Ajker Patrika

সিনেমায় গ্যাংস্টারের সংলাপকে প্রার্থনাসভায় বাইবেলের শ্লোক বলে চালিয়ে দিলেন হেগসেথ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১১: ৩১
সিনেমায় গ্যাংস্টারের সংলাপকে প্রার্থনাসভায় বাইবেলের শ্লোক বলে চালিয়ে দিলেন হেগসেথ
পেন্টাগনপ্রধান পিট হেগসেথ। ছবি: এএফপি

ধর্মীয় প্রার্থনা সভায় পবিত্র বাইবেলের শ্লোক পড়তে গিয়ে জনপ্রিয় হলিউড সিনেমা ‘পাল্প ফিকশন’-এর একটি কাল্পনিক সংলাপ আওড়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী) পিট হেগসেথ। গত বুধবার পেন্টাগনে আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনি বাইবেলের ‘ইজেকিয়েল ২৫: ১৭’ শ্লোকটির কথা উল্লেখ করেন। কিন্তু প্রকৃতপক্ষে তিনি যা পাঠ করেছেন তা ছিল পরিচালক কোয়েন্টিন টারান্টিনোর সিনেমার জন্য তৈরি করা একটি ভুয়া শ্লোক।

চলতি মাসের শুরুতে ইরানে আটকে পড়া এক মার্কিন সেনাকে উদ্ধারের একটি চাঞ্চল্যকর অভিযান চালায় মার্কিন বিমানবাহিনীর বিশেষ দল ‘স্যান্ডি ১’। হেগসেথ দাবি করেন, এই বীর যোদ্ধারা অভিযানের সময় একটি বিশেষ প্রার্থনা পাঠ করেছিলেন যা ‘CSAR 25: 17’ নামে পরিচিত। তিনি উপস্থিত দর্শকদের তাঁর সঙ্গে সেই প্রার্থনাটি পাঠ করতে অনুরোধ করেন।

বাইবেল বনাম হলিউড: আসল বিভ্রান্তি কোথায়?

হেগসেথ যা পাঠ করেন তা ছিল ১৯৯৪ সালের বিখ্যাত সিনেমা ‘পাল্প ফিকশন’-এর কেন্দ্রীয় চরিত্র জুলস উইনফিল্ডের (স্যামুয়েল এল. জ্যাকসন অভিনীত) আইকনিক সংলাপ। সিনেমায় এই পেশাদার খুনি তার শিকারকে হত্যা করার ঠিক আগে এই দীর্ঘ সংলাপটি দিত।

হেগসেথের পঠিত সংস্করণটি হলো: ‘পরাজিত বৈমানিকের পথ চারপাশ থেকে স্বার্থপরদের অন্যায় এবং দুষ্টু লোকের স্বৈরাচার দ্বারা পরিবেষ্টিত...আমি তোমার ওপর প্রচণ্ড প্রতিহিংসা ও ক্রোধ নিয়ে ঝাঁপিয়ে পড়ব এবং তুমি জানবে আমার কল সাইন হলো স্যান্ডি ১ যখন আমি প্রতিশোধ নেব। আমেন।’

প্রকৃতপক্ষে, বাইবেলের ইজেকিয়েল ২৫: ১৭ শ্লোকটি অত্যন্ত সংক্ষিপ্ত, সেখানে বলা হয়েছে: ‘আমি তাদের ওপর দারুণ প্রতিশোধ নেব এবং ক্রোধভরে তাদের তিরস্কার করব; আর যখন আমি তাদের ওপর আমার প্রতিশোধ নেব, তখন তারা জানবে যে আমিই প্রভু।’

টারান্টিনোর সিনেমায় অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন এই শ্লোকটিকে নিজের মতো করে নাটকীয়ভাবে সম্প্রসারিত করেছিলেন। হেগসেথ সম্ভবত সেটিই প্রকৃত বাইবেলের বাণী বলে ভুল করেছেন।

এই ঘটনা জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির রোল উঠলেও পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জোর দিয়ে হেগসেথকে সমর্থন করেছেন। তিনি এক্স-এ একটি বিবৃতিতে লেখেন, ‘মন্ত্রী হেগসেথ বুধবার একটি কাস্টম প্রার্থনা শেয়ার করেছেন যা স্যান্ডি-১ দলের যোদ্ধারা ব্যবহার করেন। এটি পরিষ্কারভাবে “পাল্প ফিকশন” থেকে অনুপ্রাণিত হলেও এর মূল উৎস হলো ইজেকিয়েল ২৫: ১৭। যারা বলছে, মন্ত্রী ভুল উদ্ধৃতি দিয়েছেন, তারা আসলে ভুয়া খবর ছড়াচ্ছে এবং বাস্তব সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।’

বিশ্লেষকেরা বলছেন, একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার একটি পবিত্র ধর্মীয় সভায় সিনেমার গ্যাংস্টারের সংলাপ পাঠ করা অপেশাদারিত্বের পরিচয়। অনেকে ঠাট্টা করে বলছেন, পরের বার হয়তো তিনি সিনেমার অন্য কোনো চরিত্র বা সংলাপকেও জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে চালিয়ে দেবেন!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত