
ইলন মাস্কের প্রায় যোগাযোগবিচ্ছিন্ন সন্তান জেভিয়ার বর্তমানে ভিভিয়ান জেনা উইলসন নামে পরিচিত। বিনোদনবিষয়ক মার্কিন সংবাদমাধ্যম ই-নিউজের বরাত দিয়ে আজ সোমবার এই খবর জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
২০ বছর বয়সী ভিভিয়ান মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সন্তান। বর্তমানে তিনি টোকিওতে ভাষা শিক্ষার জন্য অবস্থান করছেন। তাঁর লক্ষ্য একজন ভালো অনুবাদক হওয়া।
২০০৪ সালে জন্ম নেওয়া ভিভিয়ান মাস্কের প্রথম স্ত্রীর পাঁচ সন্তানের মধ্যে একজন। ২০০৮ সালে মাস্ক ও জাস্টিন উইলসনের বিবাহবিচ্ছেদ হয়। ১৬ বছর বয়সে ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় প্রকাশ করার পর নিজের নাম পরিবর্তন করে মায়ের পদবি গ্রহণ করেন ভিভিয়ান। তিনি স্পষ্টভাবেই জানিয়ে দেন, তিনি আর তাঁর বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না।
গত সপ্তাহে টিন-ভগকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিভিয়ান জানান, তাঁর জাপান যাওয়ার সিদ্ধান্তে মাস্ক কোনোভাবেই জড়িত নন। লস অ্যাঞ্জেলেসে ধনী-গরিবের বিশাল বৈষম্য দেখেই তিনি স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।
ভিভিয়ান বলেন, ‘এমন কোনো সমাজ থাকা উচিত নয়, যেখানে কেউ কেউ একাধিক ব্যক্তিগত বিমান, দ্বীপ বা অন্য কোনো বিলাসবহুল সম্পত্তির মালিক—অথচ অন্যরা রাস্তায় ঘুমাচ্ছে।’
নিজের বাবা ইলন মাস্ক সম্পর্কে তিনি বলেন, ‘তিনি কিছুই পরোয়া করেন না। তিনি একজন নাজুক শিশুসুলভ মানুষ। তার সঙ্গে যুক্ত থাকাটাই বিরক্তিকর।’
উইলসন দাবি করেন, ২০২০ সালের পর থেকে তিনি তাঁর বাবার সঙ্গে কোনো কথা বলেননি।
গত বছর কানাডীয় মনোবিজ্ঞানী ড. জর্ডান পিটারসনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেছিলেন, তাঁর সন্তান ভিভিয়ান ‘ওয়োক মাইন্ড ভাইরাসে’ আক্রান্ত। তিনি আরও জানান, তিনি ভিভিয়ানের জন্য এমন কিছু কাগজপত্রে স্বাক্ষর করতে প্রতারিত হয়েছিলেন, যা সম্পর্কে তখন তাঁর কোনো স্পষ্ট ধারণা ছিল না।
সম্প্রতি ইলন মাস্কের মালিকানাধীন টেসলার ডিলারশিপ ও গাড়িগুলোর ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে মাস্কের ভূমিকার জন্যই এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার ট্রান্সজেন্ডার ব্যক্তিদের প্রতি কঠোর অবস্থান প্রকাশ করে এক্সে একটি পোস্ট দিয়েছেন ইলন মাস্ক। এতে তিনি লিখেছেন, ‘ট্রান্সজেন্ডারদের সহিংস হওয়ার আশঙ্কা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি। হরমোন ইনজেকশন তাদের মধ্যে চরম আবেগীয় অস্থিরতা তৈরি করে।’
এদিকে ট্রাম্প প্রশাসন ট্রান্সজেন্ডারদের জন্য বাইডেন সরকারের গৃহীত বেশ কিছু আইন বাতিল করেছে; বিশেষ করে ১৯ বছরের কম বয়সী ব্যক্তিদের লৈঙ্গিক পরিবর্তনসংক্রান্ত চিকিৎসায় ফেডারেল সহায়তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
আরও খবর পড়ুন:

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
২ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৬ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৭ ঘণ্টা আগে