Ajker Patrika

লেবাননে ইসরায়েলি হামলায় দুই ভাইসহ পরিবারের চার সদস্য হারিয়েছিলেন মিশিগানের সিনাগগে হামলাকারী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৫: ৩০
লেবাননে ইসরায়েলি হামলায় দুই ভাইসহ পরিবারের চার সদস্য হারিয়েছিলেন মিশিগানের সিনাগগে হামলাকারী
আইমান মোহাম্মদ গাজালি বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চালিয়ে টেম্পল ইসরায়েল সিনাগগে ঢুকে পড়েন। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি সিনাগগে গত বৃহস্পতিবারে গাড়ি নিয়ে হামলার ঘটনা ঘটে। এ হামলায় আইমান মোহাম্মদ গাজালি নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি লেবাননে চলমান সংঘাতে গাজালি তাঁর পরিবারের চার সদস্যকে হারিয়েছিলেন।

তদন্তকারীরা জানান, এই হামলার ঠিক এক সপ্তাহ আগে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় গাজালির দুই ভাই ও তাঁদের দুই সন্তান নিহত হন। লেবাননের যে গ্রামে তাঁরা বসবাস করতেন, সেখানকার মেয়র সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

লেবাননের মাশগারা গ্রামের মেয়র ইস্কান্দার বারাকেহ ফোনে সিএনএনকে জানান, ৫ মার্চ ইসরায়েলের বিমান হামলায় গাজালির ভাই কাসিম ও ইব্রাহিম নিহত হন। একই হামলায় ইব্রাহিমের সন্তান আলী ও ফাতিমাও নিহত হয়। ওই হামলায় দুই ভাইয়ের স্ত্রী এবং গাজালির মা-বাবাও আহত হন।

মেয়র বারাকেহ জানান, বৈরুত থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত এই গ্রামে সম্প্রতি তিনটি হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট একটি আর্থিক প্রতিষ্ঠানে হামলাও ছিল, যাতে কাছাকাছি একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়। শুরুতে গ্রামের কিছু বাসিন্দা এলাকা ছেড়ে চলে গেলেও সাম্প্রতিক সময়ে অনেকে আবার ফিরে আসতে শুরু করেছেন।

এদিকে তদন্তকারী কর্মকর্তারা দাবি করছেন, গাজালির সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের যোগসূত্র ছিল। আর তাঁর নাম মার্কিন সরকারের ডেটাবেইস আগে থেকেই তালিকাভুক্ত ছিল।

তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানায়, আইমান মোহাম্মদ গাজালি হিজবুল্লাহর সরাসরি সদস্য না হলেও দলটির সন্দেহভাজন সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, আইমান মোহাম্মদ গাজালি বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চালিয়ে ডেট্রয়েটের কাছে ওয়েস্ট ব্লুমফিল্ড টাউনশিপে অবস্থিত টেম্পল ইসরায়েল সিনাগগে ঢুকে পড়েন। গাড়িটি সিনাগগে সজোরে ধাক্কা দেওয়ার পর তাতে আগুন ধরে যায়। এ ঘটনাকে এফবিআই ‘ইহুদি সম্প্রদায়ের ওপর পরিকল্পিত সহিংসতা’ হিসেবে অভিহিত করেছে।

হামলার ঘটনা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ডেট্রয়েট এফবিআই ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ জেনিফার রানিয়ান জানান, সিনাগগে গাড়ি নিয়ে হামলার পর গাজালি নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করেন। এর আগে তিনি গাড়ির ভেতর থেকে গুলি ছুড়লে নিরাপত্তাকর্মীরাও পাল্টা গুলি চালান। এই ঘটনায় একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন এবং ধোঁয়ার কারণে অন্তত ৩০ জন পুলিশ সদস্যকে চিকিৎসা নিতে হয়েছে।

আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানান, হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট ‘পরিচিত বা সন্দেহভাজন সন্ত্রাসীদের’ সঙ্গে যোগসূত্র থাকায় গাজালির নাম আগে থেকেই ফেডারেল ডেটাবেইসে ছিল। লেবানন থেকে আসা গাজালি যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক নাগরিকত্ব (ন্যাচারালাইজড সিটিজেন) পেয়েছিলেন।

তবে ওই কর্মকর্তারা জানান, গাজালির নাম হিজবুল্লাহর সদস্য হিসেবে ডেটাবেইসে তালিকাভুক্ত ছিল না।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গাজালির সর্বশেষ বিদেশ সফর ছিল ২০১৯ সালে, যখন তিনি যুক্তরাষ্ট্র থেকে লেবাননে যান। পরে তিনি আটলান্টা হয়ে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। সে সময় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সিস্টেমে তাঁকে ‘থ্রেশহোল্ড টার্গেটিং’-এর আওতায় চিহ্নিত করা হয়। কারণ, আগে থেকেই সন্দেহভাজন হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগের তথ্য ছিল।

সেই সময় কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে গাজালি দাবি করেন, চুল প্রতিস্থাপনের চিকিৎসা নিতে বিদেশে গিয়েছিলেন তিনি। সিবিপি তাঁর ফোন পরীক্ষা করে এবং সেখানে হিজবুল্লাহর সন্দেহভাজন সদস্যদের কন্টাক্ট নম্বর পাওয়া গিয়েছিল। তবে ওই ব্যক্তিরা কারা ছিলেন বা তাদের সঙ্গে গাজালির সম্পর্ক কী ছিল, তা স্পষ্ট নয়।

ডেট্রয়েট শহরতলির ডিয়ারবর্ন হাইটসের মেয়র মো বায়দুন এক বিবৃতিতে বলেন, ‘প্রত্যেক মানুষের শান্তিতে ইবাদত করার অধিকার রয়েছে। কোনো উপাসনালয়ে হামলার ঘটনাকে আমরা দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই।’

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী, ২০১১ সালে যুক্তরাষ্ট্রে আসেন গাজালি। তিনি একজন মার্কিন নাগরিকের স্বামী হিসেবে ভিসা পেয়েছিলেন। পরে ২০১৬ সালে তিনি দেশটির নাগরিকত্ব পান।

ডিয়ারবর্ন হাইটসের একটি মধ্যপ্রাচ্যভিত্তিক রেস্তোরাঁয় তিনি কাজ করতেন বলে রেস্তোরাঁটির এক কর্মী জানান। তবে রেস্তোরাঁটির একজন ব্যবস্থাপক এ বিষয়ে আরও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

ওয়েইন কাউন্টি আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে গাজালির স্ত্রী বিবাহবিচ্ছেদের আবেদন করেন এবং ২০২৫ সালের মার্চে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

তদন্তকারী কর্মকর্তা রানিয়ান জানান, গাজালির ব্যবহৃত ট্রাক থেকে বিপুল পরিমাণ ‘কমার্শিয়াল গ্রেড’ আতশবাজি এবং কয়েক জগ জ্বালানি তেল (পেট্রল) উদ্ধার করা হয়েছে। হামলার দুই দিন আগে তিনি লিভোনিয়ার একটি দোকান থেকে ২ হাজার ২৫০ ডলার মূল্যের আতশবাজি কেনেন। বলে দোকানটির প্রেসিডেন্ট ও জেনারেল কাউন্সেল উইলিয়াম ওয়েইমার জানান, ঈদের কেনাকাটা করার কথা বলে অত্যন্ত হাসিখুশি মনেই তিনি এসব আতশবাজি সংগ্রহ করেছিলেন।

সিএনএনের হাতে পাওয়া নজরদারি ভিডিওতে দেখা যায়, গাজালি আতশবাজি কিনছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, তাঁরা ভিডিওটির বিষয়ে অবগত এবং প্রমাণ হিসেবে তা সংগ্রহ করেছেন। ফেডারেল এজেন্টরা দোকানটিতে গিয়ে ওই বিক্রয় সম্পর্কে জানতে চান এবং ভিডিও সংগ্রহের জন্য একটি ফেডারেল গ্র্যান্ড জুরি সমনের কপি দেখান।

ওয়েইমার বলেন, দোকানটিতে ৫ হাজার বা ১০ হাজার ডলারের আতশবাজি কেনাও অস্বাভাবিক নয়। গাজালির আচরণ সন্দেহজনক মনে হয়নি। কারণ, তিনি অন্য ক্রেতাদের মতোই প্রশ্ন করেছিলেন, ‘সবচেয়ে বেশি শব্দ করে কোনটা?’ এবং ‘সবচেয়ে শক্তিশালী কোনটা?’

এফবিআই বর্তমানে এই হামলার নেপথ্যে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নদীর পাড়ে পড়ে ছিল অজ্ঞাতনামা যুবকের গলাকাটা ও মাথাবিহীন লাশ

ছাত্রী সংস্থার নেত্রীকে ডিসির পদ থেকে না সরালে বিএনপির ক্ষতি হবে: হাবিবুল

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

৮০০ কোটি আলোকবর্ষ দূরে পৃথিবীর দিকে তাক করা ‘মহাকাশ লেজার’ শনাক্ত

এমপিকে অভ্যর্থনার পর হত্যা মামলার আসামির পোস্ট ‘এয়ারপোর্টে ভাইকে রিসিভ করলাম’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত