
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ অবসানে সমঝোতা প্রচেষ্টায় পাকিস্তান নিজেকে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছে। দুই প্রতিবেশী আফগানিস্তান ও ভারতের সঙ্গে উত্তপ্ত সম্পর্ক থাকলেও আরেক প্রতিবেশী ইরানের শান্তিতে তারা এগিয়ে এসেছে। এতে তারা ব্যবহার করছে দেশটির সামরিক শক্তিশালী নেতৃত্বের তেহরানের সঙ্গে সম্পর্ক এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উষ্ণ যোগাযোগ।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আলোচনার বিষয়ে অবগত দুই কর্মকর্তা জানান, পাকিস্তান ইসলামাবাদকে সম্ভাব্য আলোচনার ভেন্যু হিসেবে প্রস্তাব করেছে। এই বৈঠক চলতি সপ্তাহেই হতে পারে এবং এতে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ প্রতিনিধি ও ইরানের কর্মকর্তারা অংশ নিতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্রের মতে, গত রোববার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। আর সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে।
পাকিস্তান ও ইরানের নেতাদের এই আলাপ হয় ঠিক সেই সময়ের কাছাকাছি, যখন ট্রাম্প ঘোষণা দেন যে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ‘ধ্বংস’ করার হুমকি স্থগিত করছেন। তিনি বলেন, যুদ্ধ শেষ করার বিষয়ে তেহরানের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে।
পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টা এবং ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া পোস্টের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা স্পষ্ট নয়। ওই পোস্টের পর তেলের দাম ব্যাপকভাবে কমে যায়। হোয়াইট হাউস ট্রাম্পের আলোচনার বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানায়। তারা বলেছে, ‘এগুলো সংবেদনশীল কূটনৈতিক আলোচনা, এবং যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের মাধ্যমে আলোচনা করবে না।’
যুদ্ধ শুরুর আগে মধ্যস্থতায় যুক্ত থাকা তুরস্কও ইরানি কর্মকর্তাদের এবং ট্রাম্পের দূত স্টিভ উইটকফের সঙ্গে যোগাযোগ করছে। তাদের লক্ষ্য একটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং আলোচনার পথ খুলে দেওয়া। গতকাল সোমবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে কথা বলেন। তার আগের দিন, রোববার মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি উইটকফ এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয়নি বলে অস্বীকার করেছে। তবে তারা জানিয়েছে, কিছু আঞ্চলিক দেশ মধ্যস্থতায় জড়িত। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-ইরনারে বলেন, ‘গত কয়েক দিনে কিছু বন্ধুত্বপূর্ণ দেশের মাধ্যমে বার্তা পাওয়া গেছে, যেখানে যুদ্ধ শেষ করতে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের অনুরোধ জানানো হয়েছে। দেশের মৌলিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে যথাযথ জবাব দেওয়া হয়েছে।’ তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি বা যুদ্ধ শেষ করার শর্ত নিয়ে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
বিশ্লেষক ও কূটনীতিকরা সতর্ক করেছেন, যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ালেও মধ্যস্থতার সফলতার সম্ভাবনা কম। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা বলেন, এখনো এটি প্রাথমিক পর্যায়ের বার্তা আদান-প্রদান মাত্র, কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়। থিংক ট্যাংক চ্যাথাম হাউসের বিশ্লেষক সানাম ভাকিল বলেন, কয়েকটি দেশ সংঘাত নিয়ন্ত্রণে ‘হিমশিম খাচ্ছে।’ তিনি যোগ করেন, ‘যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ আমি দেখি না।’
তাঁর মতে, উপসাগরীয় দেশগুলোর চাপের কারণেই ট্রাম্প হুমকি থেকে সরে আসতে পারেন। ইরান আগেই সতর্ক করেছে, তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে তারা অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে জ্বালানি স্থাপনা ও পানি লবণমুক্তকরণ প্ল্যান্টে হামলা চালাবে। গত শনিবার ট্রাম্প নিজ মালিকানাধানী সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, তেহরান যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অনুমতি না দেয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা করবে, ‘সবচেয়ে বড়টি দিয়ে শুরু করে।’ এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়।
সোমবার তিনি বলেন, ওই হুমকি পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হবে। এই বিষয়ে ভাকিল বলেন, ‘সমঝোতা ও চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা ইতিবাচক, কিন্তু কোনো পক্ষেরই আপস করার ইচ্ছা দেখছি না। ” তিনি আরও বলেন, “এই সংকট থেকে ট্রাম্পের সরে আসা সম্ভব নয়, কারণ এটি তারই সৃষ্টি।’ তাঁর মতে, ‘ইরানও নতি স্বীকার করবে না। তারা মনে করে তাদেরই সুবিধাজনক অবস্থান রয়েছে। এটি তাদের টিকে থাকা এবং সেই টিকে থাকার শর্ত নিয়ে লড়াই।’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা সাধারণত ওমান ও কাতার করে থাকে। তবে আঞ্চলিক কর্মকর্তারা বলেন, জেনেভায় ট্রাম্প প্রশাসন ও ইরানি কর্মকর্তাদের বৈঠকের দুই দিন পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে কূটনৈতিক প্রচেষ্টায় কোনো গতি নেই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি জানান, পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তারা তেহরান এবং উইটকফ ও ট্রাম্পের জামাতা ও দূত জ্যারেড কুশনারের মধ্যে গোপন যোগাযোগ রক্ষা করছেন। যুদ্ধ শুরুর পর থেকে শাহবাজ শরিফ একাধিকবার পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন।
গতকাল সোমবার প্রকাশিত বিবৃতিতে পাকিস্তান জানায়, ‘ইরানের প্রেসিডেন্টকে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতার বিষয়ে অবহিত করে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।’
এক কূটনীতিক জানান, গত সপ্তাহে রিয়াদে এক বৈঠকে ইসহাক দার আরব দেশগুলোর প্রতিনিধিদের বলেছেন যে ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে, তবে বিস্তারিত দেননি। ওই কূটনীতিকের মতে, পাকিস্তানই এই প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।
পাকিস্তানে কোনো মার্কিন সামরিক ঘাঁটি নেই এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে এটি যুক্তরাষ্ট্রের এমন এক মিত্র, যা এখন পর্যন্ত তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে রক্ষা পেয়েছে। সংশ্লিষ্ট তিন ব্যক্তি জানান, এই কারণেই ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের কাছেই পাকিস্তান একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। ইরানের পর পাকিস্তানেই শিয়া মুসলমানের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা রয়েছে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে গত বছর স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি।
তবে সংঘাতের প্রভাব থেকেও পাকিস্তান ঝুঁকিমুক্ত নয়, কারণ তারা তেল ও গ্যাস আমদানির জন্য উপসাগরীয় অঞ্চলের ওপর নির্ভরশীল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি গত সপ্তাহে ইরানি নববর্ষ উপলক্ষে প্রকাশিত এক লিখিত বার্তায় পাকিস্তানের নাম উল্লেখ করেন। তিনি বলেন, পাকিস্তানের জনগণের প্রতি তাঁর বিশেষ অনুভূতি রয়েছে।

ইরান যুদ্ধ পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণার ঠিক আগমুহূর্তে বিশ্ববাজারে এক রহস্যময় লেনদেনের ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই ঘোষণার মাত্র ২০ মিনিট আগে শুরু হওয়া এই লেনদেন একটি ‘চেইন রিঅ্যাকশন’ তৈরি করেছিল, যা থেকে প্রায় ১০ কোটি ডলার মুনাফা তুলে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
চীন প্রশান্ত, ভারত ও আর্কটিক মহাসাগরজুড়ে বিস্তৃত সমুদ্রতলের এক বিশাল ম্যাপিং বা মানচিত্রায়ন ও নজরদারি কার্যক্রম চালাচ্ছে। এতে সমুদ্রের পরিবেশগত বৈশিষ্ট্য সম্পর্কে এমন বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা নৌবিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে সাবমেরিন যুদ্ধ পরিচালনার জন্য অত্যন্ত...
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে প্রশাসন নীরবে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সম্ভাব্য অংশীদার, এমনকি ভবিষ্যৎ নেতা হিসেবেও বিবেচনা করছে। একই সময়ে ট্রাম্প সামরিক চাপ থেকে সরে এসে আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত সমাধানের দিকে ঝোঁকার ইঙ্গিত দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে
লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা আরও তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। একের পর এক বাড়িঘর ও সেতু ধ্বংস করছে। এর মধ্যেই দক্ষিণ লেবানন দখল করে ইসরায়েলের মানচিত্রভুক্ত করার আহ্বান জানিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ।
৪ ঘণ্টা আগে