
‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে নির্বিচারে বাঙালি মুসলিমদের বাংলাদেশে পাঠানো শুরু করেছে ভারত। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির মানবাধিকারকর্মীরা। তাঁরা বলছেন, কর্তৃপক্ষ নির্বিচারে লোকজনকে দেশ থেকে বের করে দিচ্ছে।
একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি মে মাস থেকে উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্য ৩০৩ জনকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করেছে। গত কয়েক বছরে বিভিন্ন ট্রাইব্যুনাল ‘বিদেশি’ ঘোষিত ৩০ হাজার মানুষের মধ্য থেকে এই ‘পুশব্যাক’ করা হয়েছে বলে দাবি তাঁদের।
আসামে এ ধরনের ব্যক্তিরা সাধারণত দীর্ঘদিনের বাসিন্দা। তাঁদের পরিবার এবং জমিজমা উভয়ই রাজ্যে রয়েছে। এই রাজ্যে লক্ষাধিক পরিবার রয়েছে, যাদের শিকড় বাংলাদেশে।
মানবাধিকারকর্মীরা বলছেন, তাঁদের মধ্যে অনেকেই এবং তাঁদের পরিবারকে প্রায়শই ভুলভাবে প্রধানত হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে বিদেশি হিসেবে চিহ্নিত করা হয়। তাঁরা এতটা দরিদ্র যে, উচ্চ আদালতে ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করার মতো সামর্থ্যও রাখেন না।
সরাকরের রোষে পড়ার আশঙ্কায় নাম প্রকাশে অনিচ্ছুক মানবাধিকারকর্মীরা বলেছেন, এই বিতাড়ন অভিযানে কেবল মুসলিমদেরই লক্ষ্যবস্তু করা হয়েছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে আসাম সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল টেলিগ্রাফ। তবে তিনি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।
বাংলাদেশ সংলগ্ন ২৬০ কিলোমিটার (১৬০ মাইল) সীমান্ত থাকা আসাম গত মাস থেকে রাতের অন্ধকারের ‘পুশইন’ শুরু করেছে। আসামে এ ধরনের পদক্ষেপ রাজনৈতিকভাবে জনপ্রিয়। সম্ভাব্য বাংলাদেশি বংশোদ্ভূত বা বাঙালি ভাষাভাষীদের স্থানীয় অসমিয়া ভাষাভাষীরা বিশেষ করে চাকরির বাজারে তাদের প্রতিদ্বন্দ্বী বলে মনে করে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত সোমবার রাজ্য বিধানসভায় বলেছেন, ‘বিদেশি বিতাড়নের বিষয়ে সুপ্রিম কোর্টের চাপ রয়েছে। আমরা ৩০৩ জনকে পুশব্যাক করেছি। এই পুশব্যাক আরও তীব্র করা হবে। রাজ্যকে বাঁচাতে আমাদের আরও সক্রিয় ও উদ্যোগী হতে হবে।’
গত ফেব্রুয়ারিতে ভারতের সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, ঘোষিত বিদেশিদের বিতাড়নের বিষয়ে কেন আসাম পদক্ষেপ নেয়নি।
বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশ ‘পুশইন করা ভারতীয়দের’ প্রক্রিয়া মেনে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। তবে এটি সহজ হবে না বলেও স্বীকার করেন পররাষ্ট্র উপদেষ্টা। গত সপ্তাহে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।
এ ব্যাপারে আসামভিত্তিক আইনজীবী আমান ওয়াদুদ টেলিগ্রাফকে বলেন, সরকার ‘নির্বিচারে লোকজনকে দেশ থেকে বের করে দিচ্ছে’। তিনি বলেন, ‘তৃণমূলে খুব আতঙ্ক রয়েছে—আগের চেয়েও বেশি।’ আইনজীবী আমান ওয়াদুদ নাগরিকত্ব মামলা নিয়ে কাজ করেন। রাজ্যের এখন প্রধান বিরোধী দল কংগ্রেসের সদস্যও তিনি।
এদিকে ভুলভাবে নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উড়িয়ে দিলেও অন্তত চারজনকে ফিরিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, কোনো প্রকৃত ভারতীয় নাগরিককে বিতাড়ন করা হবে না। চারজনকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। কারণ তাঁদের আপিল আদালতে বিচারাধীন।
ফিরিয়ে আনা এই চারজনের একজন খাইরুল ইসলাম। ৫১ বছর বয়সী এই সাবেক সরকারি স্কুলশিক্ষককে ২০১৬ সালে একটি ট্রাইব্যুনাল ‘বিদেশি’ ঘোষণা করেছিল। খাইরুল দুই বছর আসামের একটি বন্দিশিবিরে কাটিয়েছেন। ২০২০ সালের আগস্টে জামিনে মুক্তি পান তিনি।
খাইরুল ইসলাম টেলিগ্রাফকে জানান, গত ২৩ মে পুলিশ তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর একটি আটক কেন্দ্রে রাখে। সেখান থেকে তাঁকে এবং আরও ৩১ জনকে ভারতীয় সীমান্তরক্ষীরা (বিএসএফ) জড়ো করে একটি ভ্যানে তোলে। ওই সময় তাঁদের সবার চোখ ও হাত বাঁধা ছিল।
তিনি বলেন, ‘এরপর, আমাদের মধ্যে ১৪ জনকে অন্য একটি ট্রাকে তোলা হয়। আমাদের সীমান্তের একটি স্থানে নিয়ে গিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।’ অভিজ্ঞতা বর্ণনা করে খাইরুল ইসলাম বলেন, ‘এটা ভয়ংকর ছিল। আমি এর আগে এমন অভিজ্ঞতার মুখে পড়িনি। গভীর রাত ছিল। একটি সোজা রাস্তা এবং আমরা সবাই সেই বরাবর হাঁটতে শুরু করি।’
খাইরুল ইসলাম জানান, একটি বাংলাদেশি গ্রামের বাসিন্দারা তখন বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ফোন করেন। তাঁদের ১৪ জনের দলটিকে দুই দেশের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ডে ঠেলে দিয়েছিল বিএসএফ। খাইরুল বলেন, ‘সারা দিন আমরা সূর্যের তীব্র তাপের নিচে খোলা মাঠে দাঁড়িয়ে ছিলাম।’
পরে, খাইরুল ইসলামদের দলটিকে বিজিবির ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে খাইরুল ইসলামের স্ত্রী আসাম পুলিশকে জানান, তাঁর মামলা এখনো আদালতে বিচারাধীন। তাঁকে ফিরিয়ে নেওয়া উচিত।
খাইরুল ইসলাম বলেন, ‘কয়েক দিন পর, আমাকে হঠাৎ করে ভারতীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘এভাবেই আমি বাড়িতে ফিরে আসি। আমার সঙ্গে যারা ছিল তাদের কী হয়েছে বা তারা কোথায় আছে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই।’
শুধু আসামই নয়, পশ্চিমের আহমেদাবাদ শহরের পুলিশও দেশে অবৈধভাবে বসবাসকারী ২৫০ জনের বেশি ‘বাংলাদেশি অভিবাসীকে’ চিহ্নিত করেছে বলে দাবি করছে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অজিত রাজিয়ান টেলিগ্রাফকে বলেন, এই ব্যক্তিদের বিতাড়নের প্রক্রিয়া চলছে।

গাজার দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ তাঁবু শিবিরগুলোতে সিগারেট জ্বালানোর সাধারণ একটি ডিসপোজিবল লাইটারই এখন হয়ে উঠেছে দুর্লভ ও অত্যন্ত প্রয়োজনীয় এক পণ্য। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে—খাবার, পানি ও জ্বালানির মতোই দৈনন্দিন জীবন টিকিয়ে রাখতে লাইটারের ওপর নির্ভর করতে হচ্ছে গাজা
১৬ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন আকার ধারণ করেছে। এর ফলে মে মাসের পর এই প্রথম বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছেছে। পাশাপাশি বিশ্বজুড়ে মূল্যস্ফীতির নতুন শঙ্কাও তৈরি হয়েছে...
১ ঘণ্টা আগে
উপসাগরীয় অঞ্চলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) একাধিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন। তারা খতিয়ে দেখছেন, এই হামলায় রাশিয়া কোনোভাবে ইরানকে তথ্য সরবরাহ করে কিংবা উন্নত ড্রোন প্রযুক্তি দিয়ে সহযোগিতা করেছে কি না।
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে লোহিতসাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা এবং বাব আল-মান্দেব প্রণালি বন্ধের ঘটনায় আবারও তেলের বাজার ব্যাপক অস্থির হয়ে উঠেছে। গত এক মাসে তেলের দাম বেড়েছে ব্যারেলপ্রতি ২০ ডলারের বেশি।
২ ঘণ্টা আগে