
যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ‘চুক্তিভিত্তিক ক্রীতদাস’ হিসেবে অভিহিত করায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের বক্তব্যকে ‘অনভিপ্রেত’ এবং ‘অত্যন্ত আপত্তিকর’ হিসেবে আখ্যা দিয়েছে।
ভারতের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, দুই দেশের মধ্যকার মেধা ও পেশাদারদের অবাধ যাতায়াত উভয় অর্থনীতির জন্যই ইতিবাচক ভূমিকা রাখে।
সম্প্রতি মার্কিন গ্রিন কার্ড প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ পারমানেন্ট লেবার সার্টিফায়েড (পার্ম) কর্মসূচি থেকে আটটি বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করে মার্কিন প্রশাসন। এরপরই বিতর্কিত এই মন্তব্য করেন জেডি ভ্যান্স।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট যে ভাষায় ভারতীয় পেশাজীবীদের অভিহিত করেছেন তা অযৌক্তিক। বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীরা অত্যন্ত শিক্ষিত এবং তাঁরা দেশটির অর্থনীতি ও উদ্ভাবন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। যুক্তরাষ্ট্রের নিজের ইতিহাসই তৈরি হয়েছে কয়েক প্রজন্মের অভিবাসীদের হাত ধরে, যাদের শ্রম ও উদ্ভাবন দেশটির সমৃদ্ধি এনেছে। এই প্রেক্ষাপটে বেদনাদায়ক ঐতিহাসিক ও ঔপনিবেশিক বার্তা বহন করে এমন পরিভাষা ব্যবহার করা অত্যন্ত আপত্তিকর।’
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, দুই দেশের মধ্যকার পেশাজীবীদের যাতায়াত মার্কিন প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবন, প্রতিযোগিতা, গবেষণা ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করে। ফলে এটি উভয় দেশের জন্যই পারস্পরিক সুফল বয়ে আনে। সামাজিক পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ৫২ লাখের বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন।
মার্কিন সরকারের গৃহীত সাম্প্রতিক পদক্ষেপের কারণে আটটি শীর্ষস্থানীয় আইটি ও প্রযুক্তি প্রতিষ্ঠানের পার্ম (PERM) প্রক্রিয়ায় অংশগ্রহণ স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো: মাইক্রোসফট (Microsoft) টাটা কন্সালটেন্সি সার্ভিসেস (TCS) উইপ্রো (Wipro) ইনফোসিস (Infosys) অ্যাডোবি (Adobe) কগনিজেন্ট (Cognizant) এইচসিএল (HCL) ক্যাপজেমিনি (Capgemini)।
মার্কিন প্রশাসনের দাবি, এই পদ্ধতির মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগ দেওয়ায় মার্কিন নাগরিকেরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন।
তবে ভারত সরকার বলছে, পার্ম কর্মসূচি স্থগিতের কারণে বর্তমানে চালু থাকা এইচ-১বি ভিসার বৈধতা বা ভিসা ধারীদের ওপর সরাসরি কোনো প্রভাব পড়বে না।
অবশ্য তালিকার প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট কর্মীদের স্থায়ী বাসস্থান (গ্রিন কার্ড) পাওয়ার প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।
বিতর্কের সূত্রপাত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক কিছু বক্তব্যকে কেন্দ্র করে। পার্ম কর্মসূচি স্থগিতের পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বিশেষ করে মাইক্রোসফটের উদাহরণ টেনে আনেন। ভ্যান্স দাবি করেন, মার্কিন প্রতিষ্ঠানগুলো স্থানীয় কর্মীদের বাদ দিয়ে কম খরচে বিদেশি কর্মী নিয়োগ দিচ্ছে। এক বক্তব্যে তিনি বলেন, ‘গত এক বছরে মাইক্রোসফট প্রায় ৬ হাজার মার্কিন কর্মীকে ছাঁটাই করেছে। অথচ একই সময়ে তারা ৬ হাজার ৩০০টি এইচ-১বি ভিসা এবং প্রায় ৩ হাজার গ্রিন কার্ডের সুবিধা নিয়েছে। অর্থাৎ সহজ হিসাবে, মাইক্রোসফট প্রতি একজন ছাঁটাই হওয়া মার্কিন কর্মীর বিপরীতে প্রায় দেড়জন বিদেশি “চুক্তিভিত্তিক ক্রীতদাস” নিয়োগ দিয়েছে।’
ভ্যান্স আরও জোর দিয়ে বলেন, মার্কিন প্রতিষ্ঠানগুলোর উচিত বিদেশি কর্মীদের ওপর নির্ভর না করে ‘আমেরিকান কর্মীদের’ নিয়োগ দেওয়া।

উন্নত চিকিৎসার জন্য ইসরায়েলি বাধায় গাজা ছাড়তে না পারায় দুই হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। ২০২৪ সালের মে মাসে রাফাহ সীমান্ত পারাপার বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই মৃত্যুর ঘটনা ঘটে। গত বুধবার এই তথ্য জানিয়েছে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই। আজ শুক্রবার বাংলাদেশ সময় বেলা ৩টায় নরওয়েজিয়ান নোবেল কমিটি তাঁর নাম ঘোষণা করে। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন নাভি পিল্লাই।
৩ ঘণ্টা আগে
পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে যাত্রীবাহী দুটি বাসে রাশিয়ার ছোঁড়া একটি গ্লাইড বোমা সরাসরি আঘাত হানে। গতকাল বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। স্থানীয় আঞ্চলিক কর্তৃপক্ষের বরাতে এই প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
১৯৭০-এর দশকে সীমান্ত পেরিয়ে ভারতে আসা সব মানুষকে কি বাংলাদেশে ফেরত পাঠানো বাস্তবে সম্ভব—পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্ট। এক সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটকে রাখা এবং তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদনের শুনানিতে
৬ ঘণ্টা আগে