
ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন বাবা। পরিবারের সদস্যদের নিয়ে বাবাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছে দক্ষিণ লেবাননের সাত বছর বয়সী শিশু এলিন সাঈদ। কে জানত এই শেষ বিদায়ের পরই আবারও আপনজন হারাতে যাচ্ছে সে। বাবাকে বিদায় জানিয়ে ফেরার পথে আবারও ইসরায়েলের হামলার শিকার হয় পরিবারটি। এ হামলায় প্রাণ হারায় এলিনের ছোট বোন দেড় বছর বয়সী তালিন। যে যুদ্ধ চলছে ইসরায়েলের বিরুদ্ধে, সেই যুদ্ধের মাঝেই জন্ম তাঁর, মৃত্যুকে আপন করে নিল সেই যুদ্ধের মাঝেই।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের মাঝে লেবাননেও হামলা অব্যাহত থাকে। যুদ্ধবিরতির কথা শুরু হলে লেবানিজরাও আশা করছিল, তাঁদের ভূখণ্ডেও শোনা যাবে শান্তির বার্তা। কিন্তু হলো তার উল্টো। এক ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি হলেও সেই চুক্তিতে ঠাঁই হয়নি লেবাননের। সেখানে হামলা চালিয়ে গেছে ইসরায়েল।
গত বুধবার যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির প্রথম দিনে দক্ষিণ লেবাননের স্রিফা গ্রামে এই হামলা হয়। সেদিন ইসরায়েলি হামলায় লেবাননজুড়ে ৩৫০ জনের বেশি মানুষ নিহত হন। এলিন সাঈদের পরিবার থেকে হারিয়ে যায় আরও চার সদস্য।
এই হামলায় বেঁচে গেছেন এলিনের ৬৪ বছর বয়সী দাদা নাসের সাঈদ। তিনি বলেন, ‘সবাই বলছিল, যুদ্ধবিরতি হয়েছে। অন্য সবার মতো আমরাও গ্রামে গিয়েছিলাম। আমরা কফিনের কাছে দোয়া পড়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো যেন ঝড় নেমে এল আমাদের ওপর।’
মাথায় ও ডান হাতে ব্যান্ডেজ আর মুখে আঘাতের চিহ্ন নিয়েই সবুজ কাপড়ে মোড়ানো স্বজনদের মরদেহ নিতে আসেন নাসের সাঈদ। তার মধ্যে একটি ছিল একদমই ছোট আকারের কফিন। সেটি ছিল তাঁর ছোট্ট নাতনি তালিনের। যার বয়স এখনো দুই পেরোয়নি।
পরিবারের চার সদস্যদের মরদেহ সামনে দেখে নাসের সাঈদ যখন নীরবে শোক পালন করছিলেন, তখন তাঁর চারপাশের নারীরা আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদছিলেন।
রক্তাক্ত ব্যান্ডেজে মোড়ানো অবস্থায় দক্ষিণ লেবাননের টায়ার শহরের জাবাল আমেল হাসপাতালে শুয়ে আছে এলিন সাঈদ। এলিনের পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার মা গিনওয়া।
হাসপাতালে দাঁড়িয়ে নাসের সাঈদ বলেন, ‘এটি কোনো মানবতা নয়। এটি একটি যুদ্ধাপরাধ।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মানবাধিকার কোথায়? ইসরায়েলে যদি একটি শিশুও আহত হয়, তবে সারা বিশ্ব লাফিয়ে ওঠে। আমরা কি মানুষ নই? আমরাও তো তাদের মতো মানুষ!’
মারা যাওয়া ছোট্ট তালিনের জন্ম হয়েছিল ২০২৪ সালে, যখন গাজা যুদ্ধের প্রেক্ষাপটে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে তীব্র সংঘাত চলছিল। গিনওয়ার বাবা মোহাম্মদ নাজ্জাল বলেন, ‘সে যুদ্ধেই জন্মেছিল, যুদ্ধেই মারা গেল।’
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এই ঘটনার বিস্তারিত তথ্য তাদের কাছে নেই। তবে তাদের দাবি, হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর হামলার সময় বেসামরিক মানুষের ক্ষতি কমাতে তারা সতর্ক থাকে।
গত ২ মার্চ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের সমর্থনে ইসরায়েলে হামলা শুরু করার পর এই সংঘাতের সূচনা হয়। এরপর থেকে ইসরায়েল লেবাননে তাদের আকাশ ও স্থল অভিযান জোরদার করেছে। দেশটির অভিযানে এ পর্যন্ত ১৬৫ শিশু ও প্রায় ২৫০ নারীসহ ২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অংশ হিসেবে ইরান লেবাননে যুদ্ধবিরতি চায়। গত রোববার সেই আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। তবে ইসরায়েল লেবাননের কর্মকর্তাদের সঙ্গে আলাদাভাবে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।
এদিকে লেবাননে তীব্র বোমাবর্ষণ অব্যাহত রয়েছে, গত শনিবারও সেখানে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। টায়ারের জাবাল আমেল হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. আব্বাস আত্তিয়াহ বলেন, গত সপ্তাহের বোমাবর্ষণ ছিল সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ। হাসপাতালে আসা রোগীদের বড় একটি অংশই শিশু।
আত্তিয়াহ রয়টার্সকে বলেন, ‘বর্তমানে আমাদের বড় চ্যালেঞ্জ হলো মাত্র ৩০ মিনিট বা এক ঘণ্টার ব্যবধানে আসা বিপুল সংখ্যক আহত মানুষের চিকিৎসা দেওয়া।’

ইরানের মুদ্রা রিয়াল আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দেশটির মুক্তবাজারে এখন ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ২০ লাখ ২১ হাজার ৯৫০ রিয়াল। সম্প্রতি ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রিয়ালের এই নজিরবিহীন অবমূল্যায়ন হয়েছে...
২৫ মিনিট আগে
নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ জন। নিখোঁজদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিকসহ অন্তত ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন...
১ ঘণ্টা আগে
২০০০ সাল। বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ফিলিস্তিনি শিশু মুহাম্মদ আল-দুররাহর মৃত্যুর ঘটনা। ২৫ বছর পর সেই ঘটনার ছবি টেলিভিশনের পর্দা থেকে জায়গা করে নিল মিসরের উচ্চমাধ্যমিকের ইতিহাসের পাঠ্যবইয়ে। নতুন পাঠ্যক্রমে ২০০০ সালের দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা (অভ্যুত্থান) নিয়ে একটি পাঠে দুররাহ হত্যাকাণ্ডের...
২ ঘণ্টা আগে
নেপালের ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে ১০৫ জন ভারতীয়ও রয়েছেন। নেপালের তিব্বত সীমান্তের দিক থেকে নেমে আসা বন্যার পানিতে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম পানির স্রোতে ভেসে গেছে বলে নেপালি...
৩ ঘণ্টা আগে