Ajker Patrika

‘রাস্তায় মেরে দাও’ গান গাওয়ার দুই ঘণ্টার মধ্যে গুলিতে নিহত গায়ক

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ২০: ০০
‘রাস্তায় মেরে দাও’ গান গাওয়ার দুই ঘণ্টার মধ্যে গুলিতে নিহত গায়ক
ছবি: সংগৃহীত

ভারতের হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান নিজের নতুন গান প্রচারের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তিনি গেয়েছিলেন, ‘মার্ডার মার দে সড়ক কে ওপর’—অর্থাৎ, রাস্তার ওপর হত্যা করো। নিয়তির নির্মম পরিহাস, ভিডিওটি পোস্ট করার মাত্র কয়েক ঘণ্টা পরই রাস্তায় বন্দুকধারীদের গুলিতে নিহত হলেন তিনি।

পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যা প্রায় ৬টা ৪৫ মিনিটে উত্তরপ্রদেশের শামলি জেলার কোতোয়ালি এলাকায় একটি জিম থেকে বের হচ্ছিলেন অঙ্কিত বালিয়ান। এ সময় দুটি মোটরসাইকেলে আসা চার হামলাকারী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শামলির বান্টি খেড়া গ্রামের বাসিন্দা অঙ্কিত হরিয়ানভি সংগীতজগতে বেশ পরিচিত মুখ ছিলেন। তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল প্রায় ৩ লাখ ৬৮ হাজার এবং ইনস্টাগ্রামে অনুসারী প্রায় ৪ লাখ ৯৭ হাজার। বন্দুক, মারামারি, এসইউভি গাড়ি, প্রতিদ্বন্দ্বিতা ও সহিংসতানির্ভর গানের জন্য তিনি বিশেষ পরিচিতি পেয়েছিলেন। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘ভরি কোর্ট মে গোলি মারেঙ্গে’, ‘বডি বিল্ডার’, ‘পিটিআই’ ও ‘এক খাটোলা জেল কে ভেতর’।

তবে সংগীতজগৎ তাঁর প্রথম পছন্দ ছিল না। ভাই কপিলের ভাষ্য অনুযায়ী, ২০১৩-১৪ সাল পর্যন্ত অঙ্কিত রাজ্য পর্যায়ের কাবাডি খেলোয়াড় ছিলেন এবং দিল্লি, ভোপালসহ বিভিন্ন স্থানে প্রতিযোগিতায় অংশ নেন। পরে পায়ে গুরুতর চোট পাওয়ায় খেলাধুলা ছেড়ে জিমে যুক্ত হন। ২০২২ সালের দিকে তিনি হরিয়ানভি সংগীতে ক্যারিয়ার শুরু করেন। এরপর গায়ক, গীতিকার ও সংগীত পরিচালক হিসেবে ৫০টির বেশি গানে কাজ করেন।

মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে ইনস্টাগ্রামে পোস্ট করা শেষ ভিডিওতে অঙ্কিতকে গাড়িতে বসে সেই গানের লাইন গাইতে দেখা যায়—‘মার্ডার মার দে সড়ক কে ওপর’। পুলিশ এখন তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম ও ঘটনার সময়রেখা খতিয়ে দেখছে।

পরিবার জানিয়েছে, অঙ্কিতের ২০টির বেশি নতুন গান আগামী মাসে প্রকাশের কথা ছিল। তিনি গ্রাম থেকে জেলা পঞ্চায়েত নির্বাচনে অংশ নেওয়া এবং ভবিষ্যতে বলিউডে কাজ করারও পরিকল্পনা করেছিলেন।

হত্যাকাণ্ডের পর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এই ঘটনায় উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করেছে সমাজবাদী পার্টি ও কংগ্রেস। গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে নিজ গ্রাম বান্টি খেড়ায় অঙ্কিত বালিয়ানের শেষকৃত্য সম্পন্ন হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত