
জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসব চলাকালে ভিড়ের ওপর গাড়ি উঠে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা একজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে। তবে তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তাঁর নামও প্রকাশ করা হয়নি।
সন্দেহভাজনকে ধরতে বার্লিন শহরজুড়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ ঘটনার পর বার্ষিক এই প্রাইড উৎসব, যা ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ নামেও পরিচিত, তা বাতিল করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ওই ব্যক্তি পুলিশের কাছে আগে থেকেই চিহ্নিত ছিল এবং ইসলামপন্থী মতাদর্শের সঙ্গে যুক্ত।
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যারৎস এক বিবৃতিতে বলেন, ‘এই ভয়াবহ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দায়ীদের শাস্তির আওতায় আনা হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পুলিশ জানায়, একটি গাড়ি টিয়ারগার্টেন পার্কে ঢুকে কয়েকজনকে ধাক্কা দেয় এবং এতে তারা আহত হন, এমনটাই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মধ্য বার্লিনের বিশাল এই পার্কের পাশেই বিখ্যাত ব্র্যান্ডেনবার্গ গেট। সেখানেই ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ উদ্যাপনের সমাপনী অনুষ্ঠানে আনন্দ-উৎসবে মেতে ছিলেন অংশগ্রহণকারীরা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় রাত ১০টার দিকে একটি সাদা রঙের ভ্যান দ্রুতগতিতে টিয়ারগার্টেনে থাকা মানুষের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।
অন্যান্য প্রত্যক্ষদর্শীরা জানান, তারা গাড়িটিকে ‘খুব দ্রুতগতিতে’ ভিড়ের দিকে ধেয়ে আসতে দেখেন। এ সময় মানুষের চিৎকার শোনা যায় এবং অনেকে আত্মরক্ষার জন্য টিয়ারগার্টেন পার্কের ভেতরে দৌড়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, ভিড়ের ওপর উঠে পড়া গাড়িটি টিয়ারগার্টেনে একটি গাছে ধাক্কা লেগে সেখানেই থেমে যায়। পরে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলের কাছেই আহতদের চিকিৎসা দিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা ছিল আশঙ্কাজনক।
ঘটনাস্থলের ছবিতে বিপুলসংখ্যক জরুরি সেবা কর্মীর উপস্থিতি দেখা গেছে। স্ট্রেচারে করে একজনকে অ্যাম্বুলেন্সে তোলার দৃশ্যও সেখানে দেখা যায়।
এলাকাটিতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ইউনিট মোতায়েন করা হয়েছে। তদন্তে সহায়তার জন্য জনগণের কাছে ঘটনার তথ্য ও ভিডিও ফুটেজ সরবরাহের আহ্বান জানিয়েছে পুলিশ।
বার্লিনের মেয়র কাই ভেগনার এই ঘটনাকে ‘আমাদের মুক্ত ও উদার সমাজের ওপর একটি হামলা’ বলে অভিহিত করেছেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ভুক্তভোগীদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সহমর্মিতা। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওপর আমার পূর্ণ আস্থা আছে, তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনাটির তদন্ত করবে।’
এর আগে গতকাল শনিবার সকালে প্রাইড পদযাত্রায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জার্মানিজুড়ে এলজিবিটি সম্প্রদায়ের অধিকার আদায়ের লক্ষে আয়োজিত নানা কর্মসূচির মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় আয়োজন।
১৯৬৯ সালে নিউইয়র্ক শহরের ক্রিস্টোফার স্ট্রিটে অবস্থিত ‘স্টোনওয়াল ইন’-এ এলজিবিটি সম্প্রদায়ের ঐতিহাসিক প্রথম গণজাগরণের স্মরণে প্রতিবছর ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ উদ্যাপিত হয়।
প্রতিবছর এই উৎসবে প্রায় ১০ লাখ মানুষের সমাগম ঘটে, যেখানে সংগীত পরিবেশনা, শোভাযাত্রা এবং রাজনৈতিক বক্তব্য অন্তর্ভুক্ত থাকে।
গাড়িটি যখন ভিড়ের মধ্যে ঢুকে পড়ে, তখন ব্র্যান্ডেনবার্গ গেটের বড় পর্দায় ‘উচ্ছেদ’ (evacuation) সংকেত ভেসে ওঠে এবং মানুষ জনসমাগমস্থল ছেড়ে যেতে শুরু করে।
চলতি বছরের শুরুর দিকে দেশটির লাইপৎসিশ শহরে একটি পথচারী পারাপার এলাকায় গাড়ি তুলে দেওয়ার ঘটনায় ২ জন নিহত এবং ২২ জন আহত হয়েছিলেন।

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফিলিস্তিনি গ্রাম সাররায় শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারী (সেটলার) হামলা চালিয়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়, সম্পত্তি ভাঙচুর করে এবং বাসিন্দাদের ওপর হামলা চালায়। গত শুক্রবার এই হামলা ও ভাঙচুর হয়।
২৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং পরবর্তী যুদ্ধবিরতির সময় ইরান মোট ১৮ বিলিয়ন মার্কিন ডলারের তেল বিক্রি করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে দেশটির তেল মন্ত্রণালয়। গতকাল শনিবার মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধ চলাকালে ইরান ১১ দশমিক ৫ বিলিয়ন ডলারের...
৪১ মিনিট আগে
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী তাঁর পাশে রয়েছেন।
১ ঘণ্টা আগে
বুরকিনা ফাসোর সামরিক শাসক ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতা দখলের পর প্রভাবশালী মুসলিম আলেমদের সমর্থন পেয়েছিলেন। কিন্তু এখন নতুন আইন, আলেমদের গ্রেপ্তার এবং তথাকথিত ‘ধর্মীয় উগ্রবাদে’র বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থানের কারণে সরকারের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের সম্পর্ক দ্রুত খারাপ হচ্ছে।
২ ঘণ্টা আগে