মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় আবারও গোলযোগ

বিশ্বের অন্যতম বৃহৎ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সে গত বছর ভোট কারচুপির অভিযোগ, বিচারকদের পদত্যাগ এবং প্রতিযোগীদের ওয়াকআউট ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এক বছর না পেরোতেই আবারও নানা বিতর্কে জড়িয়েছে প্রতিযোগিতাটি। এবার এর ৭৫ তম আসর বসছে পুয়ের্তো রিকোয়। মূল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আগেই সামনে এসেছে ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিরোধ, প্রতিবাদে প্রতিযোগীদের সরে দাঁড়ানো, আয়োজকদের অনুপস্থিতি, ভিসা জটিলতা এবং অব্যবস্থাপনার নানা অভিযোগ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সিএনএন জানিয়েছে, এ বছর দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশের প্রতিনিধি প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না। আয়োজকদের সঙ্গে ব্যবসায়ী নাওয়াত ইৎসারাগ্রিসিলের চুক্তিগত বিরোধের কারণে ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও থাইল্যান্ডের প্রতিযোগীরা বাদ পড়েছেন। এসব দেশে মিস ইউনিভার্সের বাছাই প্রতিযোগিতা পরিচালনা করেন ইৎসারাগ্রিসিল। গত বছরও তিনি বিতর্কের জন্ম দিয়েছিলেন। প্রতিযোগীদের সামনে মিস মেক্সিকো ফাতিমা বোশকে সমালোচনা করেছিলেন তিনি। পরে ক্ষমা চাইলেও তাঁকে ‘বোকা’ বলার অভিযোগ অস্বীকার করেন।
এদিকে নেপালসহ আফ্রিকার পাঁচটি দেশের প্রতিযোগী যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। গত বছরের বিতর্কের প্রতিবাদে মে মাসে নিজেদের প্রতিনিধি প্রত্যাহার করে নেয় মিস ফ্রান্সের আয়োজকেরাও। গত বছর বিচারক ওমর হারফুশ অভিযোগ করেছিলেন, ফাতিমা বোশের বিজয় আগে থেকেই নির্ধারিত ছিল এবং একটি অনানুষ্ঠানিক গোপন ভোটে চূড়ান্ত প্রতিযোগীদের বাছাই করা হয়েছিল। মিস ইউনিভার্স কর্তৃপক্ষ অবশ্য এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।
তবে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সংশয় কাটাতে পারেনি আয়োজকেরা। প্রতিযোগীদের মূল্যায়নের মানদণ্ড কিংবা নম্বর বণ্টনের পদ্ধতি প্রকাশ করা হয় না। একসময় ভোট গণনা ও ফলাফল যাচাইয়ের দায়িত্বে থাকা আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান আর্নস্ট অ্যান্ড ইয়ংও এখন আর যুক্ত নেই। এবারের চূড়ান্ত পর্বের বিচারকদের নামও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত জানানো হয়নি। এ নিয়ে প্রতিযোগীদের পাশাপাশি দর্শকদের মধ্যেও প্রশ্ন তৈরি হয়েছে।
বিতর্ক আরও বাড়িয়েছে প্রতিযোগিতাটির মালিকানা নিয়ে জটিলতা। মিস ইউনিভার্সের সহমালিক অ্যান জাকরাজুতাটিপের বিরুদ্ধে থাইল্যান্ডে ৩০ মিলিয়ন বাথের করপোরেট বন্ড বিনিয়োগে জালিয়াতির অভিযোগ রয়েছে। গত বছর তাঁকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় বলে জানিয়েছে থাই গণমাধ্যম। বর্তমানে দেউলিয়া তাঁর প্রতিষ্ঠান জেকেএন গ্লোবাল গ্রুপ আদালতের তত্ত্বাবধানে রয়েছে। অন্যদিকে পশ্চিমা অংশের মালিক রাউল রোচা কান্তুর বিরুদ্ধেও গত বছরের প্রতিযোগিতায় ভোট কারচুপির অভিযোগ উঠেছিল। যদিও তিনি তা অস্বীকার করেন।
গত বছরের প্রতিযোগিতায় মঞ্চ থেকে পড়ে মাথায় আঘাত পাওয়ার অভিযোগে মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি সম্প্রতি আয়োজকদের বিরুদ্ধে মামলাও করেছেন। তাঁর অভিযোগ, দুর্ঘটনার জন্য আয়োজকদের অবহেলা দায়ী।
শুধু বিতর্ক নয়, দর্শকপ্রিয়তাও হারাচ্ছে মিস ইউনিভার্স। একসময় যুক্তরাষ্ট্রের টেলিভিশনে নিয়মিত সম্প্রচারিত এই প্রতিযোগিতা এখন সেখানে মূলত স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যায়। সমাজে নারীর সৌন্দর্যকে নির্দিষ্ট ছাঁচে বন্দী করা এবং তাঁদের বাহ্যিক রূপকে পণ্যে পরিণত করার অভিযোগও রয়েছে এ ধরনের প্রতিযোগিতার বিরুদ্ধে।
সমাজবিজ্ঞানী ও লেখক হিলারি লেভি ফ্রিডম্যানের মতে, প্রতিযোগিতাগুলোতে জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য বাড়লেও শারীরিক গড়নের বৈচিত্র্য খুব একটা দেখা যায় না। একই ধরনের শরীরের অধিকারী নারীরাই সাধারণত বিজয়ী হন। এতে প্রতিযোগীদের মধ্যে নিজের চেহারা ও শরীর নিয়ে হীনম্মন্যতা তৈরি হতে পারে।
তবে বিতর্কের মধ্যেও বিশ্বের বিভিন্ন দেশে মিস ইউনিভার্সের জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার অনেক দেশে এটি জাতীয় গর্বের বিষয়। এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে সেন্ট মার্টিন ও উগান্ডা। জর্ডান ও তিউনিসিয়াও দীর্ঘ বিরতির পর ফিরেছে।
কিন্তু এই আয়োজনের বিশৃঙ্খলার পেছনে রয়েছে প্রতিযোগীদের ব্যক্তিগত স্বপ্ন ও আবেগের বিষয়টিও। সিঙ্গাপুরের প্রতিনিধি ভিয়ন ট্যান প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর ইনস্টাগ্রামে লিখেছেন, এই অভিজ্ঞতা তাঁকে ভাষায় প্রকাশ করার চেয়েও বেশি কষ্ট দিয়েছে। তাঁর কাছে এটি শুধু মুকুট জয়ের লড়াই ছিল না; আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশ, সংস্কৃতি ও মানুষের স্বপ্ন তুলে ধরার সুযোগও ছিল।









