
প্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
ধারণা করা হচ্ছে, সোফিয়া তাঁর পুরোনো টুইটগুলো বর্তমানে মুছে ফেলেছেন। তবে ভ্যারাইটি ম্যাগাজিন নিশ্চিত করেছে, ওই টুইটগুলোর স্ক্রিনশট অনলাইনে ঘুরছে। সাংবাদিক সারা হাগি সর্বপ্রথম এসব টুইট প্রকাশ্যে আনেন।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংবাদমাধ্যম ব্রেইবার্ট জানিয়েছে, ২০২০ সালের নভেম্বরে এক টুইটে সোফিয়া লিখেছিলেন, ‘আমার কি ভুল ধারণা হচ্ছে, নাকি স্পেনে মুসলমানের সংখ্যা বেড়ে গেছে? যখনই আমি আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাই, তখনই আরও বেশি সংখ্যক নারীকে হিজাব ও লম্বা পোশাক পরতে দেখি। আগামী বছর ইংরেজির বদলে আমাদের আরবি শেখাতে হবে।’
অন্য আরেকটি টুইটে তিনি বিদ্রূপ করে বলেন, ‘ইসলাম অসাধারণ, সেখানে কোনো পুরুষতান্ত্রিকতা নেই। নারীদের এত বেশি সম্মান করা হয় যে, শুধু চোখ ও মুখ দেখানোর জন্য তাদের মুখে ছোট্ট একটা গর্ত রাখা হয়। মানবতার প্রতি কী জঘন্য অবমাননা!’
শুধু ইসলাম নয়, ধর্ম নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন সোফিয়া। ২০২১ সালে তিনি এক টুইটে লিখেছিলেন, ‘আমি ইসলাম, খ্রিষ্টান ধর্ম, ক্যাথলিক ধর্ম এবং সেই সব নির্বোধ বিশ্বাসগুলোর প্রতি বিরক্ত, যেগুলো মানবাধিকারের লঙ্ঘন ঘটায়।’
যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড সম্পর্কেও বিতর্কিত মন্তব্য করেছিলেন সোফিয়া। তিনি টুইট করেছিলেন, ‘আমি সত্যিই মনে করি, খুব কম মানুষই জর্জ ফ্লয়েডকে নিয়ে চিন্তিত ছিল। সে ছিল এক মাদকাসক্ত প্রতারক। কিন্তু তার মৃত্যু আবারও দেখিয়ে দিয়েছে, এখনো এমন মানুষ আছে যারা কৃষ্ণাঙ্গদের বানর ভাবে এবং পুলিশের সদস্যদের খুনি ভাবে। তারা সবাই ভুল করছে।’
এ ছাড়া চীনের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন এবং ২০২১ সালের অস্কার নিয়েও কটাক্ষ করেছিলেন তিনি। ২০২১ সালের অস্কারে এক কৃষ্ণাঙ্গ অভিনেতা ও এক কোরীয় অভিনেত্রী পুরস্কার জেতার পর তিনি লিখেছিলেন, ‘অস্কার ক্রমেই স্বাধীন ও প্রতিবাদী চলচ্চিত্রের উৎসব হয়ে উঠছে। জানি না আমি আফ্রো-কোরীয় উৎসব দেখছি, নাকি “ব্ল্যাক লাইভস ম্যাটার” বিক্ষোভ কিংবা ৮ই মার্চের নারী দিবস উদ্যাপন দেখছি। এটি ছিল একটি বিশ্রী অনুষ্ঠান।’
নেটফ্লিক্সের হয়ে অস্কার মনোনয়ন পাওয়া সোফিয়ার প্রচারণা এই বিতর্কের কারণে বাধার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ ফেব্রুয়ারি মাস থেকেই অস্কারের ভোটগ্রহণ শুরু হতে যাচ্ছে। তবে তিনি দাবি করেছেন, অস্কার মনোনীত প্রতিদ্বন্দ্বী অভিনেত্রীর একটি দল তাঁর বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করছে।
ব্রাজিলিয়ান অভিনেত্রী ফার্নান্দা টরেস ও তার দলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলে সোফিয়া বলেন, ‘তারা আমার কাজ ও আমার সিনেমাকে অসম্মানিত করার চেষ্টা করছে।’
এই বিতর্কের বিষয়ে অস্কার কর্তৃপক্ষ বা নেটফ্লিক্সের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পের প্রায় ৩২ ঘণ্টা পর ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী কারাকাসের উত্তরে সবচেয়ে বেশি...
১১ ঘণ্টা আগে
লেবানন ও ইসরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। চুক্তিটি স্বাক্ষরের ঠিক এক দিন পর আজ শনিবার তিনি এটিকে সম্পূর্ণ অবৈধ ও বাতিল ঘোষণা করেন...
১২ ঘণ্টা আগে
আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্যাঞ্চলে আজ শনিবার সন্ধ্যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। এই শক্তিশালী ভূকম্পনের তীব্র ঝাঁকুনি প্রতিবেশী পাকিস্তান এবং উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায়ও অনুভূত হয়েছে...
১৩ ঘণ্টা আগে
বিয়ে বাতিলের কথা বলে পরিবারের মন ভাঙার চেয়ে খুন সহজ ছিল—ভারতের মহারাষ্ট্রের পুনের চাঞ্চল্যকর কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে গ্রেপ্তার তরুণী সিয়া গোয়েল পুলিশের জিজ্ঞাসাবাদে এমনই ভয়ংকর স্বীকারোক্তি দিয়েছেন। পরিবারের কাউকে আঘাত না দিয়ে...
১৫ ঘণ্টা আগে