
থাইল্যান্ডের একটি ঐতিহাসিক বৌদ্ধ মঠের অনুদান থেকে প্রায় ৩০ লাখ মার্কিন ডলার আত্মসাৎ এবং যৌন কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে এক প্রবীণ শীর্ষ বৌদ্ধ ভিক্ষু ও তাঁর এক নারী সহযোগীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত ১১ সেপ্টেম্বর এ জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্তদের হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তার হওয়া ভিক্ষুর নাম ফ্রা ওয়াচিরায়ান উই (৬৬)। তিনি থাইল্যান্ডের প্রাচীন রাজধানী আয়ুথায়ার ঐতিহাসিক ‘ওয়াট পুথ্থাইসাওয়ান’ মঠের সাবেক মঠাধ্যক্ষ। তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া ৪৭ বছর বয়সী নারী সহযোগীর নাম পুণ্যবী রুংরুয়াং।
পুলিশের অপরাধ দমন বিভাগ জানায়, মন্দির সংস্কার ও বিভিন্ন ধর্মীয় সামগ্রী বিক্রির অনুদান থেকে পাওয়া বিপুল পরিমাণ অর্থ মঠের ব্যাংক অ্যাকাউন্টে জমা না করে অবৈধভাবে সরিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে।
মঠের তহবিলের অপব্যবহার ও ভিক্ষুর অসদাচরণ নিয়ে পুলিশে একটি গোপন ও বেনামি অভিযোগ জমা পড়ার পর গত জুলাইয়ের মাঝামাঝি থেকে তদন্ত শুরু হয়।
পুলিশের অপরাধ দমন বিভাগের কর্মকর্তা পাত্তানাসাক জানান, তদন্তে তাঁরা জানতে পারেন যে দুই বছর ধরে অন্তত ২০ বার মঠের অনুদানের অর্থ সরানো হয়েছে। মন্দির সংস্কার কাজের জন্য আসা প্রায় ১০ কোটি থাই বাত (৩০ লাখ মার্কিন ডলার) এবং ধর্মীয় তাবিজ ও অন্যান্য সামগ্রী বিক্রির আরও ৩০ লাখ বাত সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য নেশন-এর প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ভিক্ষুর বাসভবনে অভিযান চালিয়ে নগদ ১ কোটি বাতের বেশি অর্থ ও সোনার বার উদ্ধার করে পুলিশ।
পরবর্তীতে তাঁর সহযোগী পুণ্যবী রুংরুয়াংয়ের বাড়িতে অভিযান চালিয়ে ৩৫টি সোনার তাবিজ, দেড় কেজি সোনার বার এবং বিভিন্ন গয়না উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ বাতের বেশি। পুলিশ জানিয়েছে, পুণ্যবীর ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছর কোটি কোটি বাতের সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
অর্থ তছরুপের তদন্তের পাশাপাশি বাসভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার সময় ওই প্রবীণ ভিক্ষু ও তাঁর সহযোগীর আপত্তিকর সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসে। পরবর্তীতে সামাজিক মাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে ফুটেজটি ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়। ওই ভিক্ষুর এক নারীকে চুমু খাওয়া এবং ডাইনিং টেবিলে সঙ্গমের সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ওই ভিক্ষুকে মঠের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি তাঁর ভিক্ষুপদ বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত ভিক্ষু বা তাঁর সহযোগী নারী—কেউই এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, ৬৬ বছর বয়সী এই ভিক্ষু থাইল্যান্ডে বিশেষ ধরনের পবিত্র তাবিজ তৈরির জন্য অত্যন্ত পরিচিত। সাধারণ মানুষের পাশাপাশি দেশটির উচ্চপদস্থ ব্যক্তিদের কাছেও তাঁর তৈরি তাবিজের বেশ চাহিদা ছিল।
থাইল্যান্ডের সমাজে বৌদ্ধ ভিক্ষুরা অত্যন্ত শ্রদ্ধেয় এবং তাঁরা কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করে থাকেন। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক অনৈতিক কাণ্ড ও আর্থিক কেলেঙ্কারির ঘটনায় দেশটির ভিক্ষু সম্প্রদায়ের ভাবমূর্তি সংকটের মুখে পড়েছে।
গত বছরও বৌদ্ধ ভিক্ষুদের যৌনতার ফাঁদে ফেলে ব্ল্যাকমেল ও অর্থ আদায়ের একটি বড় ঘটনার তদন্ত নিয়ে থাইল্যান্ডে আলোড়ন সৃষ্টি হয়েছিল।
বর্তমান ঘটনাটি প্রকাশ্যে আসার পর সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে যেমন ক্ষোভ তৈরি হয়েছে, তেমনি ঐতিহ্যবাহী এই সামাজিক কাঠামোর শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।

প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের প্রতি ব্রিটিশ গণমাধ্যমের আচরণে নিজের বোন প্রিন্সেস ডায়ানার প্রতি করা আচরণের ‘প্রতিধ্বনি’ দেখতে পাচ্ছেন ডায়ানার ছোট ভাই আর্ল স্পেনসার। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংবাদমাধ্যমের নেতিবাচক প্রচার হ্যারি...
১ ঘণ্টা আগে
জাপানের গিফুতে এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শুরুর আগে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় দক্ষিণ কোরিয়ার পুরুষ হকি দলকে। গত শুক্রবার ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতের বদলে ভুলে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়।
২ ঘণ্টা আগে
রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় ইউক্রেনের শত শত ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ হামলায় একটি বড় তেল শোধনাগারও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে এই হামলা চালানো হয়। আজ রোববার মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা...
২ ঘণ্টা আগে
পেট্রোলিয়াম লেভি বা জ্বালানিতে বাড়তি শুল্ক বাতিল করা না হলে পাকিস্তান জামায়াতে ইসলামীর বিক্ষোভ সরকার হটানোর আন্দোলনে পরিণত হতে পারে। এমনটাই সতর্ক করেছেন দলটির আমির হাফিজ নাঈমুর রহমান।
২ ঘণ্টা আগে