
২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় জেলবন্দী ছাত্র নেতা উমর খালিদ এবং শারজিল ইমামের জামিনের আবেদন ফের খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই দুই অভিযুক্তের বিরুদ্ধে আনা ইউএপিএ আইনের অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা বা ‘প্রাইমা ফেসি’ প্রমাণ পাওয়া গিয়েছে। তবে একই মামলায় দীর্ঘ পাঁচ বছর বন্দী থাকার পর অন্য পাঁচ অভিযুক্তকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে।
জামিন খারিজের আদেশ দেওয়ার সময় বিচারপতিরা বলেন, অপরাধের গুরুত্ব ও ষড়যন্ত্রে ভূমিকার নিরিখে সব অভিযুক্তকে একইভাবে বিচার করা সম্ভব নয়। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, উমর খালিদ এবং শারজিল ইমামের ভূমিকা ষড়যন্ত্রের মূল স্তরে ছিল এবং তাঁরা কেবল সাধারণ বিক্ষোভকারী ছিলেন না। তাঁদের বিরুদ্ধে সংগৃহীত তথ্যপ্রমাণ অনুযায়ী, তাঁরা এই ষড়যন্ত্রের ‘কেন্দ্রীয় পরিকল্পনাকারী’ হিসেবে কাজ করেছেন বলে আদালত মনে করে।
শীর্ষ আদালত আরও উল্লেখ করেছে, ইউএপিএ-র মতো কঠোর আইনের ক্ষেত্রে কেবল বিচারপ্রক্রিয়ায় দেরি হওয়ার কারণ দেখিয়ে জামিন পাওয়া যায় না। আদালত বলে, ‘সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তি স্বাধীনতা গুরুত্বপূর্ণ হলেও, রাষ্ট্রের অখণ্ডতা ও নিরাপত্তা বিঘ্নিত করার মতো গুরুতর অভিযোগে অভিযুক্তদের ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতা বজায় রাখা জরুরি।’
খালিদ ও ইমামের আবেদন খারিজ হলেও আদালত অন্য পাঁচ অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে। তাঁরা হলেন—গুলফিশা ফাতিমা, মিরান হায়দার, শিফা উর রেহমান, মহম্মদ সালিম খান এবং শাদাব আহমেদ। তাঁদের ক্ষেত্রে আদালতের মত, এই পাঁচজনের ভূমিকা তুলনামূলকভাবে কম ছিল এবং তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো উমর বা শারজিলের মতো ততটা গুরুতর নয়। তাঁদের ১২টি কঠোর শর্তে জামিন দেওয়া হয়েছে এবং শর্ত ভঙ্গ করলে বিচারিক আদালত জামিন বাতিলের ক্ষমতা রাখবে।
দিল্লি পুলিশের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে দাবি করেন, ২০২০ সালের দাঙ্গা কোনো আকস্মিক সাম্প্রদায়িক সংঘর্ষ ছিল না। এটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং ভারতের সার্বভৌমত্বের ওপর আঘাত। পুলিশের অভিযোগ, রেজিম চেঞ্জ বা সরকার পতন এবং দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার লক্ষ্যেই এই দাঙ্গা বাধানো হয়েছিল। শারজিল ইমামের আসামকে ভারত থেকে বিচ্ছিন্ন করার ‘চিকেন নেক’ সংক্রান্ত ভাষণের ভিডিও ক্লিপও আদালতে পেশ করা হয়।
আদালতে উমর খালিদের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল ও ত্রিদীপ পাইস পাল্টা সওয়াল করেন যে, পুরো মামলাটিই পুলিশের সাজানো একটি ‘তামাশা’। খালিদ আগে বলেছিলেন, পুলিশ আগে থেকেই সিদ্ধান্ত নেয় ‘কাকে ধরতে হবে’ এবং এরপর সেই অনুযায়ী তথ্যপ্রমাণ জাল করে মামলা সাজায়, যাকে তিনি ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বলে অভিহিত করেছেন। তবে আদালত শেষ পর্যন্ত পুলিশের পেশ করা সংরক্ষিত সাক্ষীদের বয়ান ও হোয়াটসঅ্যাপ চ্যাটকেই গুরুত্ব দিয়েছে।
জামিন খারিজ করলেও আদালত উমর খালিদ ও শারজিল ইমামকে একটি সুযোগ দিয়েছে। মামলার প্রধান সাক্ষীদের বয়ান নেওয়া শেষ হলে অথবা বর্তমান নির্দেশের পর এক বছর সময় অতিক্রান্ত হলে তাঁরা আবার নিম্ন আদালতে জামিনের আবেদন করতে পারবেন। বর্তমানে তাঁদের দিল্লির তিহার জেলেই থাকতে হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে সিএএ-বিরোধী আন্দোলনের সময় উত্তর-পূর্ব দিল্লিতে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সংঘাতে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়, নিহতদের বেশির ভাগই মুসলিম। এতে আহত হয়েছিলেন ৭০০-রও বেশি মানুষ।

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে দীর্ঘদিন ধরে দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে থাকা পেশমার্গা বাহিনীকে একক কমান্ডের অধীনে আনা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) এই ঐতিহাসিক একীভূতকরণের ঘোষণা দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ায় প্রাণ বাঁচাতে লোহিতসাগর পাড়ি দিয়ে প্রতিবেশী দেশ জিবুতিতে পালিয়ে যাচ্ছে হাজারো ইয়েমেনি। জাতিসংঘের হিসাব অনুযায়ী, দেশটির লোহিতসাগর উপকূলে সাম্প্রতিক লড়াইয়ে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
৮ ঘণ্টা আগে
ভারতের ছত্তিশগড়ের রায়পুরে ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেয়ে গ্রাম ফেরার দুই দিন পর টেলিগ্রাফ অনলাইনের এক সাংবাদিককে প্রশ্নটি করেছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা মুস্তাকিম শেখ। ৪ সেপ্টেম্বর রাতে ছত্তিশগড়ের বিলাসপুরের সিরগিতি থানা-পুলিশ মুস্তাকিম ও তাঁর ছোট ভাই সাবিরসহ ২৩ জন বাংলাভাষী মুসলিমকে
৯ ঘণ্টা আগে
হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, এমএস নাও ও পলিটিকো। প্রতিষ্ঠান তিনটি বলেছে, তাদের সাংবাদিকদের প্রেস ক্রেডেনশিয়াল বাতিল করে হোয়াইট হাউসে প্রবেশ বন্ধ করা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর লঙ্ঘন
৯ ঘণ্টা আগে