
ভারত, চীন, রাশিয়া, ইরান এবং পাকিস্তান—এই পাঁচ দেশকে কানাডায় বিদেশি হস্তক্ষেপ এবং গুপ্তচরবৃত্তির প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে কানাডার জাতীয় গোয়েন্দা সংস্থা, কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (সিএসআইএস)। গতকাল বুধবার দেশটির পার্লামেন্ট জমা দেওয়া বার্ষিক প্রতিবেদনে এমন অভিযোগ তোলা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্ক্রল এ তথ্য জানিয়েছে।
সিএসআইএসের প্রতিবেদনে বলা হয়, ‘ভারতীয় কর্মকর্তারা এবং তাদের কানাডা-ভিত্তিক প্রক্সি এজেন্টরা কানাডীয় সমাজ ও রাজনীতিবিদদের প্রভাবিত করার বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। এই কার্যক্রম যখন প্রতারণামূলক, গোপন বা হুমকিমূলক হয়ে ওঠে, তখন তা বিদেশি হস্তক্ষেপ হিসেবে গণ্য হয়।’
এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে আগের বার কানাডার অনুরূপ অভিযোগ ভারত জোরালোভাবে অস্বীকার করেছিল।
সিএসআইএস জানায়, ভারতের এসব প্রভাব বিস্তারের লক্ষ্য খালিস্তানপন্থী আন্দোলন ইস্যুতে কানাডার অবস্থানে পরিবর্তন আনা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘কানাডায় বসবাসরত খালিস্তাপন্থিদের হুমকি হিসেবে দেখে ভারত সরকার। তাদের কার্যক্রম দমনেই কানাডার ওপর চাপ সৃষ্টি করতে চায় তারা।’
কানাডায় কিছু খালিস্তানপন্থী গোষ্ঠী উগ্র মতাদর্শে বিশ্বাসী এবং সহিংসতার মাধ্যমে ভারতের পাঞ্জাব রাজ্যে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে স্বীকার করেছে সিএসআইএস নিজেও। সংস্থাটির ভাষ্য—একটি ক্ষুদ্র গোষ্ঠী সহিংসতা প্রচার, তহবিল সংগ্রহ এবং ভারতের অভ্যন্তরে হামলার পরিকল্পনার জন্য কানাডাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। এই প্রকৃত ও ধারণাগত খালিস্তানি উগ্রবাদই কানাডায় ভারতের বিদেশি হস্তক্ষেপ বৃদ্ধির মূল চালিকাশক্তি।’
এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটির সংসদে দাবি করেছিলেন, খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থাই সম্পৃক্ত। এবং সেটি তদন্ত করছে কানাডার নিরাপত্তা সংস্থাগুলো। ভারত এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে।
এই ঘটনার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বিপর্যস্ত হয়ে পড়ে। তবে সম্প্রতি জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি সাক্ষাৎ করেছেন এবং উভয় দেশই একে অপরের রাজধানীতে হাই কমিশনার নিয়োগে সম্মত হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘বাকি কূটনৈতিক পদক্ষেপও পর্যায়ক্রমে অনুসরণ করা হবে।’
এর আগেও ভারতের বিরুদ্ধে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ এনেছিল কানাডা। চলতি বছরের জানুয়ারিতে এক তদন্ত কমিশন ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলে যে, তারা কানাডার রাজনীতিবিদদের গোপনে অর্থ সহায়তা করেছে এবং বিভ্রান্তিমূলক প্রচার চালিয়েছে।
ভারত এই অভিযোগও প্রত্যাখ্যান করে পাল্টা অভিযোগ তোলে যে, আসলে কানাডাই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বারবার হস্তক্ষেপ করছে। মার্চ মাসে সিএসআইএস আবারও সতর্ক করে জানায়, আসন্ন সাধারণ নির্বাচনে ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তান হস্তক্ষেপের চেষ্টা করতে পারে।

রাশিয়ার পূর্বাংশের আমুর অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন ক্রু সদস্য নিহত হয়েছেন। আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
৩১ মিনিট আগে
ইসরায়েলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির লক্ষ্য হলো—বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয় করা এবং ২৭ অক্টোবরের নির্বাচনের পর তাদের ভাষায় আরও বেশি ‘জায়নবাদী সরকার’ গঠন করা। তুরস্কের রাষ্ট্র পরিচালিত
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে তৃতীয় কোনো দেশে অভিবাসীদের নির্বাসন চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। একই সঙ্গে নিম্ন আদালতের একটি রায় সাময়িকভাবে স্থগিত করেছে। সেই রায়ে যথাযথ আইনি প্রক্রিয়া বা ‘ডিউ প্রসেস’ নিয়ে প্রশ্ন ওঠায় এ ধরনের নির্বাসন বন্ধ রাখা হয়েছিল।
২ ঘণ্টা আগে
ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
১৩ ঘণ্টা আগে