পাকিস্তানের পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। আজ শনিবার ভোরে পাঞ্জাবের সারগোধা জেলায় একটি ট্রাক খালে পড়ে গেলে ১৪ জন মারা যান। অন্যদিকে বেলুচিস্তানের ওরমারা মহকুমার কাছে একটি যাত্রীবাহী কোচ উল্টে ১০ জন নিহত হন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের সারগোধা জেলার কোট মোমিন মহকুমায় আজ ভোরে ঘন কুয়াশার মধ্যে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গালাপুর বাংলা সেতু থেকে শুকনো খালে পড়ে যায়। এতে ছয় শিশুসহ ১৪ জন নিহত এবং ৯ জন আহত হন বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা রেসকিউ-১১২২।
উদ্ধারকারী কর্মকর্তারা জানান, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। তাঁরা সবাই ইসলামাবাদ থেকে ফয়সালাবাদে একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।
ঘন কুয়াশার কারণে মোটরওয়ে বন্ধ থাকায় গাড়িটি বিকল্প রাস্তা হিসেবে স্থানীয় সড়ক ব্যবহার করছিল।
রেসকিউ-১১২২-এর বিবৃতিতে বলা হয়, ‘দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি সেতু থেকে নিচে পড়ে যায়।’
খালটি শুকনো থাকলেও ট্রাকটি উল্টে গেলে অনেক যাত্রী গাড়ির নিচে আটকা পড়েন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কোট মোমিন সিভিল হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত তিনজনকে মহকুমার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে পাঞ্জাবজুড়ে প্রায়ই সড়ক ও মোটরওয়েতে যান চলাচল ব্যাহত হয়। শনিবার এম-১, এম-২, এম-৩, এম-৪ ও এম-১১ মোটরওয়ের বিভিন্ন অংশ বন্ধ রাখা হয় বলে জানিয়েছে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড মোটরওয়ে পুলিশ (এনএইচএমপি)। এর আগে মঙ্গলবার কুয়াশাজনিত একাধিক দুর্ঘটনায় পাঞ্জাবে ১০ জন নিহত ও ২১ জন আহত হন।
এদিকে বেলুচিস্তানের মাকরান কোস্টাল হাইওয়েতে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ১২ জনের বেশি আহত হয়েছেন। গওয়াদরের ওরমারা মহকুমার হুদ্দ গথ এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী কোচ উল্টে যায়।
স্থানীয় উদ্ধারকারীরা জানিয়েছে, নিহতদের মধ্যে একজন কন্যাশিশুও রয়েছে। নিহতদের মরদেহ করাচিতে নেওয়ার জন্য একটি মোবাইল মর্গ পাঠানো হয়েছে।
কোস্টাল হাইওয়ে পুলিশের এসপি আসলাম বাঙ্গুলজাই জানান, কোচটি করাচি থেকে জিওয়ানি যাচ্ছিল। নিহতরা সবাই শ্রমিক ছিলেন এবং সিন্ধুর বিভিন্ন এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর আহত ও নিহতদের প্রথমে ওরমারার পিএনএস দারমান জাহ হাসপাতালে নেওয়া হয়।
পাকিস্তানে মহাসড়কগুলোতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ট্রাফিক আইন না মানাকেই এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
চলতি মাসের শুরুতে পাঞ্জাবের তালাগাং জেলায় একটি বাস গভীর খাদে পড়ে পাঁচজন নিহত ও ২৪ জন আহত হন। এর আগে গত ৩১ ডিসেম্বর ঝাং-ফয়সালাবাদ সড়কে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত ও ১৬ জন আহত হন। ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঞ্জাব হাইওয়ে প্যাট্রলের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ইরানের ওপর ধারাবাহিক হামলা ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করার দাবি করলেও দেশটির সামরিক সক্ষমতা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতির পরও ইরানের এখনো ইসরায়েলে আঘাত করার মতো ‘উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা’ রয়েছে।
৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের ওপর অবিলম্বে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছে চীন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’রকে টেলিফোন করে এ আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
১ ঘণ্টা আগে
রাশিয়া থেকে হাঙ্গেরি-স্লোভাকিয়ায় যাওয়া ক্ষতিগ্রস্ত দ্রুজভা তেল পাইপলাইন পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অনুমতি দিতে ইউক্রেনের ওপর চাপ বাড়ছে। দুই দেশের নেতারা কিয়েভের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন—রাশিয়ার হামলায় পাইপলাইনের ক্ষতির প্রভাব ইউক্রেন বাড়িয়ে দেখাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল....
২ ঘণ্টা আগে
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ কেরমানের আকাশে একটি উন্নত প্রযুক্তির হার্মিস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)। আজ বুধবার কেরমান শহরের উপকণ্ঠে এই ঘটনা ঘটে বলে তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে