
ইরানকে ‘মক্কা চুক্তি’ বা মক্কা এগ্রিমেন্ট ফর মিউচুয়াল ডিফেন্সে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করেছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান চলতি মাসের শুরুতে এই নতুন নিরাপত্তা জোট গঠন করেছে। গত শনিবার ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল মায়েদিন।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা চুক্তির তিন সদস্য দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এখনো এই আমন্ত্রণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ইরানের পার্লামেন্টের সংবাদ সংস্থা খানেহ মেল্লাতের প্রধান মেহদি রহিমি আল মায়েদিনকে বলেন, ‘ইরান মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে এবং বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।’
রহিমি আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন ‘একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে’। তাঁর দাবি, এটি ইরানের জন্য একটি ‘বিজয়’। কারণ, ইরান দীর্ঘদিন ধরে এমন একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর আহ্বান জানিয়ে আসছে।
৭ আগস্ট সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মক্কা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষার একটি নীতি প্রতিষ্ঠা করা হয়েছে। এর আওতায় তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই ব্যবস্থাকে ন্যাটো চুক্তির ৫ নম্বর অনুচ্ছেদের সঙ্গে তুলনা করেছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এই চুক্তি ইরান বা অন্য কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত নয়।
চুক্তির সদস্য দেশগুলো ইতিমধ্যে কূটনৈতিক ও সামরিক সমন্বয়ের বিভিন্ন ব্যবস্থা তৈরির কাজ শুরু করেছে। এর মধ্যে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক, সামরিক কমান্ডারদের মধ্যে বৈঠক, যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা শিল্পগুলোর মধ্যে সহযোগিতা।
তুরস্ক জানিয়েছে, ভবিষ্যতে এই জোটে আরও দেশকে অন্তর্ভুক্ত করা হতে পারে। সম্ভাব্য সদস্য হিসেবে মিসরের নাম প্রকাশ্যেই আলোচনায় এসেছে। মক্কা চুক্তি নিয়ে ইরান এখন পর্যন্ত সতর্কভাবে ইতিবাচক অবস্থান নিয়েছে। ১০ আগস্ট ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এই জোট প্রতিষ্ঠা নিয়ে ‘উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই’।
বাঘাইয়ের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগ থেকে বোঝা যাচ্ছে যে অঞ্চলের দেশগুলোর মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়ছে। ইরানকে আমন্ত্রণ জানানোর দাবি যদি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়, তাহলে জোটটির চরিত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। কারণ, জোটটি শুরুতে এমন তিনটি দেশ নিয়ে গঠিত হয়েছিল, যাদের পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক রয়েছে। ইরান সদস্য হলে জোটটি আরও বিস্তৃত একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় পরিণত হবে এবং এর রাজনৈতিক ও কৌশলগত চরিত্রও উল্লেখযোগ্যভাবে বদলে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিল এলাকার ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী গতকাল রোববার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপে গঙ্গা (বাংলাদেশে পদ্মা) নদীর পানির উচ্চতা বাড়তে থাকা এবং বিহারের বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি ফারাক্কা ব্যারাজের সব গেট তথা জলকপাট খুলে দেওয়ার অনুরোধ জানান।
৩৮ মিনিট আগে
ফিলিস্তিনি-চিলিয়ান সংগীতশিল্পী এলিয়ানার জনপ্রিয় গান ‘গানেনি’-এর মিউজিক ভিডিওর দৃশ্য ‘ফ্রেম বাই ফ্রেম’ নকল করার অভিযোগ উঠেছে দুই ইসরায়েলি শিল্পীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দুটি পাশাপাশি রেখে তুলনা করে অভিযোগটি ছড়িয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে
যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও ক্ষমতার কাঠামো পুনর্গঠনের মধ্যেই ইরানে আবারও সামনে এসেছে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করার প্রশ্ন। দেশটির রক্ষণশীল ও কট্টরপন্থী গোষ্ঠীগুলো হিজাব আইন কঠোরভাবে কার্যকর করার দাবি জোরদার করলেও বহু নারী এখন প্রকাশ্যেই সেই বিধিনিষেধ অমান্য করছেন।
১৪ ঘণ্টা আগে