মালবাহী ট্রেনে থেকে শত কোটি টাকার নাইকির জুতা চুরি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি মালবাহী ট্রেন থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ২৭৫ কোটি টাকা) মূল্যের পণ্য চুরি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি।
সিবিএস নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, উদ্ধার করা ও চুরি যাওয়া পণ্যের মধ্যে শত কোটির টাকার নাইকির জুতা, পাওয়ার টুলসসহ বিভিন্ন দামি ব্র্যান্ডের সামগ্রী রয়েছে। এগুলো পরবর্তীতে চোরাবাজারে বিক্রি করা হয়েছিল বলে জানিয়েছেন প্রসিকিউটররা।
এলএপিডির প্রধান জিম ম্যাকডোনেল এই ঘটনাকে রেলওয়ের ইতিহাসের সবচেয়ে বড় চুরি বলে বর্ণনা করেছেন।
মার্কিন বিচার বিভাগের (ডিওজে) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্টের মধ্যে অভিযুক্তরা পিকু রিভেরা ও ফুলারটনসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন রুটে চলাচলকারী ৩৬টিরও বেশি ট্রেনকে লক্ষ্যবস্তু বানায়।
প্রধান অভিযুক্ত নাথান অ্যাঞ্জেল পুরো চক্রটি পরিচালনা করতেন। স্বীকারোক্তিতে তিনি জানান, চোরচক্রের সদস্যরা চলন্ত ট্রেন বা রেললাইনের নির্দিষ্ট স্থানে গাড়ি ও ভ্যান নিয়ে ওত পেতে থাকত। ট্রেন থামানোর জন্য তারা চলন্ত ট্রেনের এয়ার হোস কেটে দিত, যার ফলে ট্রেনটি হঠাৎ জরুরি ব্রেক চেপে থেমে যেতে বাধ্য হতো।
ট্রেন থামার পরপরই তারা কনটেইনারের লক কেটে ভেতরে ঢুকে দামি মালামাল ট্রাকে তুলে কেটে পড়ত। এরপর চুরি করা মালামাল নির্দিষ্ট কিছু গোপন আস্তানায় বা নিজেদের বাড়িতে জমিয়ে রাখত। পরে সুযোগ বুঝে বিক্রি করত।
সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, চক্রটি প্রধানত নাইকির জুতা বহনকারী হাই-ভ্যালু ট্রেনগুলোকে বেশি টার্গেট করত। এরপর চুরিকৃত পণ্যের ছবি বিভিন্ন সম্ভাব্য ক্রেতাদের কাছে পাঠাত।
আদালতের নথি অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসভিত্তিক এক নামী স্নিকার্স ও স্ট্রিটওয়্যার রিসেল কোম্পানির কাছে চোরচক্রের দুই সদস্য (ফ্রেডি মারকুইনা ও কার্লোস লুইস ফার্নান্দো মার্তিনেজ) ২০২৫ সালের মে থেকে অক্টোবরের মধ্যে প্রায় ১০ লাখ ৮০ হাজার ডলারের বেশি মূল্যের নাইকি জুতা বিক্রি করেছিল।
পরে আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া পোস্টের সূত্র ধরে এই চক্রটিকে শনাক্ত করে। মার্কিন অ্যাটর্নি বিল এসাইলি জানান, ট্রেন থেকে মালামাল চুরি এবং জেনে-বুঝে চুরি করা পণ্য কেনা—উভয় অপরাধের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।









