Ajker Patrika

ওয়াশিংটনে শেষ হচ্ছে ১৯ ভিক্ষুর ১০৮ দিনের ‘শান্তি পদযাত্রা’

আজকের পত্রিকা ডেস্ক­
ওয়াশিংটনে শেষ হচ্ছে ১৯ ভিক্ষুর ১০৮ দিনের ‘শান্তি পদযাত্রা’
শান্তি পদযাত্রায় অংশ নেওয়া ভিক্ষুদের দেখে আপ্লুত এক নারী। ছবি: সংগৃহীত

১০৮ দিনের শান্তির পদযাত্রা শেষ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে বৌদ্ধ ভিক্ষুদের একটি দল। স্থানীয় সময় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর মধ্য দিয়ে তাঁদের দীর্ঘ এই যাত্রার সমাপ্তি হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়—প্রায় চার মাস ধরে টেক্সাস থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত প্রায় দুই হাজার মাইল হেঁটে পাড়ি দিয়েছেন ১৯ জন বৌদ্ধ ভিক্ষু। কখনো খালি পায়ে, কখনো তুষারের ভেতর দিয়ে চলা এই ‘ওয়াক ফর পিস’ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যুক্তরাষ্ট্রজুড়ে লাখো মানুষের দৃষ্টি কেড়েছে। রাজনৈতিক বিভাজন ও সামাজিক উত্তেজনার সময়ে ভিক্ষুদের এই শান্তিপূর্ণ পদযাত্রা অনেকের কাছে আশার প্রতীক হয়ে উঠেছে।

ভিক্ষুদের এই যাত্রা শুরু হয় গত বছরের ২৬ অক্টোবর, টেক্সাসের ফোর্ট ওয়ার্থে অবস্থিত হুয়ং দাও ভিপাসানা ভাবনা সেন্টার থেকে। যাত্রাপথে তারা মাইন্ডফুলনেস বা সচেতনতার চর্চা এবং সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেন।

দলের নেতা ভেনারেবল ভিক্ষু পন্নাকারা বলেন, ‘আমার আশা, এই যাত্রা শেষ হলেও যাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে, তারা মাইন্ডফুলনেস চর্চা অব্যাহত রাখবেন এবং নিজের ভেতরে শান্তি খুঁজে পাবেন।’

ওয়াশিংটনে পৌঁছে ভিক্ষুরা ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রাল ও লিংকন মেমোরিয়াল পরিদর্শন করবেন। পাশাপাশি, বুদ্ধের জন্মদিনকে যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবিতে আইনপ্রণেতাদের কাছে আবেদন জানানোর পরিকল্পনাও রয়েছে। তবে এই নীতিগত দাবির বাইরেও তাঁদের যাত্রা সাধারণ মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে।

ওয়াশিংটনের অ্যাপিসকোপাল বিশপ মারিয়ান বাডে বলেন, ‘তাদের দীর্ঘ যাত্রা ও নীরব সাক্ষ্য আমাদের সবাইকে সহমর্মিতার প্রতি আরও গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ হতে আহ্বান জানায়।’ তিনি একটি আন্তঃধর্মীয় সংবর্ধনায় ভিক্ষুদের স্বাগত জানাবেন বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।

থেরাভাদা বৌদ্ধ ঐতিহ্যের এসব ভিক্ষু বিশ্বের বিভিন্ন দেশের মঠ থেকে এসেছেন। ফেসবুকে সরাসরি সম্প্রচারে দেখা গেছে, তুষারের স্তূপ পেরিয়ে হাঁটার সময় পথের ধারে দাঁড়িয়ে মানুষ তাঁদের অভিনন্দন জানাচ্ছেন।

তবে এই যাত্রা পুরোপুরি নির্বিঘ্ন ছিল না। গত নভেম্বরে টেক্সাসের হিউস্টনে একটি মহাসড়কের পাশে হাঁটার সময় তাঁদের নিরাপত্তা-যান একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়। এতে দুই ভিক্ষু আহত হন। এর মধ্যে একজনের পা কেটে ফেলতে হয়েছে।

১০৮ দিন ধরে একটানা হাঁটা বৌদ্ধধর্মে আধ্যাত্মিক পূর্ণতার প্রতীক। এই যাত্রা শেষ করে ভিক্ষুরা এবার বাসে করে টেক্সাসে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) তাঁদের সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত