খামারবাড়ি ও বনে ২ কোটি ডলার পুঁতে রেখেছিলেন হাঙ্গেরির সাবেক মন্ত্রী

হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমলের এক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে প্রায় ২ কোটি ডলার নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। খামারবাড়ির বিভিন্ন স্থাপনায় লুকিয়ে রাখা এবং বনের মাটিতে পুঁতে রাখা অবস্থায় এসব অর্থ পাওয়া গেছে। দেশজুড়ে বিভিন্ন নির্জন স্থানে দুই দিন ধরে তল্লাশি চালিয়ে এসব অর্থ উদ্ধার করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী অরবানের ১৬ বছরের শাসনামলের চার বছর জাতীয় উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পালন করেন মিকলোশ সেসতাক। রাষ্ট্রীয় পরিবহন কোম্পানিকে ঘিরে একটি দুর্নীতির পরিকল্পনার অংশ হিসেবে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে কোনো ধরনের অনিয়মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
সেসতাকের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে বিভিন্ন স্থানে ব্যাংকনোটের বান্ডিল পাওয়া গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রোটেকশন অফিস (এনভিভিএইচ)। অর্থগুলো ছিল সিন্দুকে, বনভূমির মাটির নিচে এবং কৃষিজমি ও আবাসিক ভবনের বিভিন্ন স্থাপনা ও গুদামে লুকানো অবস্থায়।
বিবৃতিতে বলা হয়, উদ্ধার করা অর্থের মধ্যে রয়েছে ৫০৭ কোটি ১৬ লাখ ৩২ হাজার ফরিন্ট, ২৬ লাখ ৫৮ হাজার ৩৫০ ইউরো এবং ১২ লাখ ৫৭ হাজার ১০০ ডলার। সব মিলিয়ে অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৯৫ লাখ ডলার। উদ্ধার করা অর্থ হাঙ্গেরির রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
গত এপ্রিলে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে অরবানকে ক্ষমতাচ্যুত করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাজিয়ার। নির্বাচনের আগে তিনি ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুক্রবার এ অর্থ উদ্ধারের বিষয়ে ম্যাজিয়ার বলেন, এটি ‘মাফিয়া’ ব্যবস্থার অবসান।
অরবানের শাসনামলে সংঘটিত দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য এনভিভিএইচ গঠন করা হয়েছে। ম্যাজিয়ার এই অভিযানকে ‘অপারেশন পারগেটরি’ নামে অভিহিত করেছেন।
চলতি বছরের নির্বাচনের আগে হাঙ্গেরির জনগণকে ‘শাসনব্যবস্থার পরিবর্তনের’ প্রতিশ্রুতি দিয়েছিলেন ম্যাজিয়ার। ক্ষমতায় আসার পর থেকে অরবানের আমলের অনেক নীতি পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরেই অরবানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। তাঁর শাসনামলে হাঙ্গেরি এমন এক ব্যবস্থায় পরিণত হয়েছিল, যাকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ‘নির্বাচনী স্বৈরতন্ত্র’ হিসেবে বর্ণনা করেছে।
অরবানের সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা নিজেদের ঘনিষ্ঠ ব্যক্তিদের লাভজনক সরকারি প্রকল্প পাইয়ে দিত। তবে এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন অরবান।
সেসতাকসহ তাঁর সরকারের দুই সাবেক মন্ত্রী এবং দেশটির সাবেক কেন্দ্রীয় ব্যাংকপ্রধান জর্জ মাতোলচি পৃথক দুর্নীতির তদন্তে গত সেপ্টেম্বর থেকে গ্রেপ্তার রয়েছেন। তাঁরাও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে গত সোমবার মানব পাচারসংক্রান্ত একটি মামলায় অরবানের ভাইসহ আরও তিনজনকে আটক করেছে হাঙ্গেরির কর্তৃপক্ষ।
সাবেক প্রধানমন্ত্রী এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘এই নোংরা খেলায় লক্ষ্য হলো রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করা এবং একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমিই মূল লক্ষ্য, আমার ছোট ভাই কেবল একটি হাতিয়ার।’











