
ইসরায়েলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির লক্ষ্য হলো—বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয় করা এবং ২৭ অক্টোবরের নির্বাচনের পর তাদের ভাষায় আরও বেশি ‘জায়নবাদী সরকার’ গঠন করা। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের আগে গঠিত এই পাঁচদলীয় বিরোধী জোটের যৌথ উদ্যোগে আরব দলগুলোকে রাখা হয়নি। এই নির্বাচন নেতানিয়াহুর সরকার এবং বিরোধী দল উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
গত শনিবার বিরোধী নেতা ইয়াইর লাপিদ, গাদি আইজেনকোট, নাফতালি বেনেত, আভিগদর লাইবারম্যান এবং ইয়াইর গোলান নির্বাচনী প্রচেষ্টা সমন্বয় করার জন্য একটি ‘জোট’ গঠনে সম্মত হন। জরিপগুলো বলছে, নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী জোট, কোনোটিই ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাবে না।
আরব দলগুলোর সঙ্গে জোট করলে বিরোধীরা সরকার গঠন করতে পারে। কিন্তু অধিকাংশ ইহুদি দলের নেতা এ ধরনের জোট প্রত্যাখ্যান করেন। একই সময়ে সরকারও আরব দলগুলোকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে বিরোধীরা জানায়, তারা ‘নির্বাচনে বিজয় নিশ্চিত করতে এবং রাষ্ট্রের জন্য কাজ করবে এমন একটি স্থিতিশীল জায়নবাদী সরকার গঠনের লক্ষ্যে যৌথ কার্যনির্বাহী কমিটি গঠনের’ সিদ্ধান্ত নিয়েছে।
‘জায়নবাদী সরকার’ বলতে সাধারণত এমন এক জোট সরকারকে বোঝানো হয়, যেখানে ডানপন্থী, মধ্যপন্থী কিংবা বামপন্থী হলেও জায়নবাদী আদর্শে বিশ্বাসী দলগুলো থাকে। এসব দল মূলত ইহুদি জনগণের জাতীয় স্বার্থ হিসেবে যেসব বিষয়কে বিবেচনা করে, সেগুলোর ওপর গুরুত্ব দেয়। এর ফলে কার্যত আরব দলগুলোকে এ ধরনের সরকার থেকে বাদ রাখা হয়।
বিরোধীদের বিবৃতিতে বলা হয়, ‘২৮ দিনের মধ্যে ইসরায়েলের নাগরিকরা ভোটকেন্দ্রে যাবেন, আসন্ন এই গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দেবেন এবং আগামী বছরগুলোতে ইসরায়েল কোন পথে এগোবে তা নির্ধারণ করবেন।’
২০২২ সালের শেষ দিক থেকে নেতানিয়াহু বর্তমান সরকারটির নেতৃত্ব দিয়ে আসছেন। এই সরকারকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ডানপন্থী সরকার হিসেবে বর্ণনা করা হয়েছে। নেতানিয়াহুর সমালোচনা করে বিরোধীরা বলেছে, এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ‘বহু বছরের অভ্যন্তরীণ বিভাজন, মিথ্যা, ব্যর্থতা এবং মানুষের আস্থা হারানোর’ পর। তারা আরও বলেছে, ‘রাষ্ট্রের জন্য কাজ করবে, ইসরায়েলকে আবার সঠিক পথে ফিরিয়ে আনবে এবং দেশকে ঐক্যবদ্ধ করবে এমন একটি জায়নবাদী সরকার গঠন করা আমাদের দায়িত্ব।’
বিরোধীরা জানায়, শনিবার দলীয় নেতাদের বৈঠকের পর ‘নির্বাচনে জয়ী হওয়ার প্রস্তুতি জোরদার করা, পারস্পরিক সহযোগিতা সমন্বয় করা এবং রাষ্ট্রের জন্য কাজ করবে এমন একটি জায়নবাদী সরকার গঠনের ভিত্তি তৈরি করার লক্ষ্যে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।’
প্রথম কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হবে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি বাড়ানো। দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হবে পরবর্তী সরকারের মূল নীতিমালা এবং সরকারের প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনা তৈরি করা। এই কার্যনির্বাহী কমিটি যেসব বিষয় নিয়ে কাজ করবে, তার মধ্যে রয়েছে সামরিক সেবা ও দায়িত্ব ভাগাভাগিতে ‘সমতা’ প্রতিষ্ঠা এবং সবার জন্য সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের ব্যবস্থা করা। এর পাশাপাশি একটি আনুষ্ঠানিক তদন্ত কমিশন গঠন, একজন প্রধানমন্ত্রী কত মেয়াদ দায়িত্ব পালন করতে পারবেন তার সীমা নির্ধারণ এবং ইসরায়েলের জন্য একটি সংবিধান গ্রহণের উদ্যোগ এগিয়ে নেওয়ার বিষয়ও থাকবে।
১৯৪৮ সালে প্রতিষ্ঠার পরও ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক লিখিত সংবিধান নেই। এর পরিবর্তে দেশটি একাধিক ‘বেসিক ল’ বা মৌলিক আইনের ওপর নির্ভর করে। রাষ্ট্রের পরিচয় এবং ইসরায়েলকে মূলত ‘ইহুদি জনগণের রাষ্ট্র’ হিসেবে সংজ্ঞায়িত করা হবে, নাকি ‘তার সব নাগরিকের রাষ্ট্র’ হিসেবে সংজ্ঞায়িত করা হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে।
ইসরায়েল ৪ জুন ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান করে। জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবগুলোতে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের অংশ হিসেবে এমন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। বিরোধীদের বিবৃতিতে বলা হয়েছে, ‘তৃতীয় কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হবে গণমাধ্যম-সংক্রান্ত সমন্বয় করা এবং অপতথ্য, কুৎসামূলক প্রচারণা ও বদনাম ছড়ানোর প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করা।’ তবে বিরোধী দলগুলোর নেতারা এখনো একমত হননি যে, নির্বাচনের পর তারা সরকার গঠন করতে পারলে সেই ভবিষ্যৎ সরকারের নেতৃত্ব কে দেবেন।

রাশিয়ার পূর্বাংশের আমুর অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন ক্রু সদস্য নিহত হয়েছেন। আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
২৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে তৃতীয় কোনো দেশে অভিবাসীদের নির্বাসন চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। একই সঙ্গে নিম্ন আদালতের একটি রায় সাময়িকভাবে স্থগিত করেছে। সেই রায়ে যথাযথ আইনি প্রক্রিয়া বা ‘ডিউ প্রসেস’ নিয়ে প্রশ্ন ওঠায় এ ধরনের নির্বাসন বন্ধ রাখা হয়েছিল।
১ ঘণ্টা আগে
ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
১৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
১৬ ঘণ্টা আগে