Ajker Patrika

পশ্চিম তীরে ইসরায়েলিকে গুলি করে মারলেন ফিলিস্তিনি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫১
পশ্চিম তীরে ইসরায়েলিকে গুলি করে মারলেন ফিলিস্তিনি
পশ্চিমতীরের রামাল্লার কাছে গোলাগুলির পর ফিলিস্তিনিদের জন্য বন্ধ করে দেওয়া একটি তল্লাশি চৌকিতে এক ইসরায়েলি সৈন্য পাহারায় রয়েছেন।

দখলকৃত পশ্চিমতীরে রোববার (২০ সেপ্টেম্বর) পৃথক দুটি সহিংস ঘটনায় এক ইসরায়েলি নাগরিক এবং এক ফিলিস্তিনি গাড়িচালক নিহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ ও সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইসরায়েলি সামরিক বাহিনী ও পুলিশের দাবি, রামাল্লার কাছে নেভে তজুফ বসতির কাছাকাছি একটি ঝরনার পাশে ইসরায়েলিদের লক্ষ্য করে একটি গাড়ি থেকে গুলি চালানো হয়। এতে এক ব্যক্তি গুরুতর আহত হন।

রয়টার্স জানায়, ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসাকর্মীরা ওই ইসরায়েলিকে গাড়ির ভেতর গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, হামলাকারীকে কয়েক ঘণ্টা পর রামাল্লার একটি হাসপাতালে শনাক্ত করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সন্দেহ করছে, হামলাকারী একজন ফিলিস্তিনি।

এর কিছুক্ষণ পর পশ্চিমতীরের আরও উত্তরে গ্যানিম বসতির কাছে আরেকটি ঘটনা ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, এক ফিলিস্তিনি গাড়িচালক সেনাদের গাড়িচাপা দেওয়ার চেষ্টা করেন। এ সময় সেনারা গুলি চালিয়ে তাঁকে হত্যা করে। তবে সেনাদের দাবি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

দুটি প্রাণঘাতী ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। ইহুদিদের ধর্মীয় উৎসব ইয়োম কিপুরের আগের দিন এসব ঘটনা ঘটল। ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা সংস্থাগুলোকে ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন, গ্রেপ্তার অভিযান এবং আক্রমণাত্মক তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এই গুলির ঘটনার প্রশংসা করলেও হামলার দায় স্বীকার করেনি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং এর পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিমতীরে সহিংসতা বেড়েছে। সেখানে ফিলিস্তিনিদের ওপর সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা যেমন বেড়েছে, তেমনি ইসরায়েলি বাহিনীর ব্যাপক অভিযান এবং ইসরায়েলিদের লক্ষ্য করে ফিলিস্তিনি হামলার ঘটনাও ঘটছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত