Ajker Patrika

শীর্ষ আদালতের বিচারপতিদের কাছে ইমরান খানের খোলা চিঠি

আজকের পত্রিকা ডেস্ক­
শীর্ষ আদালতের বিচারপতিদের কাছে ইমরান খানের খোলা চিঠি
২০২৩ সালে স্ত্রী বুশরা বিবির সঙ্গে ইমরান খান। ছবি: আল-জাজিরা

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের ও স্ত্রী বুশরা বিবির জরুরি চিকিৎসা নিশ্চিত করতে দেশটির শীর্ষ আদালতের বিচারপতিদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে সোমবার (১৬ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন তিনি। চিঠিতে আদালতের নির্দেশ উপেক্ষা করার অভিযোগ তুলে ইমরান খান আশঙ্কা প্রকাশ করেছেন, যথাযথ চিকিৎসা না পেলে তিনি ‘জীবিত নাও ফিরতে পারেন’।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন ইমরান খানের আইনজীবী সালমান সাফদার। তিনি একে ‘মানবিক চিকিৎসার আবেদন’ হিসেবে উল্লেখ করেন। গত ১১ নভেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক করেন তিনি। ওই বৈঠকে দেওয়া নির্দেশনা ও নোটের ভিত্তিতেই চিঠিটি প্রস্তুত করা হয়েছে বলে জানান আইনজীবী।

৭৪ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী। তাঁর দল এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।

চিঠিতে ইমরান খান জানান, গত ২০ ডিসেম্বর ২০২৫ থেকে তাঁকে দিনের প্রায় ২২ ঘণ্টা নির্জন কারাবাসে রাখা হচ্ছে। ওই দিন একটি মামলায় তাঁকে ও তাঁর স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি আরও জানান, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। চিকিৎসকেরা তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন।

ইমরান খানের অভিযোগ, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর এবং মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই আদেশ কার্যকর করা হয়নি। এর পরিবর্তে তাঁকে সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই কারাগারে ফিরিয়ে আনা হয়।

গত ১০ নভেম্বর রাতে চোখে ইনজেকশন দেওয়ার জন্য তাঁকে আবার হাসপাতালে নেওয়া হয়। পিআইএমএস কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরীও বলেছেন, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিঠিতে স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। তাঁর দাবি, গত এপ্রিলে বুশরা বিবির রেটিনায় সমস্যা দেখা দেয় এবং গোপনে জটিল অস্ত্রোপচার করা হয়। আরেকটি অস্ত্রোপচার না হলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন। এদিকে বুশরার আইনজীবীরা সোমবার ইসলামাবাদ হাইকোর্টে তাঁর পূর্ণাঙ্গ চিকিৎসা নথি সরবরাহ এবং বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের আবেদন করেছেন।

পিটিআই নেতা সৈয়দ জুলফি বুখারি বলেন, আইনি প্রতিকার পাওয়ার পথ সংকুচিত হওয়ায় ইমরান খান আদালতের কাছে আবেদন জানাতে বাধ্য হয়েছেন। তাঁর ভাষ্য, ইমরান কোনো বিশেষ সুবিধা বা সমঝোতা চান না, বরং নিজের অধিকার ও মানবিক চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে লাহোরভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক হাবিব আকরাম মনে করেন, এই চিঠির ফলে ইমরানের পরিস্থিতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা সীমিত। তাঁর অভিযোগ, আদালতের আগের নির্দেশনাগুলোও যথাযথভাবে কার্যকর হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত