পুনের যৌনপল্লি থেকে ৬ ‘বাংলাদেশি নারী’ উদ্ধার

ভারতের মহারাষ্ট্রের পুনে শহরের বুধওয়ার পেঠ এলাকার যৌনপল্লি থেকে গত বুধবার ভোরে ৬ বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে পুলিশ। ওই এলাকার বিভিন্ন পতিতালয়ে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এ ঘটনায় বুধবার দিনের শেষ দিকে চারজনের বিরুদ্ধে নারীদের জোরপূর্বক দেহব্যবসায় নিয়োজিত করার অভিযোগে মামলা করেছে ফারাসখানা থানার পুলিশ। অভিযুক্তদের মধ্যে দুই দালালকে আটক করা হয়েছে। বাকি দুজনকে শনাক্ত করা গেলেও তাঁরা পলাতক।
পুলিশের ডেপুটি কমিশনার (জোন-১) কৃষিকেশ রাওয়ালে ফারাসখানা, বিশ্রামবাগ ও খড়ক থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি যৌথ দল গঠন করেন। গোপন সূত্রে খবর পাওয়ার পর দলটি বুধওয়ার পেঠ এলাকার বিভিন্ন পতিতালয়ে অভিযান চালায়।
পুলিশের এক কর্মকর্তা জানান, প্রায় চার মাস আগে ওই ছয় নারীকে বাংলাদেশ থেকে পুনেতে আনা হয়েছিল। তাঁদের কাছে বৈধ কোনো কাগজপত্র বা পরিচয়পত্র ছিল না। জিজ্ঞাসাবাদে নারীরা পুলিশকে জানান, দালালরা তাঁদের সীমান্ত পার হতে সহায়তা করেছিল। পাশাপাশি মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে আকর্ষণীয় বেতনের চাকরির প্রলোভন দেখানো হয়েছিল। কিন্তু তাঁদের পুনেতে নিয়ে এসে পতিতালয়ের মালিকদের কাছে বিক্রি করে দেওয়া হয়।
এর আগে চলতি বছরের মার্চ মাসেও পুনে শহরের পুলিশ বুধওয়ার পেঠ এলাকার একটি পতিতালয় থেকে চার বাংলাদেশি নারীকে উদ্ধার করেছিল। তাঁদেরও একইভাবে চাকরির প্রলোভন দেখিয়ে পুনেতে আনা হয়েছিল। পরে তাঁদের জোরপূর্বক দেহব্যবসায় নিয়োজিত করা হয়।









