
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে আজ বৃহস্পতিবার ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেস মস্কোর বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের একটি বিল অনুমোদনের কয়েক ঘণ্টা পরই এই হামলা চালানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপসংক্রান্ত একটি বিস্তৃত আইন পাস করেছে। প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের উদ্যোগে তৈরি এই বিলের লক্ষ্য ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানো। বিলটি এখন আইনে পরিণত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিল পাস হওয়াকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, বিদ্যমান পদক্ষেপগুলোর সঙ্গে এই আইন একটি ‘অত্যন্ত শক্তিশালী হাতিয়ার’ হতে পারে, যা রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করতে সহায়তা করবে। ইউক্রেনের যুদ্ধ এখন পঞ্চম বছরে প্রবেশ করছে। জেলেনস্কি বলেন, ‘এটি প্রতীকী যে ইউক্রেনে আবারও ব্যালিস্টিক ও অন্যান্য ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে রাশিয়ার হামলার রাতেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ লিন্ডসে গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট পাস করেছে।’
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের ওপর বিমান হামলা আরও বাড়িয়েছে মস্কো। এ সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য প্রয়োজনীয় যুক্তরাষ্ট্রের তৈরি ইন্টারসেপ্টর বা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুতও ইউক্রেনে সংকটজনকভাবে কমে এসেছে। বৃহস্পতিবার ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতের হামলায় অনিক্স অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১৬০টি ড্রোন ব্যবহার করা হয়েছে।
তবে কতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল এবং এর মধ্যে কতটি প্রতিহত করা হয়েছে, তা জানায়নি ইউক্রেনের বিমানবাহিনী। জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে আবার আলোচনার টেবিলে ফেরাতে আরও কঠোর নিষেধাজ্ঞা জরুরি। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের সমর্থনে শুরু হওয়া শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা অবশ্যই শক্তিশালী হতে হবে, যাতে শান্তির জন্য সব প্রচেষ্টা সফল হতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং আমাদের অন্যান্য বন্ধুদের সঙ্গে আমাদের যৌথ কূটনৈতিক প্রচেষ্টাও রয়েছে।’
জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের আটটি অঞ্চলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মস্কো সুমি ও ওদেসা অঞ্চলের জ্বালানি অবকাঠামোতেও হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো ইউক্রেনের সামরিক বাহিনী ব্যবহৃত নৌযানগুলোতে হামলা চালিয়েছে।
কিয়েভে রাতভর আকাশপথে হামলার সতর্কসংকেতের সাইরেন এবং বিমান প্রতিরক্ষাব্যবস্থার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার সকালেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। তখন জেটচালিত ড্রোন দিয়ে হামলা চলছিল। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো জানিয়েছেন, শহরে ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের বেশির ভাগই একটি ক্ষতিগ্রস্ত ১৬ তলা আবাসিক ভবনের বাসিন্দা। শহরের চারটি জেলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে গুদামঘর ও একটি পেট্রল স্টেশনও রয়েছে। এসব স্থাপনাও এখন প্রায়ই হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।
হামলার কারণে দিনিপ্রো নদীর বাম তীরে পানির সরবরাহও সাময়িকভাবে ব্যাহত হয়। কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওদেসায় ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় একটি ১৯ তলা আবাসিক ভবন, অন্যান্য আবাসিক ভবন এবং আরও কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়ায় আরও তিনজন আহত হয়েছেন। সেখানে একটি ক্ষেপণাস্ত্র হামলায় শিল্প স্থাপনায় আঘাত হানে এবং এর একটি অংশে আগুন ধরে যায়। স্থানীয় কর্তৃপক্ষ টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে।
এদিকে রাশিয়ার ওপর ইউক্রেনও হামলা বাড়িয়েছে। মস্কোর যুদ্ধ চালানোর সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে ইউক্রেন রাশিয়ার তেল স্থাপনা ও সরবরাহব্যবস্থার অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। বৃহস্পতিবার ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার ইয়ারোস্লাভল শহরের একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিতে প্রতি ৬০ জন প্রাপ্তবয়স্কের একজন এইচআইভিতে আক্রান্ত। এ পরিস্থিতিতে দেশটিতে জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা। বিষয়টি সম্পর্কে সরাসরি জানেন এমন তিনটি....
১ ঘণ্টা আগে
একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির নিজের পছন্দ অনুযায়ী ধর্ম বেছে নেওয়া এবং জীবনসঙ্গী নির্ধারণের অধিকার রয়েছে। এ পর্যবেক্ষণ দিয়ে গতকাল বুধবার ভারতের উত্তর প্রদেশের শামলি জেলার বাসিন্দা আয়ুষ মালিককে নিজের পছন্দের ধর্ম পালন এবং বৈবাহিক সম্পর্কের বিষয়ে নিজেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট।
২ ঘণ্টা আগে
ইসরায়েল ও মরক্কো কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে একমত হয়েছে। এর অংশ হিসেবে দুই দেশই নিজেদের কূটনৈতিক মিশনকে দূতাবাসে উন্নীত করবে এবং উভয় দেশে রাষ্ট্রদূত নিয়োগ দেবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে