Ajker Patrika

নানা আয়োজনে নজর কাড়ছে ইসলামি বইমেলা

ইমরান ওবাইদ
নানা আয়োজনে নজর কাড়ছে ইসলামি বইমেলা
ছবি: সংগৃহীত

ধর্মীয় পাঠকদের অন্যতম আকর্ষণের জায়গা আন্তর্জাতিক ইসলামি বইমেলা। দেশি-বিদেশি প্রকাশনীগুলো যখন নান্দনিক সাজে স্টল সাজিয়ে বসে, নতুন বইয়ের ঘ্রাণে যখন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ও পূর্ব চত্বর ম-ম করে, তখন দূর-দূরান্ত থেকে এখানে ছুটে আসেন ধর্মপ্রাণ লেখক-পাঠক। স্টল ঘুরে উল্টেপাল্টে বই দেখা, লেখা নিয়ে মতবিনিময়, বই কিনে অটোগ্রাফ সংগ্রহ—এ যেন মাসব্যাপী বইকেন্দ্রিক ঈদের আমেজ।

এ দেশে ইসলামি বইমেলার চল শুরু স্বাধীনতা-পরবর্তী সময় থেকেই। বাহাত্তরের পর দেশবরেণ্য আলেমদের তত্ত্বাবধানে বায়তুল মোকাররমে শুরু হয় ওয়াজ মাহফিল ও সিরাতের আয়োজন। সেসব আয়োজনকে ঘিরে বই বিপণন কেন্দ্রগুলোও সাজিয়ে বসত বইয়ের পসরা, যা ধীরে ধীরে মেলার রূপ নেয়।

নব্বইয়ের দশকে ইসলামি বইমেলা হতো জাঁকজমকভাবে। সে সময় জাতীয় মসজিদের চত্বরে বছরে তিনটি মেলা বসত। দেশের অভিজাত এবং আন্তর্জাতিক প্রকাশনীগুলো বইয়ের পসরা সাজিয়ে বসত মেলার প্রাঙ্গণে—কখনো দক্ষিণ তো কখনো উত্তর গেটের সামনে। পবিত্র মাহে রমজান, সিরাতের মাস রবিউল আউয়াল ও ফেব্রুয়ারিতে হতো সেই মেলাগুলো।

পরে নানা অনিয়ম ও দুর্নীতির প্রভাবে তা অনেকটাই স্তিমিত হয়ে যায়। তবে কয়েক বছর ধরে আবারও প্রাণ ফিরে পায় ধর্মীয় এই আয়োজন। নবোদ্যমে, নতুন আঙ্গিকে, বৈচিত্র্যময় নানা আয়োজনে আবারও শুরু হয় আন্তর্জাতিক ইসলামি বইমেলা।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বইমেলায় শতাধিক প্রকাশনীর বই

এবারের মেলা কিছুটা বিলম্বে শুরু হলেও জাঁকজমকে রয়েছে নান্দনিকতা। আয়োজকদের তথ্যানুযায়ী, মেলায় স্টল রয়েছে ১৪৪টি, যেখানে দেশি-বিদেশি মোট ১০০টির বেশি প্রকাশনা প্রতিষ্ঠানের বই পাওয়া যাচ্ছে। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, ভারত, মিসর ও লেবাননের কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে।

আন্তর্জাতিক ইসলামি বইমেলার চত্বর প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। আর ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। গত ১২ সেপ্টেম্বর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এই মেলা, শেষ হবে চলতি মাসের ১১ অক্টোবর। তবে অন্যান্য বারের মতো মেলার সময় বাড়তে পারে বলেও মনে করছেন অনেকে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেলায় নানা আয়োজন

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ইসলামি বইমেলাকে প্রাণবন্ত রাখতে গতবারের মতো এবারও রয়েছে লিটলম্যাগ, লেখক, শিশু ও মহিলা কর্নার। আরও রয়েছে ঘোষণা মঞ্চ, তথ্য ও মিডিয়া কর্নার। পরিচ্ছন্নতাকর্মীরাও সক্রিয় মেলার পুরোটা সময়জুড়ে।

লিটলম্যাগ ও লেখক কর্নার সব সময় প্রাণবন্ত। বৃহস্পতি ও শুক্রবারে এখানে যোগ হয় নতুন আমেজ। চলে একের পর এক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, লেখক-পাঠকদের প্রাণখোলা আড্ডা। আর দক্ষিণ চত্বরের সিঁড়িঘেঁষা মসজিদের কোণ এবং পূর্ব চত্বরের শেষ প্রান্তের ঘোষণা মঞ্চে প্রতিনিয়ত চলে নানা আয়োজন। কখনো কুইজ প্রতিযোগিতা, বইয়ের মোড়ক উন্মোচন তো কখনো বড় পরিসরে লেখক-পাঠকদের মতবিনিময়।

পূর্ব চত্বরের নিচের অংশে স্টলগুলোর ফাঁকে ফাঁকে রয়েছে আরও দুটি কর্নার—রকমারি ও মুসান্নিফ গ্রুপ। এসব কর্নারেও চলে মোড়ক উন্মোচন। জমে গল্পের উৎসব, বই ও সাহিত্য আড্ডা। এখানে সন্ধ্যা নামতেই শিল্পীরা মন খুলে ধরেন কাওয়ালি সুর।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এবারের নতুন সংযোজন

চলতি বছরের ইসলামি বইমেলা গতবারের তুলনায় অনেকটা ভিন্ন আঙ্গিকে সজ্জিত। জুলাই কর্নার, শাপলা কর্নারসহ নতুন হিসেবে যোগ হয়েছে সীরাহ এক্সিবিশন—যা মেলার সৌন্দর্যবর্ধনের পাশাপাশি আকর্ষণ করছে নতুন দর্শক ও ধর্মীয় পাঠকদের। কী আছে নতুন যোগ হওয়া এই কর্নারগুলোতে?

জুলাই ও শাপলা কর্নার

বায়তুল মোকাররম থেকে পূর্ব গেট দিয়ে বের হয়ে মেলায় প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে দুটি ব্যতিক্রমী কর্নার। কর্নার দুটোর দেয়াল সজ্জিত হয়েছে কওমি মাদ্রাসার শহীদদের ছবিতে। প্রতিটি ছবি যেন এক-একটি স্মৃতির উপাখ্যান। মনে করিয়ে দেয় ২০১৩ সালের ৫ মে ও চব্বিশের গণ-অভ্যুত্থানের কথা।

শাপলা কর্নারে প্রবেশ করলে শুরুতেই দৃষ্টি কেড়ে নেয় গোল ফ্রেমে সাঁটানো এক ঐতিহাসিক ছবি—৫ মে শাপলা চত্বরে আগত লাখো মানুষের সম্মেলন সেখানে। ওপরের ডান দিকে ছবিতে ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে শাপলা আন্দোলনের রাহবার আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীসহ নেতৃবৃন্দের। বাঁ দিকে রয়েছে গণ-অভ্যুত্থান-পরবর্তী শাপলাকেন্দ্রিক নানা কার্যক্রমের ছবি।

শাপলা কর্নারের ডান পাশের অস্থায়ী দেয়াল ও বাইরের অংশে ব্যানারে সাঁটানো কিছু রক্তাক্ত ছবি। সেদিকে তাকাতে ভীষণ কষ্ট হয় মনে। দীর্ঘ এক যুগ পরও সে রাতের ভয়াল স্মৃতি মনের ভেতর শিহরণ তোলে আজও।

শাপলা কর্নারের সামনের স্টলটিই জুলাই কর্নার। এই কর্নারটিও সেজেছে শহীদ ও গাজিদের ছবিতে। প্রতিটি ছবিই যেন নীরবে মাদ্রাসাশিক্ষার্থীদের বীরত্বের গল্প বলে। আন্দোলনরত সেই ছবিগুলোর দিকে তাকালে কান্নার মিশেলে মনে পড়ে এক আনন্দঘন মুহূর্ত—৩৬ জুলাই। সেদিন শত শহীদের ব্যথা বুকে নিয়েও হেসেছিল সবাই। মেলার এই কর্নার দুটো পুরোনো সেই স্মৃতির মন্থন।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সীরাহ এক্সিবিশন

মেলার অন্যতম প্রধান আকর্ষণ—ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত ‘সীরাহ এক্সিবিশন’। পূর্ব চত্বরের শেষাংশে এর অবস্থান। প্রায় ১৩টির মতো প্রতীকী দৃশ্যে সাজানো নবী যুগের এক উজ্জ্বল প্রদর্শনী। এর প্রধান লক্ষ্য—নতুন প্রজন্মের কাছে নবীজি (সা.)-এর জীবন ও শিক্ষাকে আকর্ষণীয় এবং প্রাণবন্ত করে উপস্থাপন করা।

মেলায় ঘুরতে আসা অভিভাবকদের দাবি—বইয়ের পাশাপাশি এমন প্রতীকী চিহ্নে নবী যুগের প্রদর্শনী আরও বড় পরিসরে বারবার হওয়া চাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত