
কানাডার সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের সীমান্তজুড়ে থাকা লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করেন। সেই আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এখন থেকে লেক অন্টারিওকে ‘লেক আমেরিকা’ নামে উল্লেখ করবে। ট্রাম্প বলেন, এই নাম পরিবর্তন ‘অবিলম্বে কার্যকর’ হবে। খবর রয়টার্সের।
সাংবাদিকরা যখন জানতে চান, এই নাম পরিবর্তনের মাধ্যমে তিনি কানাডাকে কী বার্তা দিতে চাইছেন, তখন ট্রাম্প কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কের কঠোর সমালোচনা করেন। তিনি দাবি করেন, ‘কানাডা দীর্ঘদিন ধরে আমাদের ঠকিয়ে আসছে।’ ট্রাম্প আরও বলেন, ‘তারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি। কানাডার কর্মকর্তারা খুবই খারাপ আচরণ করেছেন। তারা খুবই বাজে মানুষ।’
এরপর তিনি যোগ করেন, ‘লেকের নাম পরিবর্তন, অর্থাৎ ‘লেক আমেরিকা’, অনেক দিন ধরেই আমার মাথায় ছিল।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শুরু হওয়া বাণিজ্য বিরোধে জড়িয়ে থাকা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের এই আদেশের জবাব দেন। কার্নি লেখেন, ‘আমরা জানি, আমেরিকা বদলে যাচ্ছে। তাদের বাণিজ্য সম্পর্ক, পররাষ্ট্রনীতি, জাতীয় স্মৃতিস্তম্ভ, এমনকি জলভাগের নামও বদলে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কানাডিয়ানরা এটাও জানে, বাস্তবতার নাম হচ্ছে লেক অন্টারিও। আগে যেমন ছিল, এখনো তেমনই আছে, ভবিষ্যতেও থাকবে।’
ট্রাম্পের এই নির্বাহী আদেশ এসেছে দুই দেশের বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার কয়েক দিন পর। গত ২২ আগস্ট ছিল ২০ বিলিয়ন ডলার মূল্যের কানাডিয়ান পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক এড়ানোর শেষ সময়সীমা। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই আলোচনা ভেঙে যায়। জবাবে কানাডাও পাল্টা ব্যবস্থা নেয়। দেশটি প্রায় ৭০০টি মার্কিন পণ্যের ওপর একই পরিমাণ অর্থমূল্যের পাল্টা শুল্ক আরোপ করে।
এর আগে, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের উদ্যোগ এই প্রথম নন। ২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে তিনি একটি নির্বাহী আদেশে ‘গালফ অব মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখেন। সেই আদেশে ট্রাম্প বলেন, এই উপসাগর ‘দীর্ঘদিন ধরে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ সম্পদ এবং দেশের অবিচ্ছেদ্য অংশ।’
তবে ইতিহাস বলছে, ‘গালফ অব মেক্সিকো’ নামটি প্রায় ৫০০ বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ারও বহু আগে থেকেই এই নাম প্রচলিত ছিল।
অনেকে মনে করেন, লেক অন্টারিওর নাম কানাডার অন্টারিও প্রদেশ থেকে এসেছে। কিন্তু বাস্তবে বিষয়টি উল্টো। ‘অন্টারিও’ নামটি এসেছে হিউরন আদিবাসীদের শব্দ ‘oniatari: io’ থেকে, যার অর্থ ‘ঝলমলে পানির হ্রদ।’ এই হ্রদের নাম থেকেই ১৮৬৭ সালে প্রতিষ্ঠিত অন্টারিও প্রদেশের নাম রাখা হয়।
এরও আগে, ২০২৫ সালের একই নির্বাহী আদেশে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার একটি সিদ্ধান্তও বাতিল করেন। ওবামা আলাস্কার সর্বোচ্চ পর্বতচূড়ার ফেডারেল নাম মাউন্ট ম্যাককিনলি বদলে ডেনালি করেছিলেন, কারণ ওই অঞ্চলের আদিবাসীরা ঐতিহাসিকভাবে উত্তর আমেরিকার সর্বোচ্চ এই শৃঙ্গকে ডেনালি নামে ডাকতেন। ট্রাম্প আবার এর নাম মাউন্ট ম্যাককিনলি করে দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ২৫ তম প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলির সম্মানে তিনি এই নাম ফিরিয়ে এনেছেন।
সমালোচনা থাকলেও ট্রাম্পের এই নির্বাহী আদেশ মূলত প্রতীকী। এটি কানাডাকে কোনোভাবেই এই নাম ব্যবহার করতে বাধ্য করে না। কেবল যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার সরকারি নথিতে ‘লেক আমেরিকা’ নাম ব্যবহার করবে। একইভাবে, মেক্সিকো এখনো ট্রাম্পের দেওয়া ‘গালফ অব আমেরিকা’ নাম স্বীকৃতি দেয় না। বিশ্বের আরও অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থাও এই নাম গ্রহণ করেনি। তবে কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান, যেমন গুগল ম্যাপসের নির্মাতা অ্যালফাবেট, যুক্তরাষ্ট্রে থাকা ব্যবহারকারীদের জন্য ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী নাম দেখানো শুরু করেছিল।

নেপালের পার্বত্য এলাকায় বড় একটি ব্যারিয়ার লেক বা নদীর স্বাভাবিক প্রভাহ বাধাগ্রস্ত হয়ে একটি হ্রদ তৈরি হয়েছে। হ্রদটি ইতিমধ্যে উপচে পড়ছে বলে সতর্ক করেছে চীনা কর্তৃপক্ষ। আগামী কয়েক দিনে আরও পানি হ্রদটিতে প্রবেশ করার কারণে এটির ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
৪২ মিনিট আগে
তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা আগেও মৃতের সংখ্যা ৩৫৯ বলে জানানো হয়েছিল।
৯ ঘণ্টা আগে
বসনিয়ার সার্ব বাহিনীর সাবেক কমান্ডার এবং ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত যুদ্ধাপরাধী র্যাটকো ম্লাদিচ ৮৪ বছর বয়সে মারা গেছেন। ১৯৯০-এর দশকে যুগোস্লাভিয়া ভেঙে পড়ার সময় বসনিয়ায় সংঘটিত জাতিগত নিধন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অন্যতম প্রধান পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী ছিলেন তিনি।
৯ ঘণ্টা আগে
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে নতুন কোনো দেশ যোগ দিতে চাইলে জোটের অন্য অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান।
৯ ঘণ্টা আগে