Ajker Patrika

সূর্যগ্রহণ দেখতে শেষ মুহূর্তে চশমা কিনতে হুড়োহুড়ি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১২ আগস্ট ২০২৬, ২৩: ১৭
সূর্যগ্রহণ দেখতে শেষ মুহূর্তে চশমা কিনতে হুড়োহুড়ি
সূর্যগ্রহণ দেখার চশমা কিনতে পেরে খুশি জেন। ছবি: বিবিসি

সূর্যগ্রহণ দেখতে যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে শেষ মুহূর্তে বিশেষ চশমা সংগ্রহ করতে ব্যাপক ব্যস্ততার খবর দিয়েছে বিবিসি। গ্রহণ দেখার নিরাপদ উপায় হিসেবে ব্যবহৃত বিশেষায়িত চশমার চাহিদা এতটাই বেড়েছে যে, অনেকেই দোকানে দোকানে ঘুরেও তা পাননি।

কার্ডিফের বাসিন্দা গিল শেষ পর্যন্ত ২০ পাউন্ড দিয়ে একটি গ্রহণের চশমা কিনতে সক্ষম হয়েছেন। দামটি তাঁর কাছে বেশ চড়া মনে হলেও গ্রহণ দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি।

গিল বলেন, ‘এত টাকা খরচ করতে হয়েছে, কিন্তু সুযোগটি আমি সত্যিই কাজে লাগাতে চেয়েছিলাম।’ ১৯৯৯ সালের পূর্ণ সূর্যগ্রহণও তিনি দেখেছিলেন। তবে এবারের অভিজ্ঞতার সঙ্গে সেই গ্রহণের তুলনা চলে না বলেও মন্তব্য করেন তিনি।

গিল বলেন, ১৯৯৯ সালে প্রায় সব সুপারমার্কেটেই গ্রহণ দেখার চশমা পাওয়া গিয়েছিল এবং সেগুলোর দামও ছিল অনেক কম।

আরেক ক্রেতা জেন জানান, এর আগে তিনি কার্ডিফের কোথাও চশমা খুঁজে পাননি। শেষ পর্যন্ত আজ সংগ্রহ করতে পেরেছেন।

এদিকে কার্ডিফের ক্যামেরা সেন্টার ইউকের মালিক নিক টার্নার জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে তিনি অনলাইনে বিক্রির জন্য বিপুল পরিমাণ গ্রহণের চশমা কিনেছিলেন। এখন পর্যন্ত প্রায় তিন হাজার জোড়া চশমা বিক্রি করেছেন তিনি।

টার্নার জানান, গতকাল মঙ্গলবার তাঁর কাছে ৩০০ জোড়া চশমা ছিল, যা এক ঘণ্টার কম সময়ে বিক্রি হয়ে যায়। আজ বুধবার সকালে আরও চশমা সংগ্রহ করতে তিনি প্রায় ছয় ঘণ্টা গাড়ি চালিয়ে অন্যত্র যান।

টার্নার আরও জানান, সাধারণ সময়ে এসব চশমার দাম প্রায় পাঁচ পাউন্ড হলেও এবার জ্বালানি, পরিবহন ও মালবাহী খরচের কারণে ২০ পাউন্ডে বিক্রি করছেন। তিনি বলেন, ‘সাধারণত এগুলোর দাম মাত্র পাঁচ পাউন্ড। কিন্তু আমার জন্য অতিরিক্ত খরচের বিষয়টি বিবেচনায় কিছুটা বেশি দাম নিতে হচ্ছে—সুযোগ পেলে তো সেটিকে কাজে লাগাতেই হয়।’

সূর্যগ্রহণ খালি চোখে দেখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই গ্রহণ পর্যবেক্ষণের সময় অনুমোদিত বিশেষ সোলার-ভিউয়িং চশমা ব্যবহার করার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ বুধবার মাঝরাতে হবে এই সূর্যগ্রহণ। তাই বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখার কোনো সুযোগ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত