Ajker Patrika

স্টিফেন মিলারের চিফ অব স্টাফ হওয়ার নেপথ্যে তাঁর স্ত্রী কেটি

আজকের পত্রিকা ডেস্ক­
স্টিফেন মিলারের চিফ অব স্টাফ হওয়ার নেপথ্যে তাঁর স্ত্রী কেটি
স্টিফেন মিলার ও তাঁর স্ত্রী কেটি মিলার। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম বিশ্বস্ত ও প্রভাবশালী উপদেষ্টা স্টিফেন মিলার। তাঁকে হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ করা হয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলারের কয়েক সপ্তাহব্যাপী ব্যাকস্টেজ লবিং ও সমন্বিত প্রচেষ্টা।

বর্তমান চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে স্টিফেন যে সবচেয়ে যোগ্য—তা প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি বোঝাতে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে জোরালো তদবির চালান কেটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে জানা যায়, বিগত এক মাসে সুজি ওয়াইলসের বিকল্প হিসেবে ট্রাম্প বেশ কয়েকটি নাম নিয়ে ব্যক্তিগতভাবে আলোচনা করছিলেন। দৌড়ে থাকা ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির ডিরেক্টর বিল পুল্টে, প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ, প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার কেভিন ম্যাককার্থি, নিউ ইয়র্ক ইয়াঙ্কিসের প্রেসিডেন্ট র্যান্ডি লেভিন, লি জেলডিন এবং সার্জিও গোর।

টেলিগ্রাফ বলছে, হোয়াইট হাউস প্রকাশ্যে সুজি ওয়াইলসকে সরিয়ে দেওয়ার কথা উড়িয়ে দিলেও, নেপথ্যে কেটি মিলারের প্রচার ছিল সচল।

এর মধ্যে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয়ের পর ওয়াইলসের অবস্থান আরও দুর্বল হয়ে পড়ে। নির্বাচন পার হতেই কেটি ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের ফোন দেওয়া শুরু করেন। তিনি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অনুগামীদের স্পষ্ট বার্তা দেন—ওয়াইলস পদ ছাড়লে এই পদের একমাত্র যোগ্য দাবিদার স্টিফেন মিলার।

তবে সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, কেটি সরাসরি ওয়াইলসকে অপসারণের জন্য চক্রান্ত করেননি। ট্রাম্প যখন নতুন চিফ অব স্টাফ নেওয়ার ব্যাপারে মনস্থির করেন, তখনই তিনি তাঁর প্রচার জোরদার করেন।

কেটি মিলার প্রথম ট্রাম্প প্রশাসনের সময় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সে দায়িত্ব পালন করেছেন। বর্তমান মেয়াদে তিনি ইলন মাস্কের সরকারি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত উদ্যোগে কাজ করা ছাড়াও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি জনপ্রিয় পডকাস্ট পরিচালনা করছেন।

স্টিফেন মিলার হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হচ্ছেন—এমন প্রতিবেদন প্রকাশের আগে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কেটি মিলার লিখেছিলেন, ‘ব্রেকিং: স্ত্রী তাঁর স্বামীর পাশে দাঁড়িয়েছেন। আপনার স্ত্রী যদি এটি না করেন, তবে নতুন স্ত্রী খুঁজে নিন।’

হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস স্টিফেন মিলারের প্রশংসা করে বলেন, ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডা বাস্তবায়ন এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে মিলার শুরু থেকেই মূল ভূমিকা পালন করে আসছেন। চিফ অব স্টাফ হিসেবে নতুন দায়িত্বে এসেও তিনি তাঁর সাফল্য বজায় রাখবেন। অন্যদিকে, বিশ্লেষকেরা মনে করছেন, সুজি ওয়াইলসের জায়গায় শক্তপোক্ত মনোভাবের স্টিফেন মিলারকে বসানো তাঁর সমর্থকদের প্রতি একটি স্পষ্ট বার্তা—প্রেসিডেন্ট এখনো তাঁর মূল এজেন্ডা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত