্রমণে) চার রাকাত ফরজ নামাজকে সংক্ষিপ্ত করে দুই রাকাত (কসর) পড়তে হয়। তবে সুন্নতে মুআক্কাদা সময়ে সুযোগ থাকলে পড়া ভালো, তাড়াহুড়ো বা কষ্ট থাকলে ছাড় দেওয়া যায়।
  3. কাজা নামাজ: কোনো কারণে জোহরের সময় পার হয়ে গেলে পরবর্তী সময় শুধু চার রাকাত ফরজ নামাজের কাজা আদায় করে নিতে হয়।

জুমাবার (শুক্রবার) জোহরের ওয়াক্তে জোহরের নামাজের পরিবর্তে দুই রাকাত জুমার ফরজ নামাজ জামাতে আদায় করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত