আমাজনের ফেসিয়াল রিকগনিশনে ফিলিস্তিনিদের ৩৫ লাখ ছবি আপলোড করেছে ইসরায়েল

ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালাতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজনের ক্লাউড প্ল্যাটফর্মে ৩৫ লাখ ছবি আপলোড করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এসব ছবি বিশ্লেষণ ও ব্যক্তিদের শনাক্ত করতে আমাজনের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মুখ শনাক্তকরণ প্রযুক্তি ‘রিকগনিশন’ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
গার্ডিয়ানের হাতে আসা ফাঁস হওয়া নথি এবং সংশ্লিষ্ট সামরিক সূত্রের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শুরুর দিকে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি বিশেষ বিভাগ আমাজনের ক্লাউডে বিপুলসংখ্যক ছবি স্থানান্তর করে। গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরুর কয়েক মাসের মধ্যেই এসব ছবি আপলোড করা হয়। ছবিগুলো গাজা ও পশ্চিমতীরের ফিলিস্তিনিদের নিয়ে সামরিক বাহিনীর সংরক্ষিত বিশাল তথ্যভান্ডারের অংশ।
‘রোলিং স্টোন’ নামে পরিচিত সামরিক বাহিনীর একটি বিভাগ এসব ছবি আমাজনের তেল আবিবের কাছাকাছি একটি ডেটা সেন্টারে স্থানান্তর করে। বিভাগটি ফিলিস্তিনি জনগোষ্ঠীর ব্যক্তিগত তথ্য, ছবি, পারিবারিক পরিচয়, সম্পত্তি, চেকপোস্ট পারাপার, কর্মানুমতি এবং অপরাধসংক্রান্ত তথ্য সংরক্ষণ করে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় স্থল অভিযান শুরুর পর ইসরায়েলি সেনারা বিভিন্ন চেকপয়েন্টে ফিলিস্তিনিদের ছবি সংগ্রহ করতে থাকে। বোমা হামলায় বাস্তুচ্যুত হয়ে যাতায়াতের সময় অনেক ফিলিস্তিনির ছবি এসব অস্থায়ী নজরদারি কেন্দ্রে ধারণ করা হয়। আমাজনে আপলোড করা ৩৫ লাখ ছবির সবগুলো এসব চেকপয়েন্ট থেকে সংগ্রহ করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সামরিক বাহিনীর একজন সূত্র জানিয়েছেন, বিপুলসংখ্যক ছবি বিশ্লেষণের প্রয়োজনেই আমাজনের ক্লাউড অবকাঠামো ব্যবহার করা হয়েছিল।
ইসরায়েল দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের ওপর নজরদারিতে মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করছে। পশ্চিমতীরের চেকপয়েন্টগুলোতে নিয়মিত মুখ স্ক্যান করা হয়। এ ছাড়া ‘ব্লু উলফ’ নামের একটি স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ফিলিস্তিনিদের মুখের ছবি সংগ্রহ করে তাঁদের ব্যক্তিগত তথ্য এবং সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হওয়ার তথ্য দেখা যায়।
গাজায়ও ইসরায়েলি বাহিনী হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় জিম্মি হওয়া ব্যক্তিদের শনাক্ত করতে রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করেছিল। পাশাপাশি সন্দেহভাজন যোদ্ধাদের শনাক্ত করার কাজেও মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহৃত হয়। তবে নিউইয়র্ক টাইমসের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, গাজায় জনসমাগম ও ড্রোনের ধারণ করা ফুটেজ বিশ্লেষণে বাণিজ্যিক প্রযুক্তি ব্যবহার করে অনেক সময় বেসামরিক নাগরিকদেরও ভুলভাবে যোদ্ধা হিসেবে শনাক্ত করা হয়েছিল।
গার্ডিয়ানের নথিতে আরও উঠে এসেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে আমাজনের সম্পর্ক কেবল ছবি বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ নয়। ২০২১ সালে স্বাক্ষরিত বহুমূল্যের ‘প্রজেক্ট নিম্বাস’ চুক্তির আওতায় আমাজন ও গুগল ইসরায়েলি সরকার এবং সামরিক বাহিনীকে ক্লাউড সেবা দিয়ে আসছে। ২০২৩ সালের শুরুতে ইসরায়েলে নতুন ডেটা সেন্টার চালু করে আমাজন। এর মাধ্যমে সামরিক ও সরকারি তথ্য নিজস্ব সার্ভার থেকে আমাজনের ক্লাউডে স্থানান্তরের সুযোগ তৈরি হয়।
নথি অনুযায়ী, আমাজনের ক্লাউডে ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য বিশেষ নিরাপত্তাবেষ্টিত একটি পৃথক অংশ রয়েছে, যা ‘ওয়ালড গার্ডেন’ নামে পরিচিত। সেখানে সামরিক অভিযান ও গোয়েন্দা কার্যক্রম-সংশ্লিষ্ট সংবেদনশীল তথ্য সংরক্ষণ করা হয়। রোলিং স্টোন বিভাগ ২০২৩ সালজুড়েই বিপুল পরিমাণ তথ্য সেখানে স্থানান্তর করেছে। এ উদ্যোগে যুক্ত এক সামরিক সূত্রের ভাষায়, পরিকল্পনা ছিল ছবি, ভিডিও এবং গোপন গোয়েন্দা তথ্যসহ সবকিছু আমাজনের ক্লাউডে সরিয়ে নেওয়া।
২০২৪ সালের শুরুর দিকে কয়েকজন ইসরায়েলি সেনা তেল-আবিবে আমাজনের কার্যালয়ে বসেও গাজায় মুখ শনাক্তকরণ কর্মসূচি পরিচালনায় ক্লাউড প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করেন বলে সামরিক সূত্র জানিয়েছে। তবে তাঁদের কাজ বাস্তবে কার্যকর করা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।
আমাজনের এক মুখপাত্র বলেছেন, গ্রাহকেরা তাদের ক্লাউডে কী ধরনের তথ্য সংরক্ষণ করছেন, সে বিষয়ে প্রতিষ্ঠানটির সরাসরি নজরদারি বা জানাশোনা নেই। গ্রাহকের সম্মতি ছাড়া তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নিয়েও মন্তব্য করা হবে না বলে জানান তিনি।
এদিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগের মধ্যে দেশটির প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা নতুন করে সমালোচনার মুখে পড়েছে। ইসরায়েল গণহত্যার অভিযোগ অস্বীকার করলেও জাতিসংঘের একটি তদন্ত কমিশন, ইসরায়েলি মানবাধিকার সংগঠন এবং গণহত্যা বিশেষজ্ঞদের একাংশ অভিযোগটির পক্ষে অবস্থান নিয়েছেন।









