সম্পর্কে উত্তেজনার মধ্যেই ভারত থেকে আমদানি বাড়াচ্ছে পাকিস্তান, কেন

২০২৫ সালের বসন্তে দীর্ঘদিনের বৈরিতার জেরে পাকিস্তান ও ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের অবশিষ্ট অধিকাংশ সংযোগ বিচ্ছিন্ন করে। তবে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা অব্যাহত থাকলেও বাণিজ্যিক যোগাযোগ ধীরে ধীরে বাড়ছে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে পাকিস্তানের আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬৯ শতাংশ বেড়েছে।
ওই বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি। তবে ইসলামাবাদ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে। এরপর পাকিস্তানে প্রবাহিত নদীগুলোর পানি বণ্টন নিয়ন্ত্রণকারী সিন্ধু পানি বণ্টন চুক্তি (ইন্দাস ওয়াটারস ট্রিটি) স্থগিত করে ভারত।
পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় এয়ারলাইনসের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। একই সঙ্গে ওয়াঘা সীমান্ত ক্রসিং বন্ধ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত করে ইসলামাবাদ। মে মাস নাগাদ পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জড়িয়ে পড়ে। চার দিন ধরে চলা সংঘাতের অবসান ঘটে ১০ মে যুদ্ধবিরতির মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেন।
এর ১৮ মাস পর পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য বলছে, দুই দেশের মধ্যে বাণিজ্য ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে ৬ কোটি ১৭ লাখ ডলারের পণ্য আমদানি করেছে পাকিস্তান। আগের বছরের একই সময়ের তুলনায় এ আমদানি ৬৯ শতাংশ বেশি।
সর্বশেষ পরিসংখ্যানে কী বলছে
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক এসবিপি বিভিন্ন দেশ থেকে আমদানির বিপরীতে দেশটির ব্যাংকগুলোর মাধ্যমে পরিশোধিত অর্থের হিসাব সংরক্ষণ করে। ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় পণ্য আমদানির বিপরীতে পরিশোধ করা অর্থের পরিমাণ ছিল ৩ কোটি ৬৬ লাখ ডলার।
সংঘাতের পর ভারত থেকে আমদানির বিপরীতে মাসিক অর্থ পরিশোধের পরিমাণ কমে যায়। চার দিনের যুদ্ধ শুরুর ঠিক আগে, ২০২৫ সালের এপ্রিলে এ পরিমাণ ছিল ২ কোটি ডলার। জুনে তা কমে দাঁড়ায় ৯২ লাখ ডলারে এবং জুলাইয়ে আরও কমে হয় ৮২ লাখ ডলার। তবে এরপর আবার বাড়তে শুরু করে। সেপ্টেম্বরে এ পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৯৬ লাখ ডলারে।
২০২৫-২৬ অর্থবছরে, যা চলতি বছরের জুনে শেষ হয়েছে, ভারত থেকে আমদানির বিপরীতে পাকিস্তান মোট ২০ কোটি ৩৮ লাখ ডলার পরিশোধ করেছে। আগের অর্থবছরের তুলনায় এ পরিমাণ ৭ দশমিক ৬ শতাংশ কম।
তবে মাসিক গড় হিসাব বলছে, আমদানি ব্যয় প্রায় আগের অবস্থায় ফিরে এসেছে। সংঘাতের আগের ১২ মাসে ভারতীয় পণ্য আমদানির বিপরীতে মাসিক গড় অর্থ পরিশোধের পরিমাণ ছিল ১ কোটি ৯৩ লাখ ডলার। আর ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৩ মাসে এ গড় দাঁড়িয়েছে ১ কোটি ৯১ লাখ ডলারে।
পাকিস্তান সরকারের বাণিজ্যসংক্রান্ত তথ্যেও আমদানির পরিমাণের হিসাব পাওয়া যায়। এসব তথ্যে পণ্যভিত্তিক আমদানির বিবরণ রয়েছে। সেখানে দেখা যায়, সর্বশেষ প্রান্তিকে ভারত থেকে আমদানির মূল্য ছিল ৬ কোটি ২৬ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৬ কোটি ৬৬ লাখ ডলার। অর্থাৎ সরকারি এ হিসাব অনুযায়ী আমদানি কিছুটা কমেছে।
ভারত থেকে কী কী পণ্য আমদানি করে পাকিস্তান
পাকিস্তান সরকারের বাণিজ্যসংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে আমদানির ৯৬ দশমিক ২ শতাংশই ছিল জৈব রাসায়নিক ও ওষুধশিল্পের পণ্য। আগের অর্থবছরে এ খাতের অংশ ছিল ৯৩ শতাংশ। আমদানির সবচেয়ে বড় অংশ ছিল টিকা, রক্তের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পণ্য এবং এ ধরনের অন্যান্য সামগ্রী। এসব পণ্যের আমদানি মূল্য ছিল ৯ কোটি ৩৬ লাখ ডলার। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৭ কোটি ৩ লাখ ডলার।
এ শ্রেণির পণ্যের মধ্যে মানুষের ব্যবহারের জন্য টিকা আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগের অর্থবছরে এ ধরনের টিকা আমদানিতে ব্যয় হয়েছিল ১ কোটি ১১ লাখ ডলার। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৩ কোটি ২৩ লাখ ডলারে।
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা খাকান নাজিব বলেন, পণ্যের দাম ও সরবরাহের সুবিধার কারণেই ভারতের ওপর এ নির্ভরশীলতা তৈরি হয়েছে। তিনি বলেন, ‘ভারত একটি প্রতিযোগিতামূলক ওষুধশিল্প গড়ে তুলেছে, বিশেষ করে ওষুধ তৈরির জন্য অপরিহার্য উপাদান অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) উৎপাদনে। প্রতিযোগিতামূলক দাম, পণ্যের সহজলভ্যতা এবং ভৌগোলিক নৈকট্যের কারণে পাকিস্তানের ওষুধশিল্প ঐতিহাসিকভাবেই এসব উপাদানের কিছু অংশ ভারতের কাছ থেকে সংগ্রহ করে আসছে।’
নিষেধাজ্ঞার মধ্যেও কীভাবে বাণিজ্য চলছে?
২০২৫ সালের সংঘাতের আগেই ভারতীয় পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছিল পাকিস্তান। ২০১৯ সালের ৯ আগস্ট, ভারতশাসিত কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিলের কয়েক দিন পর পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে উৎপাদিত অথবা ভারত থেকে পাঠানো পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে।
তবে এক মাসেরও কম সময়ের মধ্যে এ নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া হয়। পাকিস্তানের ড্রাগ রেগুলেটরি অথরিটি (ড্র্যাপ) নিয়ন্ত্রিত চিকিৎসাসংক্রান্ত পণ্য আমদানিকে নিষেধাজ্ঞার আওতামুক্ত করা হয়। ২০২৫ সালে পেহেলগাম হামলা এবং ভারতের সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্তের পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) আরও কঠোর বিধিনিষেধ আরোপ করে।
২০২৫ সালের ২৪ এপ্রিল দেওয়া এক বিবৃতিতে এনএসসি জানায়, ‘পাকিস্তানের মধ্য দিয়ে তৃতীয় কোনো দেশে যাওয়া বা সেখান থেকে আসা পণ্যসহ ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য অবিলম্বে স্থগিত করা হলো।’
তবে পাকিস্তানের বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) সাবেক প্রধান নির্বাহী মুহাম্মদ জুবায়ের মতিওয়ালা বলেন, তৃতীয় দেশ হয়ে এখনো ভারতের কিছু পণ্য পাকিস্তানে প্রবেশ করছে। টিডিএপি পাকিস্তানের আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি কার্যক্রম সহজতর করার দায়িত্বে থাকা একটি সরকারি সংস্থা। মতিওয়ালা বলেন, ‘ভারতীয় পণ্য আসলে দুবাই, মালয়েশিয়া এবং অন্যান্য দেশের মধ্য দিয়ে পাকিস্তানে আসে। তবে এসব পণ্যের হিসাব করা হয় উৎপত্তির দেশ অনুযায়ী।’
তবে ভারতীয় পণ্য কোন কোন পথে পাকিস্তানে পৌঁছাচ্ছে, সে বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপারে সতর্ক করেছেন খাকান নাজিব। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার মাধ্যমে কিছু পণ্য পাকিস্তানে পৌঁছাতে পারে। তবে সুনির্দিষ্টভাবে কোন পথে এসব পণ্য আসছে এবং এর পরিমাণ কত, তা জনসমক্ষে প্রতিষ্ঠিত নয়।’
ড্র্যাপের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভারতের সঙ্গে উত্তেজনা থাকা সত্ত্বেও পাকিস্তানের বাণিজ্যসংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে সবকিছুর ঊর্ধ্বে একটি বিষয়ই কাজ করে। সেটি হলো জাতীয় স্বার্থে প্রয়োজন হলে ভারত থেকে পণ্য আমদানি করবে পাকিস্তান।
বিকল্প দেশ থেকে কি পণ্য কিনতে পারে পাকিস্তান
ওষুধশিল্পের ক্ষেত্রে ভারতের ওপর পাকিস্তানের নির্ভরশীলতার বিষয়টি সবচেয়ে স্পষ্ট। এসবিপির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পাকিস্তানের মোট আমদানি ব্যয় ছিল ৬ হাজার ৪৫০ কোটি ডলার। এর মধ্যে ভারতের অংশ ছিল মাত্র প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ। একই অর্থবছরে পাকিস্তান তার বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন থেকে ১ হাজার ৯৫০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে।
তবে ওষুধশিল্পের চিত্র ভিন্ন। অর্থনৈতিক জটিলতা পর্যবেক্ষণকারী সংস্থা অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটির (ওইসি) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে, অর্থাৎ চার দিনের যুদ্ধের আগে, পাকিস্তানে ওষুধ সরবরাহকারী দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ছিল দ্বিতীয়। সামান্য ব্যবধানে ভারতের আগে ছিল বেলজিয়াম।
মতিওয়ালা বলেন, ভারতীয় সরবরাহকারীদের বিকল্প খুঁজতে গেলে পাকিস্তানের কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। তিনি বলেন, ‘আমরা আসলে এই বাণিজ্য আবার চালু করতে চাই। আমাদের কাঁচামালের একটি অংশ ভারত থেকে আসে, আবার অন্যান্য জায়গা থেকেও আসে। অন্য দেশ থেকে এসব পণ্য আমদানি করলে খরচ ৪০ থেকে ৫০ শতাংশ বেড়ে যায়।’
খাকান নাজিব বলেন, বিকল্প সরবরাহকারীর কাছ থেকে পণ্য সংগ্রহের প্রভাব পণ্যভেদে ভিন্ন হতে পারে। তিনি বলেন, ‘পরিবহন ব্যয়, বিমা, গুণগত মানের সনদ, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং সময়মতো পণ্য সরবরাহের নিশ্চয়তা—সবকিছুই আমদানির অর্থনৈতিক হিসাবকে প্রভাবিত করে। বিকল্প উৎস থেকে পণ্য সংগ্রহ করলে কিছু পণ্যের ক্ষেত্রে ব্যয় বাড়তে পারে। তবে উপাদানভেদে এ প্রভাব ভিন্ন হবে।’
দুই দেশের সম্পর্কে কি বরফ গলতে শুরু করেছে
মতিওয়ালার মতে, পাকিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, ‘আমি মনে করি, বরফ গলছে। পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত করছে। সম্প্রতি জেলেদের মুক্তি দেওয়া হয়েছে এবং দুই দেশের দলের মধ্যে করমর্দনের ঘটনাও ঘটেছে।’
গত ২৯ আগস্ট ওয়াঘা-আটারি সীমান্ত ক্রসিং দিয়ে জেলেসহ ২৫ জন পাকিস্তানি নাগরিককে দেশে ফেরত পাঠায় ভারত। গত সপ্তাহে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে ভারত ৩-২ গোলে জয়ের পর দুই দেশের ফুটবলারদের মধ্যে করমর্দন করতে দেখা যায়। ম্যাচের আগে ও পরেও তাঁরা পরস্পরের সঙ্গে হাত মেলান।
দুই দেশের ক্রীড়াদলগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে অন্যান্য খেলায় এ ধরনের সৌজন্য বিনিময় এড়িয়ে চলার যে প্রবণতা দেখা যাচ্ছিল, তার ব্যতিক্রম ছিল এ ঘটনা। খাকান নাজিব বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলে উভয় দেশই লাভবান হতে পারে। তিনি বলেন, ‘তবে অর্থনৈতিক বিষয়গুলোকে বিদ্যমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। পরিস্থিতি অনুকূলে থাকলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ধীরে ধীরে বাণিজ্য পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ ক্ষেত্রে সুস্পষ্ট অর্থনৈতিক ও মানবিক সুবিধা রয়েছে, এমন খাতগুলো দিয়ে প্রক্রিয়া শুরু করা যেতে পারে।’









