Ajker Patrika

১০ বছরে ট্রাম্পের ওপর যত হামলা ও হত্যাচেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­
১০ বছরে ট্রাম্পের ওপর যত হামলা ও হত্যাচেষ্টা

যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে ডিনার করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময়ই হোটেলের বাইরে গুলির ঘটনা ঘটে। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে চটজলদি ট্রাম্পকে অক্ষত অবস্থায় সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। তবে ট্রাম্পের ওপর হামলা বা হামলার হুমকির ঘটনা এই প্রথম নয়।

ইতিহাস বলছে, ট্রাম্পের ওপর ২০১৬ সাল থেকেই হামলা বা হামলার হুমকির ঘটনা ঘটে আসছে প্রায় ধারাবাহিকভাবে। সেই হিসেবে প্রায় ১০ বছর ধরে এমন হামলা বা হত্যাচেষ্টার হুমকির ঘটনা ঘটে আসছে। সর্বশেষ গতকাল শনিবার রাতে তাঁর অনুষ্ঠানস্থলের বাইরে এই গুলির ঘটনা ঘটল।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, শনিবার রাতে হোয়াইট হাউস করসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনারের সময় বলরুমের বাইরে গুলির শব্দ শোনা যায়। শব্দ শোনার পরপরই সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুম থেকে সরিয়ে নেয়।

শনিবারের এই হুমকি নতুন কিছু নয়। ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার থেকেই এ ধরনের ঘটনার ধারাবাহিকতা দেখা যাচ্ছে। এতে রয়েছে তার সমাবেশে একক বন্দুকধারীদের হামলা, ভাড়াটে খুনির হত্যার ষড়যন্ত্র এবং বারবার নিরাপত্তা ভাঙার ঘটনা। তবে, শনিবার রাতের গুলির ঘটনায় এখনো খুব বেশি তথ্য পাওয়া যায়নি। প্রেসিডেন্টকে লক্ষ্য করে হামলা হয়েছিল কি না, তাও স্পষ্ট নয়।

স্থানীয় সময় শনিবার রাত প্রায় ৮টা ৩০ মিনিটে ওয়াশিংটন হিলটনের বাইরে গুলি ছোড়া হয়। সেখানে ট্রাম্পের বক্তব্য দেওয়ার কথা ছিল। অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, ট্রাম্পের মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং কংগ্রেসের আইনপ্রণেতারাও উপস্থিত ছিলেন। গুলির ঘটনার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘গত কয়েক বছরে আমাদের প্রজাতন্ত্রে সম্ভাব্য হত্যাকারীদের হামলা এটাই প্রথম নয়।’

এর আগে, ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প দুইবার হত্যাচেষ্টার মুখে পড়েছিলেন। উভয় ঘটনায় সিক্রেট সার্ভিসের ব্যর্থতা সামনে আসে, যা নিয়ে তদন্ত হয় এবং সংস্থাটির নেতৃত্বে পরিবর্তন আনা হয়। সে বছর পেনসিলভানিয়ার বাটলারে ২০ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস ‘এআর-স্টাইল ৫৫৬ রাইফেল’ থেকে ট্রাম্পের সমাবেশে গুলি চালান। একটি গুলি ট্রাম্পের ডান কান ছুঁয়ে যায় এবং এক সমর্থক নিহত হন। পরে সিক্রেট সার্ভিসের এক স্নাইপার ক্রুকসকে হত্যা করে। পরে মার্কিন সিনেটের এক প্রতিবেদনে সিক্রেট সার্ভিসের পরিকল্পনা, যোগাযোগ এবং নেতৃত্বে ত্রুটির কথা বলা হয়।

একই বছর ট্রাম্পের নিজ এলাকা ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে রায়ান ওয়েসলি রুথকে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে রাইফেলসহ দেখা যায়। সে সময় ট্রাম্প সেখানে খেলছিলেন। এক সিক্রেট সার্ভিস এজেন্ট রুথের দিকে গুলি চালালে তিনি পালিয়ে যান, পরে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

এসব ঘটনার বাইরেও ট্রাম্পকে ঘিরে আরও নানা ষড়যন্ত্র, হুমকি ও নিরাপত্তা ব্যর্থতার ঘটনা রয়েছে। ২০১৬ সালের জুনে, এক ২০ বছর বয়সী ব্রিটিশ নাগরিক লাস ভেগাসে ট্রাম্পের সমাবেশে এক পুলিশ কর্মকর্তার বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে তিনি স্বীকার করেন, ট্রাম্পকে হত্যা করার উদ্দেশ্য ছিল।

এরপর, ২০১৭ সালের সেপ্টেম্বরে, নর্থ ডাকোটায় এক ব্যক্তি একটি ফর্কলিফট চুরি করে প্রেসিডেন্টের গাড়িবহরের দিকে চালিয়ে দেন। তাঁর পরিকল্পনা ছিল প্রেসিডেন্টকে বহনকারী লিমোজিন উল্টে দেওয়া। এর আগে, ২০২০ সালের সেপ্টেম্বরে, এক ফরাসি-কানাডীয় দ্বৈত নাগরিক ট্রাম্পকে মারাত্মক বিষ রাইসিনসহ একটি চিঠি পাঠান।

এ ছাড়া, ২০২৪ সালের জুলাইয়ে, এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয় এবং পরে দোষী সাব্যস্ত হন। অভিযোগ, তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পক্ষে ভাড়াটে খুনি হিসেবে ষড়যন্ত্র পরিচালনা করছিলেন, যার লক্ষ্য ছিল ট্রাম্পকে হত্যা করা। কয়েক মাস পর, আরেক ইরানি নাগরিকের বিরুদ্ধে অন্য এক মার্কিন নাগরিককে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় এবং তিনিও স্বীকার করেন যে—তাঁকে ট্রাম্পকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে, ট্রাম্প ওয়াশিংটনে থাকার সময় মার-এ-লাগোতে এক ২১ বছর বয়সী ব্যক্তি শটগান ও গ্যাস ক্যানিস্টার নিয়ে প্রবেশ করলে সিক্রেট সার্ভিস তাঁকে গুলি করে হত্যা করে।

ক্রমবর্ধমান হুমকি স্বীকার করলেও ট্রাম্প জানিয়েছেন, তিনি জনসম্মুখে উপস্থিতি কমানোর কোনো পরিকল্পনা করছেন না। তিনি বলেন, ‘আমরা কাউকে আমাদের সমাজ দখল করতে দেব না। আমরা কিছুই বাতিল করব না, কারণ আমরা তা করতে পারি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীকে খুন পূর্বপরিকল্পিত, খুনি রুমমেট: পুলিশ

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম আবুঘারবিয়েহ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত