Ajker Patrika

চীনের জন্য ইরানের হাতে আর মাত্র ৩ কোটি ব্যারেল তেল আছে: বেসেন্ট

আজকের পত্রিকা ডেস্ক­
চীনের জন্য ইরানের হাতে আর মাত্র ৩ কোটি ব্যারেল তেল আছে: বেসেন্ট
ছবি: আনাদুলু এজেন্সি

চীনের জন্য ইরানের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩ কোটি ব্যারেলে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে খুব শিগগিরই তেহরান চীনে আর তেল সরবরাহ করতে পারবে না বলে দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘চীন এখনো কেনেনি—এমন ইরানি অপরিশোধিত তেল সম্ভবত মাত্র ৩০ মিলিয়ন ব্যারেল রয়েছে। সেটিও দ্রুত শেষ হয়ে যাবে। ফলে চীনের তেল কেনা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। কারণ তাদের কেনার মতো পণ্যই থাকবে না।’

তিনি বলেন, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে পরিচালিত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের অভিযান কোনো দেশকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার ইতিহাসে সবচেয়ে বড় উদ্যোগ। এর মাধ্যমে ইরানের শাসনব্যবস্থাকে অর্থনৈতিকভাবে ‘শ্বাসরোধ’ করাই ওয়াশিংটনের লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

বেসেন্টের দাবি, ইরানের ওপর নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ একসঙ্গে অত্যন্ত কার্যকর হয়েছে। তিনি বলেন, ‘অবরোধ এমনভাবে কাজ করছে, যা আমরা আগে কখনো দেখিনি।’ তাঁর মতে, নিষেধাজ্ঞা ও অবরোধ অর্থনৈতিক বিচ্ছিন্নতার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সমন্বিত পদক্ষেপগুলোর একটি।

পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়েও মন্তব্য করেন বেসেন্ট। দুই বছরের মধ্যে তেলশিল্পে এই প্রণালির গুরুত্ব অনেকটাই কমে যাবে বলে নিজের পূর্বাভাস পুনর্ব্যক্ত করে তিনি এবং বলেন, উপসাগরীয় দেশগুলো বিকল্প পাইপলাইন নির্মাণ করছে। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের প্রয়োজন কমে আসবে।

ইরানের হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ রয়েছে—এমন ধারণাও প্রত্যাখ্যান করেন বেসেন্ট। তিনি দাবি করেন, প্রণালিটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

বেসেন্ট আরও বলেন, সংঘাতের ফলে জ্বালানির দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের জনগণ সাময়িকভাবে চাপের মুখে পড়লেও যুদ্ধ শেষ হলে পরিস্থিতির উন্নতি হবে। একই সঙ্গে তাঁর প্রত্যাশা, সংঘাতের পর ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারবে না।

এদিকে সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের অর্থ মন্ত্রণালয় একটি ‘অর্থনৈতিক যুদ্ধ’ কমান্ড সেন্টার গঠন করেছে বলে জানিয়েছেন দেশটির উপ-অর্থমন্ত্রী মোর্তেজা জামানিয়ান। ব্যবসা, বাণিজ্য ও অর্থায়নসংক্রান্ত সমস্যা মোকাবিলায় বিভিন্ন সরকারি সংস্থার কার্যক্রম সমন্বয় করবে এই কেন্দ্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত