
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক পদক্ষেপের ঝুঁকি এড়াতে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী। তবে একই সময়ে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে কোনো ধরনের আলোচনা হবে না।
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটুকু বলতে পারি, তারা (ইরান) একটি চুক্তি করতে চায়।’ সম্প্রতি পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বড় ধরনের উপস্থিতির প্রেক্ষাপটে এই মন্তব্য করেন তিনি। এর আগে বুধবার ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় ‘ফুরিয়ে আসছে’।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনার সূচি নির্ধারিত নেই। তবু ‘পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে’ আলোচনার জন্য ইরান প্রস্তুত আছে বলে উল্লেখ করেন তিনি।
ইস্তাম্বুলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কখনোই আলোচনার টেবিলে আসবে না।’ তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।
এদিকে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানায়, বৈঠকে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
চুক্তির জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘এটা কেবল তারাই (ইরান) নিশ্চিতভাবে জানে।’
তিনি আরও বলেন, ‘আশা করি, আমরা একটি চুক্তিতে পৌঁছাব। যদি চুক্তি হয়, ভালো। না হলে কী হয়, তা দেখা যাবে।’
ওই অঞ্চলে একটি বড় নৌবহর (আরমাডা) পাঠানো হচ্ছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ওগুলো কোথাও না কোথাও ভাসবেই, তাই ইরানের কাছাকাছি ভাসলেই ভালো।’
এর আগে বুধবার ট্রাম্প বলেছিলেন, সামরিক পদক্ষেপ এড়াতে ইরানকে দুটি শর্ত মানতে হবে। প্রথমত, কোনো পারমাণবিক অস্ত্র নয়। দ্বিতীয়ত, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএনএ) দাবি করেছে, গত ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া অস্থিরতায় এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে বিপুলসংখ্যক বিক্ষোভকারী। ইন্টারনেট বন্ধ থাকার কারণে পাওয়া আরও প্রায় ১৭ হাজার মৃত্যুর খবর তারা যাচাই করছে বলেও জানিয়েছে সংস্থাটি।
নরওয়েভিত্তিক সংগঠন ইরান হিউম্যান রাইটস সতর্ক করে বলেছে, চূড়ান্ত মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে যেতে পারে।
তবে এসব অভিযোগের বিষয়ে ইরান সরকার বিস্তারিত প্রতিক্রিয়া দেয়নি। বরাবরের মতোই তারা বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি অস্ত্র তৈরির জন্য নয় এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অভিযোগ ভিত্তিহীন।

কোনো মার্কিন সেনাকে হত্যা বা আটক করতে পারলে ৩০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। কোনো নারী এই কাজ করতে পারলে তাঁকে দেওয়া হবে দ্বিগুণ পুরস্কার।
২ ঘণ্টা আগে
ভূতের ভয়ে হোস্টেল ছেড়ে চলে গিয়েছে ভারতে মহারাষ্ট্রের অমরাবতী জেলায় এক বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থী। ওই সরকারি আবাসিক বিদ্যালয়টিতে চার ছাত্রীর ওপর ‘ভূতে আছড়’ করেছে এই গুজব ছড়িয়ে পড়ার পর এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
রাশিয়ার হামলায় ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরগুলো দিয়ে কৃষিপণ্য রপ্তানি প্রায় থমকে যাওয়ায় বিপাকে পড়েছেন দেশটির কৃষকেরা। ভালো ফলন হওয়া সত্ত্বেও শস্য বিক্রি করতে না পারায় কৃষকদের অর্থসংকট তীব্র হচ্ছে। এর ফলে শুধু চলতি মৌসুম নয়, আগামী বছরের ফসল উৎপাদনও ঝুঁকির মুখে পড়েছে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ও জামাতা জ্যারেড কুশনার হামাসের সঙ্গে বিরল এক বৈঠকে বসেছিলেন। বৈঠকে মার্কিন-সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে